উগ্র ধার্মিকদের নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি সেনাবাহিনীর এলিট ইউনিট মাগলানের সাবেক অফিসার নাফতালি বেনেট ছিলেন তাঁর ইউনিটের এক ব্যতিক্রমধর্মী চরিত্র। নাফতালির অধীনের ৮০ জন তরুণ সেনার সবাই ছিলেন ধর্মনিরপেক্ষ। তাঁদের অনেকেই এমন সব কিবুতজ (কৃষিভিত্তিক গুচ্ছগ্রাম) থেকে আসা, যেগুলোর বাসিন্দারা মূলত বামঘেঁষা লেবার পার্টির সমর্থক। সেখানে অফিসার নাফতালি ছিলেন ধার্মিক ইহুদি। নিষ্ঠার সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন তিনি। তাঁর মতো গোল টুপি পরা, শনিবারে বেড়াতে না যাওয়া বা চিজবার্গার না খাওয়ার নিয়ম (ধর্মে দুধ ও মাংসের মিশ্রণ নিষিদ্ধ বলে) মেনে চলা কমব্যাট অফিসার ইসরায়েলি সেনাবাহিনীতে ছিলেন হাতেগোনা। অবসর নেওয়ার পর এখন বেসামরিক জীবন যাপন করছেন নাফতালি। সম্প্রতি তিনি তাঁর পুরোনো সেই ইউনিটে নিয়োগ পাওয়া নতুন সেনাদের সঙ্গে সাক্ষাতের একটি সুযোগ পান। সেখানে দুটি বিষয় চমকিত করে নাফতালিকে। এক. তরুণ সেনাদের মধ্যে ধার্মিকদের সংখ্যা। আর তাঁদের বাহিনীতে ঠাঁই করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের বিশেষ তৎপরতা। নাফতালি বলেন, ‘আমার সময়ে কেউ এ নিয়ে মাথা ঘামাত না।’ইসরায়েলি সেনাবাহিনীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে পরিবর্তনের এক ঝোড়ো হাওয়া। গভীরভাবে ধর্মবিশ্বাসী সেনা কর্মকর্তাদের নেতৃস্থানীয় দায়িত্ব দেওয়া হচ্ছে। সাধারণভাবে ইসরায়েলি জনগণের মধ্যে ধার্মিক মানুষের যে অনুপাত, সেনাবাহিনীতে ধার্মিক সদস্যের হার এখন তার চেয়ে অনেক বেশি। আর ধার্মিক ইসরায়েলিরা সাধারণত অধিকাংশ নাগরিকের চেয়ে বেশি উগ্রপন্থী হয়ে থাকেন বলে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের সঙ্গে ভবিষ্যতের শান্তিচুক্তি বাস্তবায়নে ইসরায়েল এই সেনাবাহিনীর ওপর কতটা নির্ভর করতে পারবে।সত্যিই একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে হলে ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীর থেকে অন্তত কিছু ইহুদি বসতি প্রত্যাহার করতে হবে। আর সে কাজ বাস্তবায়নের দায়িত্ব সেনাবাহিনীরই ওপর। কিন্তু ইসরায়েলি বাহিনীতে উগ্র ধার্মিকদের কারণে তা সম্ভব হবে কি না এ বিষয়ে আশঙ্কার অবকাশ রয়েছে বলে অভিমত কিছু বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তার।বামপন্থী বলে পরিচিত একটি সংগঠনের নেতা রিজার্ভ লেফটেন্যান্ট মিখায়েল মানেকিন বলেন, যদি সেনারা বসতি প্রত্যাহারের কাজে অংশ নিতে না চান, সেটি একটি বিষয়। কিন্তু সেনা কমান্ডাররা ওই কাজে অংশ নিতে অস্বীকৃতি জানালে সেটি হবে অনেক বেশি আশঙ্কার। মিখায়েল মানেকিন জানান, বাহিনীতে চার বছরের সক্রিয় দায়িত্বকালে তাঁর সব কমান্ডিং অফিসারই ছিলেন ইহুদি বসতির বাসিন্দা।আপাতদৃষ্টিতে হুমকিটিকে সুদূর সম্ভাবনার বিষয় মনে হলেও প্রকৃত অবস্থা তা নয়। ইতিমধ্যেই ইহুদি বসতি উচ্ছেদে অংশ নেওয়ার ব্যাপারে অনিচ্ছার মনোভাব দেখিয়েছে সেনারা। ২০০৫ সালে ইসরায়েলি সরকার পশ্চিম তীরের হোমেস বসতিটি উচ্ছেদ করেছিল। প্রতিবাদে উচ্ছেদ হওয়া বাসিন্দারা বারবার সেখানে অবৈধভাবে অস্থায়ী ঘরবাড়ি তোলার চেষ্টা করেন। সরকারও বারবার সেনা পাঠিয়ে তা ভেঙে দেয়। এভাবেই চলতে থাকে। আজ থেকে এক বছর আগে জেরুজালেমে শিমশন ব্যাটালিয়নের নবনিযুক্তদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েকজন সেনা ‘শিমশন ব্যাটালিয়ন হোমেস বসতি উচ্ছেদে অংশ নেবে না’ লেখা ব্যানার উঁচিয়ে ধরে। পরে অবশ্য সেই সেনাদের সামরিক আদালতে বিচার করে বরখাস্ত করা হয়। কিন্তু এর কয়েক সপ্তাহের মধ্যে দুটি প্রশিক্ষণ ঘাঁটিতে অনুরূপ ঘটনা ঘটে। সম্প্রতি প্রতিরক্ষাবিষয়ক সাময়িকী মারাচত-এর এক প্রতিবেদনে দেখা যায়, পদাতিক বাহিনীর অফিসার্স কোর্স উত্তীর্ণদের শতকরা ৩০ ভাগই নিজেদের ‘জায়নবাদী ধার্মিক ইহুদি’ ভাবেন। অথচ মাত্র ২০ বছর আগেও সেনাবাহিনীতে এমন অফিসারের সংখ্যা ছিল শতকরা আড়াই ভাগ। সার্বিকভাবে ইসরায়েলি জনগণের শতকরা ১২ ভাগের মতো নিজেদের ‘জায়নবাদী ধার্মিক ইহুদি’ বলে মনে করেন। ওই সব উঠতি অফিসারদের অনেকেই এবং কিছু আরও ঊর্ধ্বতন কর্মকর্তা পশ্চিম তীরের ইহুদি বসতির বাসিন্দা। সমাজবিজ্ঞানী ইয়াগিল লেভি বলেন, সেনারা দলে দলে আদেশ শুনতে অস্বীকার করে বসতে পারে, কেবল এই ভয়েই অধিকৃত এলাকা থেকে বসতি উচ্ছেদের নির্দেশ দিতে ইসরায়েলি সরকারকে দুবার ভাবতে হয়। অনেকে এ জন্য ভবিষ্যতে উচ্ছেদ অভিযানে সেনাবাহিনীর পরিবর্তে পুলিশ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। সম্ভবত এ কারণেই ২০০৩ সালে মার্কিন মধ্যস্থতায় প্রতিষ্ঠিত এক চুক্তিতে প্রতিশ্রুতি দিলেও ইসরায়েল এখনো বেশির ভাগ অবৈধ বসতি ভাঙতে পারেনি।