উখিয়ায় সড়কে অবৈধ পার্কিং ফুটপাতে দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি বাসস্টেশনে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। উপজেলার কয়েকটি ব্যস্ত এলাকায় ট্রাফিক পুলিশও নেই। এসব কারণে কক্সবাজার টেকনাফ সড়কে যানজট লেগেই থাকে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।সরেজমিনে দেখা যায়, উখিয়ার মরিচ্যা বাজার, কোটবাজার, উখিয়া সদর, থাইংখালী ও পালংখালী বাসস্টেশনের সড়কের ওপর এলোমেলোভাবে গাড়ি পার্কিং করা হয়েছে। এসব এলাকায় রাস্তার উভয়পাশে গড়ে উঠেছে চা, পান ও ফলের দোকান। খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচটি বাসস্টেশনের উভয় পাশে পাঁচ শতাধিক অবৈধ ঝুপড়িঘর তৈরি হয়েছে। এতে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। ফলে প্রধান সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কোটবাজারে যানজট লেগেই থাকে। উখিয়া সদর বাসস্টেশনের সড়ক ও ফুটপাতের একটি অংশ সিএনজিচালিত ট্যাক্সি, মাইক্রোবাস ও রিকশার দখলে চলে গেছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ‘কোটবাজার কয়েকটি ইউনিয়নের সংযোগস্থল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। ফুটপাত ও সড়কের একাংশ অবৈধ দখলে চলে যাওয়ায় এখানে যানজট লেগেই আছে।’ যানজট কমাতে ও সড়ক দখলমুক্ত করতে এ এলাকায় একজন ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া প্রয়োজন বলে জানান আদিল উদ্দিন।৪ আগস্ট সকালে উখিয়া সদর ও কোটবাজার বাসস্টেশনে গিয়ে তীব্র যানজট চোখে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত যানজট লেগে ছিল। পরে উখিয়া পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ সময় কক্সবাজারগামী নাফ স্পেশাল সার্ভিসের যাত্রী টেকনাফের ব্যবসায়ী আবদুর শুক্কুর (৪৫) ও চাকরিজীবী জয়নাল আবেদীন (৩৮) বলেন, ‘উখিয়া ও কোটবাজারের যানজটের কারণে প্রায় সময় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না। যানজট হলে দেখার কেউ থাকে না।’উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ জানান, ‘যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ জরুরি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহ জালাল চৌধুরী বলেন, ‘সড়কে ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো জরুরি।’