
রম্যলেখকদের দিনকাল ভালো যাচ্ছে না। তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন মন্ত্রী-এমপি-মেয়ররা। মানুষকে হাসানোর কাজটা তারা নৈতিক দায়িত্ব হিসেবে পালন করছেন আজকাল। তাই রম্যলেখকেরা অলস ঘুমায়। তা ছাড়া মন্ত্রী-এমপিদের ‘ফান’ লেভেলও অনেক উঁচু। অত উঁচুতে ওঠার ক্ষমতা আমাদের মানে তথাকথিত রম্যলেখকদের নেই। তাই রম্য বাদ দিয়ে ভ্রমণকাহিনি লেখার চেষ্টা করছি। তবে এ লাইনেও বেশি দূর এগোনো যাবে কি না সন্দেহ! মন্ত্রী-এমপিরা তো আমাদের চেয়ে অনেক বেশি ভ্রমণপ্রিয়!
যা হোক, আমরা ভেবেছিলাম ঈদের ছুটিতে নেপালে যাব। কিন্তু দুটো কারণে নেপালে যাওয়া হলো না। প্রথমত আমাদের পাসপোর্ট নেই, দ্বিতীয়ত নেই টাকা। তা ছাড়া ভালো করে ভেবে দেখলাম, নেপালে দেখার মতো তেমন কিছু নেই। উঁচু পাহাড় আছে অবশ্য, সে তো আমাদের খাগড়াছড়িতেও আছে। নেপালে বেশ ঠান্ডা। আমরা আবিষ্কার করলাম, ঠান্ডার দেশে যাওয়ার কোনো মানে হয় না। আমাদের সাইনাসের সমস্যা, টনসিল। তাই ভাবলাম, নেপালের চেয়ে খাগড়াছড়ি যাওয়াই বুদ্ধিমানের কাজ।
যাত্রা হলো শুরু
আমরা ছিলাম চারজন। পাভেল, রবিন, মঞ্জু আর আমি। নিজেদের মধ্যে কোনো মিল না থাকার পরও আমরা দীর্ঘদিনের বন্ধু। ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা। রাত এগারোটার বাসে উঠে ভোর ছয়টায় খাগড়াছড়ি পৌঁছে গেলাম আমরা। কিন্তু বাস থেকে নেমে বাঁয়ে তাকাতেই দেখি ‘হোটেল ফেনী’। হায় হায়! ভুলে কি ফেনীতে চলে এলাম? আশপাশে তাকিয়ে নিশ্চিত হলাম—ঠিক জায়গাতেই নেমেছি। এটাই খাগড়াছড়ি।
সুড়ঙ্গ
নাশতা খেয়েই বেরিয়ে পড়লাম আমরা। গন্তব্য আলুটিলার সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে ঢুকতে টিকিট লাগে। অন্ধকার সুড়ঙ্গ। টিকিটের সঙ্গে কেরোসিনের মশালও কিনতে হলো। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। পাহাড়ি পথে কিছুক্ষণ হাঁটার পর আমরা সুড়ঙ্গমুখে পৌঁছলাম। মশাল জ্বেলে ভেতরে ঢুকে পড়লাম অন্ধকার সুড়ঙ্গে। কিন্তু একটু পরই নিভে গেল মশাল। নড়াচড়ায় মশালের তেলই ফেলে দিয়েছি আমরা। শেষে মুঠোফোনের আলো দিয়েই চলল সুড়ঙ্গ অভিযান।
পাহাড়ের নিচ দিয়ে অন্য পাশে যাওয়ার রাস্তা। অনেকটা কারওয়ান বাজারের আন্ডারপাসের মতো। পার্থক্য হলো আন্ডারপাসে ঢুকতে টিকিট লাগে না। ভাবলাম, মানুষ কত অদ্ভুত। টিকিট কেটে অন্ধকার সুড়ঙ্গে ঢোকে, অথচ রাস্তা পার হওয়ার সময় আন্ডারপাসে ঢুকতে চায় না। আমার ভাবনা কাউকে স্পর্শ করল না। মঞ্জু বলল, ‘দেখ, কী ঠান্ডা পানি!’
