উগলছড়ির মায়া কাটাতে পারেনি পরিযায়ী পাখিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত চলে গেলেও উগলছড়ি বিল ছেড়ে যায়নি পরিযায়ী পাখিরা। দেশি ও অতিথি পাখির কলরবে এখনো মুখর এই জলাশয়। পর্যাপ্ত খাবার ও নিরাপত্তা থাকায় পাখিরা নির্বিঘ্নে বিচরণ করছে। নানা জাতের পাখির ভিড়ে এই জলাশয়ের আশ্রয় খুঁজে নিয়েছে একঝাঁক শামুকখোল পাখি। ছবিটি ১ মার্চ তোলা l প্রথম আলো
শীত চলে গেলেও উগলছড়ি বিল ছেড়ে যায়নি পরিযায়ী পাখিরা। দেশি ও অতিথি পাখির কলরবে এখনো মুখর এই জলাশয়। পর্যাপ্ত খাবার ও নিরাপত্তা থাকায় পাখিরা নির্বিঘ্নে বিচরণ করছে। নানা জাতের পাখির ভিড়ে এই জলাশয়ের আশ্রয় খুঁজে নিয়েছে একঝাঁক শামুকখোল পাখি। ছবিটি ১ মার্চ তোলা l প্রথম আলো

শীত শেষ হয়ে এখন ভরা বসন্ত। বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। এই সময় শীত মৌসুমে ভিন্ন এলাকায় আসা পরিযায়ী পাখি ফিরে যেতে শুরু করলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি বিলের চিত্র ব্যতিক্রম। এই বিলে এখানো পরিযায়ী পাখির মেলা। বিলের জেগে ওঠা চরে এখন দেখা মিলছে প্রচুর পরিযায়ী পাখির।
১ মার্চ বিলের একটি জেগে ওঠা চরে পা রাখতেই ১০টির মতো চখাচখি পাখির দেখা মিলল। তাদের পাশে খাবার খঁুজছিল এক দল রাজমণি হাঁস। কিছু দূর গিয়ে দেখা গেল লালডেঙা পাখি। এ ছাড়া ঝাঁকে ঝাঁকে শামুকখোল, গাঙচিল, গাঙ কবুতর, বিভিন্ন প্রজাতির টিটি ও চ্যাগা তো আছেই। এদের ওড়াউড়িতে মুখর হয়ে রয়েছে উগলছড়ি বিল। বিলে নানা প্রজাতির বক ও পানকৌড়িসহ হরেক রকম দেশীয় পাখিও দেখা গেছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি কমে যাওয়া শুরু হলে বিলের বিভিন্ন স্থানে গাছের ডালপালা ফেলে রাখা হয়। সেই ডালপালায় বিভিন্ন প্রজাতির মাছ আশ্রয় নেয়। এরপর ওই সব ফেলে রাখা ডালপালা ঘিরে বাঁধ দিয়ে সেচপাম্প বসিয়ে মাছ ধরা হয়। সে সময় দেশি-বিদেশি পাখিরা প্রচুর খাদ্য পায়। জেলেদের ফেলে রাখা ছোট মাছ, শামুক ও অন্যান্য কীটপতঙ্গ খায় এসব পাখি। এলাকার লোকজন বিরক্ত করে না বলে এবং পর্যাপ্ত খাবার থাকায় পরিযায়ী পাখিরা শীত শেষেও যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উগলছড়ি বিলের জেলে মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই সপ্তাহ ধরে বিলে মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরার পর ফেলে রাখা মাছ ও শামুক খেতে অসংখ্য পাখি আসছে। আমরা তাদের বিরক্ত করি না। ছোট মাছগুলো পাখিদের জন্য রাখা হয়। সন্ধ্যা হলে কিছু পাখি বিলের পাশে গাছ ও জেগে ওঠা চরে ঘুমায় বলে তিনি জানান।’
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছর ধরে উগলছড়ি বিলে পরিযায়ী পাখিরা শীত শেষেও থাকছে। সে জন্য আমরা তাদের রক্ষার্থে নানা উদ্যোগ নিয়েছি। কিছুদিন আগে বিলে আমাদের সংস্থার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। ভবিষ্যতে পাখিদের প্রজনন সুবিধার্থে বিলের পাশে গাছের ডালে মাটির কলসি বেঁধে দেব। প্রতিবছর ঝড়ে ও বাতাসে অনেক পাখির ছানা মারা যায়।’
পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার বলেন, পরিযায়ী পাখিরা সাধারণত শীতের শুরুতে এ দেশে আসতে শুরু করে। আবার শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত খাবার থাকায় এখনো উগলছড়ি বিলে পরিযায়ী পাখি রয়েছে বলে তিনি জানান।