উচ্চতর প্রশিক্ষণে চুয়েট শিক্ষার্থীরা
প্রকৌশলীদের শিক্ষাজীবন শেষ করে ঢুকতে হয় কর্মজীবনে। এর আগে প্রকৌশলবিষয়ক বিভিন্ন প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার ও প্রয়োগের ওপর প্রশিক্ষণের কোনো সুযোগ না থাকায় প্রায়ই সমস্যায় পড়তে হয় তাঁদের। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)। নরসিংদীর এ প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে নিয়োগ পাওয়া প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রকৌশলীদের কাজের বিভিন্ন ক্ষেত্রে একটি উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে টিআইসিআই। চুয়েটে তড়িৎকৌশল ও ইলেকট্রনিক বিভাগের শিক্ষার্থীরা প্রতিবছর দুই-তিন সপ্তাহের জন্য এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়। গত জুনে চুয়েটের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ নেন।এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাওয়ার প্লান্ট, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, যান্ত্রিক কম্পন, কারখানার উৎপাদন প্রক্রিয়া ও নিয়ন্ত্রণব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার পাওয়ার প্লান্টে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, বণ্টনব্যবস্থা এবং বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। তা ছাড়া বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার ওপর পরিবেশের প্রভাব নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রকৌশলীদলের সদস্য তরুণ কান্তি সরকার এ প্রশিক্ষণ দেন। শিক্ষার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি নিজেদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে মেতে ওঠেন। বার-বি-কিউ পার্টি, ফুটবল টুর্নামেন্ট আর নৌভ্রমণে শিক্ষার্থীরা মেতে থাকেন। এবারের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে জলবায়ু পরিবর্তনে কারখানার ভূমিকা তুলে ধরতে শিক্ষার্থীরা ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে জোর দিতে হবে বনায়নে’ স্লোগানে শোভাযাত্রার আয়োজন করে। এরপর ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সর্বশেষ দক্ষ প্রকৌশলী গঠনে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইসিআইর পরিচালক খন্দকার ফারুক উদ্দিন আহমদ। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী সামিনা আলম প্রথম আলোকে বলেন, ‘এ প্রশিক্ষণ নেওয়ার ফলে আমরা শিল্পকারখানায় ব্যবহূত অনেক নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছি, যা আমাদের কর্মজীবনে অনেক সহায়তা করবে বলে মনে করি।’