‘বৃষ্টি হলে অনেক সময় কারওয়ান বাজারের আন্ডারপাসেও কাদা পানি থাকে।’ বললাম আমি। মঞ্জু বিরক্ত হয়ে সুড়ঙ্গ দেখায় মনোযোগ দিল।
দীঘিনালায় ঝরনা
পরদিন আমরা গেলাম দীঘিনালায়। এখানকার গভীর জঙ্গলে ‘সিজক’ নামের বেশ বড় একটা ঝরনা আছে। যেতে হয় মোটরসাইকেলে। দুটো মোটরসাইকেল ভাড়া করলাম আমরা। পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে ছুটছে মোটরসাইকেল। আমাদের মনে কত আনন্দ। কবিতা মনে পড়ে গেল ‘ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!/ তরলিত চন্দ্রিকা চন্দন-বর্ণা…।’ বাইকচালক বললেন, ‘যে ঝরনাটায় যাচ্ছেন, ওটা অনেক বড়।’ আমি আর রবিন খুব খুশি। আমরা তো বড় ঝরনাই চাই। বাইকচালক আবার বললেন, ‘এই ঝরনার পানিতে ডুবে অনেক লোক মারা গেছে।’
‘তাই নাকি?’ আমাদের চওড়া হাসিটা একটু সংকুচিত হয়ে গেল। ‘হ্যাঁ, কদিন আগেই তো একই পরিবারের দুজন মারা গেছেন ওখানে।’ কঠিন একটা বাঁক নিয়ে বললেন বাইকচালক। তার কথাতেই হোক, আর বাঁকের কারণেই হোক, আমার মাথার ক্যাপ উড়ে চলে গেল বহুদূর। বেচারা ক্যাপ বোধ হয় ওই ঝরনায় যেতে চাইছে না। কিন্তু কিছু করার নেই। পেছনের বাইকে থাকা মঞ্জু সেটা উদ্ধার করে নিজের মাথায় বসিয়ে দিল। মাঝে মাঝে পেছনে থাকাই সুবিধাজনক।
দীর্ঘ বাইক ভ্রমণ শেষে নন্দরামে পৌঁছলাম আমরা। রাস্তার পাশের দোকানে পটেটো ক্র্যাকার্স নেই দেখে নিশ্চিত হলাম, এটা বেশ দুর্গম এলাকা। চারপাশে উঁচু পাহাড়, নিচে নদী। ঝরনা কই? বাইকচালক বললেন, ‘এখান থেকে খাড়া পাহাড়ে উঠবেন। আড়াই ঘণ্টার মতো হাঁটলেই ঝরনা।’ দুর্গম জঙ্গল। জনবসতি নেই বললেই চলে। বাইকচালকই গাইডের ব্যবস্থা করে দিলেন। চার তরুণ হাসিমুখে আমাদের ঝরনা দেখাতে রাজি হলেন। চারজনের হাতেই বড় দা। রোদে ঝিকমিক করছে দাগুলো। দা দেখে আমি ফিরে যাওয়ার কথা ভাবছি। কিন্তু অন্যরা দেখলাম, পাহাড়ি জঙ্গলে নেমে গেল।
জঙ্গলে জোক জোঁক
যতই এগোচ্ছি, পাহাড় আরও খাড়া হচ্ছে। পথ যেন শেষই হয় না। আমাদের চার গাইড কেন দা হাতে নিয়েছেন তা বুঝলাম। লতাপাতার জঙ্গল কেটে রাস্তা পরিষ্কার করছিলেন তাঁরা। পাভেল বলল, ‘ঝরনা দেখতে এত কষ্ট করতে হবে, এটা আগে বললে গাবতলী থেকে বাড়ি ফিরে যেতাম। এমনিতেই আমার লো প্রেশার।’ পাভেলকে আশ্বস্ত করলাম, ‘আমরা উঁচুতে উঠছি তো, আশা করি তোমার প্রেশারও হাই হবে।’ পাভেল আমার কথায় পাত্তা দিল না। আজকাল কেউই আমার কথায় পাত্তা দেয় না।
দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা এলাম ঝিরিপথের সামনে। এখন কোমরসমান পানিতে নেমে হাঁটতে হবে। এমন সময় পাভেল আবিষ্কার করল, তার পায়ে বসে একটা জোঁক মজা করে রক্ত খাচ্ছে। জোঁকের কথা শুনে এক গাইড ‘কোথায় জোঁক?’ বলে দা হাতে ছুটে এল। ‘না না, জোঁক কোনো সমস্যাই না’ বলল রবিন। পাভেলের পা থেকে জোঁকটাকে টেনে সরাল সে। হতাশ হয়ে জোঁকটার দিকে তাকিয়ে থাকল পাভেল। তার ধারণা, জোঁক রক্ত খেয়ে প্রেশারটা আরও লো করে ফেলেছে।
অবশেষে...
আমরা ঝিরির ঠান্ডা পানিতে হাঁটতে লাগলাম। স্বচ্ছ পানিতে মাছ ছোটাছুটি করছে। কয়েকবার মাছ ধরার চেষ্টা করে ব্যর্থ হলাম। অনেকক্ষণ হাঁটার পর ঝরনার শব্দ ভেসে এল। দূর থেকেই চোখে পড়ল বিশাল ঝরনাটা। হাঁটার গতি বেড়ে গেল আমাদের। দ্রুত ঝরনার নিচে চলে গেলাম গোসল করতে। উত্তেজনায় পিচ্ছিল পাথরে পা পিছলে পড়লাম আমি। এতে অবশ্য পাথরের কোনো ক্ষতি হয়নি। ঝরনার নিচে বসে ভাবতে লাগলাম, ওপর থেকে পানি গড়িয়ে পড়ছে, অথচ ঢাকায় পানির সংকট! কী অপচয়!
ঝরনার কাছে সারা দিনই থাকতে ইচ্ছে করবে। তাই রবিন আমাদের জোর করে টেনে নিয়ে এল। এমনিতেই দেরি হয়ে গেছে। সন্ধ্যার আগে ফিরতে হবে। আমরা আবার হাঁটা শুরু করলাম। সেই ঝিরিপথে। তবে চার সদস্যবিশিষ্ট গাইডরা বললেন, এবার তাঁরা শর্টকাটে নিয়ে যাবেন আমাদের। ‘ছোট্ট’ একটা পাহাড় পেরোতে হবে শুধু।
সেই পাহাড়ের সামনে এসে দেখি, সে এক হিমালয়! চূড়াও দেখা যায় না ঠিকমতো। দুই পাশে জুমখেত। লাঠিতে ভর দিয়ে উঠতে শুরু করলাম। দুই ধাপ এগোলে তিন ধাপ নেমে আসি। পুরো বাংলাদেশ ক্রিকেট দলের মতো অবস্থা। কোনোমতে সেই পাহাড়ের চূড়ায় ওঠার পর নিজেকে যখন মুসা ইব্রাহীম ভাবতে যাব, তখন দেখি চূড়ায় একটা লাল কুকুর বসে লেজ নাড়ছে। তার ঠিক পাশেই কাঠের বোঝা নিয়ে বসে আছেন এক বৃদ্ধা। এই পাহাড়ে তিনি রোজ তিন–চারবার ওঠানামা করেন।
আমাদের মনটাই খারাপ হয়ে গেল। নিচে নামা শুরু করলাম। যেতে হবে সেই নন্দরামে, যেখানে অপেক্ষা করছে বাইক। একই সঙ্গে আবিষ্কার করলাম, ওপরে ওঠা যত কঠিন, নিচে নামা ততই সহজ। মন্ত্রী-এমপিরা সহজ কাজটা করবেন, এটাই তো স্বাভাবিক।