উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসেখানে ঢুকে ব্যাগ রেখেই মাথাব্যথার একটা সুরাহা করার উপায় খুঁজতে লাগলাম। প্রথমে শেরপা পদ্ধতি—বেশি করে পানি বা চা পান। কিন্তু যখন মাথাব্যথা একেবারে অসহ্য হয়ে উঠল সেই দুপুরবেলা, তখন নিজস্ব পদ্ধতিতেই মাথাব্যথা সারানোর চেষ্টা চলল। প্রথমে পানিতে মাথা ধুয়ে ফেললাম। মাথা ধোব—এ কথা শোনার পর সোম বাহাদুর গরম পানি নিয়ে এলেন একটা গামলায় করে, যাতে প্রচণ্ড ঠান্ডা পানিতে আবার কোনো সমস্যায় না পড়ি। সেই ফুটন্ত গরম পানিতে ঠান্ডা পানি মিশিয়ে তারপর মাথা ধোয়া হলো। কিছুটা যেন আরাম পেলাম।এ বেলা দুপুরের খাবার খেয়ে সেই হু হু করে বয়ে যাওয়া বাতাসের মধ্যেই তিংরিতে চীনা সেনাবাহিনী নির্মিত চোমোলুংমা নেচার রিজার্ভ মনুমেন্ট দেখতে গেলাম। উদ্দেশ্য তিংরির সঙ্গে শরীরকে অ্যাক্লেম্যাটাইজ করা। মূল সড়ক ধরে যখন যাচ্ছি, প্রচুর ইয়াক আর কুকুরের পাল চোখে পড়ল, ইতিউতি ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। কিন্তু খাবার এখানে বড়ই কঠিন এক বস্তু। সহজে মেলা ভার। তাই অনেক কুকুরছানাকে দেখলাম রাস্তার পাশের ড্রেনে মরে পড়ে আছে। কেউ কেউ বলছিলেন, কুকুরছানাদের মা যেহেতু এগুলোকে তেমন দেখভাল করে না, তাই অনেক ছানাই ঠান্ডায় মারা গেছে।সোম বাহাদুর জানালেন, চোমালুংমা নেচার রিজার্ভ মনুমেন্ট যে জায়গাটিতে গড়ে তোলা হয়েছে, এখানে ছিল এ এলাকার সবচেয়ে বড় বুদ্ধমন্দির। চীনা সেনাবাহিনী সেই মন্দির প্রায় ৫০ বছর আগে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। অভিযোগ ছিল তাঁরা চীনা বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকদের আশ্রয় দিয়েছিলেন।চোমোলুংমা নেচার রিজার্ভ মনুমেন্ট থেকে চীনা সীমান্ত থেকে লাসা পর্যন্ত সড়ককে একটা সরু সরলরেখা বলে মনে হয়। এ সড়ক ধরে তিব্বতীয় লোকজন মোটরসাইকেলে তীব্র জোরে বাজতে থাকা মাইক লাগিয়ে তাতে অদ্ভুত সুরের গান বাজাতে বাজাতে চলেন তাঁদের গন্তব্যে। তাঁদের অস্বাভাবিক কর্মকাণ্ড সহজেই ভিনদেশিদের নজর কাড়ে। এই তিংরি বিস্তীর্ণভূমির আরেক পাশে অনেক পুরোনো বাড়িঘর। একটা বড় স্কুলও রয়েছে এখানে। এ ছাড়া সব ধরনের নাগরিক সুবিধা এখানে পাওয়া যায়। যদিও শহুরে অনেক বিষয় এখানে অনুপস্থিত, কিন্তু প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় বেশ গোছানো শহর বলেই মনে হলো তিংরিকে।তিংরি শহরে ফিরেই খোঁজ করছিলাম কোনো জায়গা থেকে বাংলাদেশে ফোন করা যায় কি না। কেউ কোনো হদিস দিতে পারল না। একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই পাশের দোকানে যেতে বলে। ভাষাগত সমস্যার কারণে সবার মধ্যে এড়িয়ে যাওয়ার প্রবণতা। সব শেষে একটা ফোনের দোকান খুঁজে পেলেও সেটা সন্ধ্যা পর্যন্ত বন্ধই দেখলাম। আর কথা বলা হলো না রিমির সঙ্গে। এ সময়ে বাতাসে ফের মাথাব্যথা শুরু হলো। কিন্তু সোম বাহাদুর, লাকপা, লাল বাহাদুর আর কৈলাসকে বেশ স্বচ্ছন্দেই ঘুরে বেড়াতে দেখলাম। তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। সোম বাহাদুর এবার ‘নুন-চা’ খাওয়ার পরামর্শ দিলেন। তাঁর পরামর্শ মেনে হোটেল থেকে বের হয়ে পাশের একটা টি-শপে গেলাম ‘নুন-চা’ খেতে। এই নুন-চায়ের রেসিপি হলো—চা, গরম পানি, ইয়াক বাটার, চিনি আর লবণ। গরম পানি একটা ইস্পাতের চোঙের ভেতর ঢেলে তার মধ্যে চা, ইয়াক বাটার, চিনি আর লবণ দেওয়া হয়। এরপর বাংলাদেশের ‘তারা পাম্প’-এর মতো একটা হাতল দিয়ে সেই চা ইস্পাতের চোঙের ভেতর পাম্প করা হয়। এভাবে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় নুন-চা।সোম বাহাদুরের মতে, এই তিব্বতীয় রেসিপির চা খেলে উচ্চতাজনিত মাথাব্যথা তো সারেই, সেই সঙ্গে ছোটখাটো আরও কিছু শারীরিক সমস্যায় এটা নাকি বেশ কাজে দেয়। এ জন্যই হয়তো নেপালের অনেক পার্বত্য ট্রেইলে বহু বুদ্ধধর্মীয় লোকজনকে এই চা খেতে দেখেছি।চা খেতে খেতে গল্প চলছে তিব্বতীয় ভাষায়। আমি তার মুগ্ধ(!) শ্রোতা। এ সময় মন চলে যায় রিমি আর রাইদের কাছে। আব্বা-আম্মা আর বোনের কাছে। তারা কী করছে, কী ভাবছে এ সময়ে? সেখান থেকে চিন্তা ফের ডানা মেলে চলে যায় তিব্বত এভারেস্ট বেস ক্যাম্পে। সেখানে পৌঁছানো হয়তো আর মাত্র কয়েক ঘণ্টার ব্যাপার। তাহলেই মূল দলের সঙ্গে যোগ দিতে পারব। নামেই মূল দল, যার যার শেরপা নিয়ে যে যার মতো আরোহণ করবে এভারেস্ট। কিন্তু আয়োজনের সুবিধার জন্য প্রতিটি প্রতিষ্ঠান এভারেস্ট অভিযানের অনুমতি নেওয়ার জন্য আন্তর্জাতিক দলের জন্য ন্যূনতম সাতজনকে একটা দলভুক্ত করে।চা খেতে খেতে সামান্য আরাম বোধ হলো। কিন্তু মাথাব্যথা পুরোপুরি গেল না। এ অবস্থাতেই হোটেলে ফিরে ডাইনিং হলে গিয়ে বসলাম রাতের খাবারের অপেক্ষায়। উদ্দেশ্য রাতের খাবার খেয়ে একেবারে চলে যাব হোটেলের কক্ষে, রাত কাটাতে।এখানেও খাবারদাবারের সময় ‘ইনজি’দের দিকে হোটেলের লোকজনের বিশেষ নজর। নায়ালাম এবং তিংরি—দুই জায়গাতেই খাবারদাবার দেওয়া হয় বিশেষ কায়দায়। স্যুপ খাওয়ার বাটিতে করে সবাইকে ভাত খেতে দেখলাম (আমাকেও ভাত খেতে হয়েছে এই বাটিতে)। আর বাঁশের তৈরি বিশেষ এক ধরনের (বালতির মতো দেখতে) বাটিতে করে ভাত দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো—সিরামিকসের থালায় করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের তরকারি—ডিম দিয়ে টমেটো, তিংরিতে চাষ করা মাশরুম, ক্যাপসিকাম দিয়ে সবজি, ইয়াকের গোশত ইত্যাদি। এলাহি খাবারদাবার। রাতে ঘুমোতে দেরি হলো। পর্বতে সাধারণত আট-নয়টার মধ্যেই ঘুমিয়ে পড়লেও এদিন ১১টা বেজে গেল। তার ওপর গভীর রাতে মাথাব্যথায় ঘুম ভেঙে গেল। উপায়ান্তর না দেখে ঠান্ডা পানিতেই অর্ধেকটা ব্যথার ট্যাবলেট খেলাম অসহ্য ব্যথা থেকে রেহাই পেতে। এরপর বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করতে করতেই ঘুম।[email protected][বাকি অংশ আগামী পর্বে]