উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার চোয়ানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাধন শিক্ষক নেই আট মাস ধরে। ছয়জন সহকারী শিক্ষকের মধ্যে আছেন মাত্র দুইজন। তাও একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়। প্রায় সময় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করান একজন শিক্ষক। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা।
শুধু চোয়ানখালী নয়, কক্সবাজার জেলার এই উপজেলায় আরও সাতটি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। পাঁচটি ইউনিয়নের ৭৬টি বিদ্যালয়ের মধ্যে ২০টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৩টি।
চোয়ানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সালামত উল্লাহ বলে, সামনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। কিন্তু এখন ঠিকমতো লেখাপড়া হচ্ছে না। কারণ, স্যার নেই।
জানা যায়, উপজেলার নিদানিয়া, মনখালী, চেপটখালী, উত্তর বড়বিল, ফারিরবিল, আঞ্জুমানপাড়া ও চাকবৈটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এক বছর ধরে প্রধান শিক্ষক নেই।
এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
মনখালী গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদ বলেন, সমুদ্র উপকূলের মানুষ সাগরে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে।
এ কারণে বেশির ভাগ মানুষ অশিক্ষিত। তার পরও এলাকার মানুষ ছেলেমেয়েদের মানুষ করার জন্য বিদ্যালয়ে পাঠাচ্ছেন। কিন্তু শিক্ষক না থাকায় সেখানে লেখাপড়া হচ্ছে না। অনেকে ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করে বিকল্প আয়ের শ্রম কাজে খাটাচ্ছেন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী জানান, তাঁর ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ খালি। নানা চেষ্টা করেও শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলে এলাকার শিশু শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দীন বলেন, প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হয়েছে। কিন্তু এখনো সাড়া মিলছে না। প্রধান শিক্ষকের পদে পদোন্নতি বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিচ্ছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, বিদ্যালয়ের শিক্ষকসংকট নিরসন করে শিশু শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি ।