উচ্চশিক্ষার নতুন ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০/এ এম এম আলী রোড, বন্দরনগর চট্টগ্রাম। এখানে গড়ে উঠেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। ২০০৮ সালে যাত্রা শুরু আন্তর্জাতিক মানসম্মত এ বিশ্ববিদ্যালয়টির। আজকের ও ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণকারী নারীদের শিক্ষিত করার প্রয়াসে ১২৯ জন দেশি-বিদেশি ছাত্রী নিয়ে শুরু হয় এর কার্যক্রম।২০০০ সালে উচ্চশিক্ষা ও সমাজবিষয়ক বিশ্বব্যাংক বা ইউনেসকোর টাস্কফোর্সের মধ্য দিয়ে এইউডব্লিউ নির্মাণের চিন্তার সূত্রপাত হয়। এইউডব্লিউর প্রতিষ্ঠাতা কামাল আহমেদের তত্ত্বাবধানে টাস্কফোর্স উন্নয়নশীল বিশ্বে উচ্চশিক্ষার অবস্থা পর্যবেক্ষণ করে যে এ অঞ্চলে নারীদের সঠিক উচ্চশিক্ষার মধ্যেই বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। টাস্কফোর্সের রিপোর্টের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রকল্পের ভাবনা শুরু হয়ে যায়। বেশকিছু নিরীক্ষামূলক ধাপ চলতে চলতে গুরুত্বপূর্ণ তহবিল গড়ে উঠতে থাকে। ২০০৬ সালে এইউডব্লিউর চার্টার তৈরি হয়ে যায়। এগিয়ে আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও। বাংলাদেশ সরকার চট্টগ্রাম শহরে প্রায় ১৩০ একর জমি বরাদ্দ দেয়। একই সঙ্গে সহায়ক দল ও পার্টনার প্রতিষ্ঠান হিসেবে আরও কিছু প্রতিষ্ঠান এইউডব্লিউর বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে।বর্তমানে এশিয়ার ১২টি দেশের ৪১১ জন শিক্ষার্থী পড়ছেন বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি, ১৮৪ জন শিক্ষার্থী রয়েছেন। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন। প্রতিবছর মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০০ জন ছাত্রীকে ভর্তির সুযোগ দেওয়া হয়, যেখানে ন্যূনতম ২৫ জন ছাত্রীকে নেওয়া হয় বাংলাদেশ থেকে। এশিয়ার যেকোনো দেশের মেয়েদের এখানে আবেদনের সুযোগ আছে।দেশীয় সনাতনী শিক্ষাব্যবস্থায় নয়, এইউডব্লিউর শিক্ষার্থীরা শিক্ষা নেন লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স-পদ্ধতিতে।এইউডব্লিউর ফ্যাকাল্টি শাহিরাহ মজুমদার বলছিলেন, লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থীদের নিরীক্ষামূলক চিন্তাচেতনা, সমস্যার সমাধান, দায়িত্বশীল নেতৃত্বপরায়ণ গুণাবলির উন্নয়ন, দক্ষতার বিকাশ এবং মেধা ও মননের উত্তরণ ঘটায়। শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে শিক্ষার কারণ ও উদ্দেশ্য বুঝতে শেখেন। এ পদ্ধতিতে শিক্ষার বাস্তবসম্মত প্রয়োগের পদ্ধতি অনুসন্ধান করতে পারেন এবং তাঁদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ দেখা যায়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কম হয় এবং তাঁরা শিক্ষকের সঙ্গে মতবিনিময় করেন। এইউডব্লিউর ১৩ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক পাঠদান করে থাকেন। ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সম্ভাবনাময় মেধাবী ছাত্রীদের সুযোগ দেওয়া হয়। আন্ডারগ্রেডের আগে রয়েছে অ্যাকসেস একাডেমি। এখানে পিছিয়ে পড়া ছাত্রীদের আন্ডারগ্রেডের জন্য তৈরি করা হয়। শিক্ষার্থীরা যদি কোনো বিষয়ে দুর্বল থাকেন, যেমন ইংরেজি বিষয়ে এখানে এক বছরের কোর্সের মধ্য দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোয় তাঁদের প্রস্তুত করে তোলা হয়।চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েটস লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স শিক্ষাব্যবস্থা ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রির সমান। যে বিষয়গুলোতে ডিগ্রি দেওয়া হয়, সেগুলো হলো: পলিটিকস, ফিলোসফি, ইকোনমিকস (পিপিই), এশিয়ান স্টাডিজ, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও পাবলিক হেলথ স্টাডিজ।তিন বছর পেরিয়ে আসা এইউডব্লিউর প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের স্নাতক শেষ করবেন ২০১৩ সালে। ওই বছরই তাঁরা স্নাতকোত্তর পর্যায়ের লেখাপড়া শুরু করবেন।ভর্তি, বৃত্তি ও সম্মাননাপ্রত্যেক শিক্ষার্থীর আবেদনপত্রে একাডেমিক ফল, অন্যান্য বিষয়ে দক্ষতা ও কমিউনিটি কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ফল থাকতে হবে। নিজের সম্পর্কে বেশকিছু শব্দ লিখতে হয়। এগুলোর ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ এলাকায়ই ভর্তি পরীক্ষা দিতে হয়। ফলের ওপর নেওয়া হয় এইউডব্লিউর ছাত্রীদের। প্রার্থীর যদি টোয়েফল (আইবিটি-সর্বনিম্ন ৮০), আইইএলটিএস (সর্বনিম্ন ৬.৫) স্কোর কিংবা আইবি (সর্বনিম্ন ২৬), স্যাট (সর্বনিম্ন ১৭০০) স্কোর থাকে, তবে তাঁর পরীক্ষা দেওয়ার ঝামেলা থাকে না। প্রার্থীকে অবশ্যই নারী এবং বয়সসীমা ১৭ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে।এখানে সব বিষয়ে ইংরেজিতে পাঠদান করানো হয়। যাঁরা ইংরেজিতে কিংবা অন্য কোনো বিষয়ে দুর্বল, তাঁদের অ্যাকসেস একাডেমিতে এক বছরের কোর্স করা বাধ্যতামূলক।বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৮ ফেব্রুয়ারি। যারা এ বছর কলেজের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তারাও আবেদন করতে পারবে। যাবতীয় তথ্য পাওয়া যাবে নিচের ওয়েসবাইটে www.asian-university.org। যোগাযোগ করতে পারবেন [email protected] ঠিকানায়।