উচ্চশিক্ষার স্বপ্ন দেখি
অন্ধত্ব দমাতে পারেনি। পেয়েছেন জিপিএ–৫। তাঁর সাফল্যের কথা শুনিয়েছেন প্রথম আলোর বন্ধুসভার বন্ধুদের
জন্মের কিছুদিন পরেই আমি দৃষ্টিশক্তি হারাই। আমার জন্ম পাবনা জেলার হুগলাডাঙ্গী গ্রামে। এর কিছুদিন পরেই পদ্মার ছোবলে বিলীন হয়ে যায় বসতভিটা ও জমিজমা। সে অবস্থায় বাবা পরিবার নিয়ে রাজবাড়ী চলে আসেন। রেলওয়ের বস্তিতে শুরু হয় আমাদের নতুন জীবন।
ভর্তি হই প্রাথমিক বিদ্যালয়ে। ছোট বোনকে দেওয়া হয় ঢাকায় গৃহপরিচারিকার কাজে। এ সময় পাশে দাঁড়ান দৃষ্টিপ্রতিবন্ধী বোরহান উদ্দিন হাওলাদার। তাঁর সাহায্যে ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা শুরু করি। শুরু হয় আমার নতুন অধ্যায়।
পড়ালেখা নিয়মিত করার জন্য সব সময় অনুপ্রেরণা দিয়েছেন বোরহান উদ্দিন হাওলাদার স্যার। ২০১২ সালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪৪ অর্জন করি। তখন আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ভাবতাম, আমাকে আরও ভালো ফল অর্জন করতে হবে।
ভর্তি হই রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে। কলেজের লেখাপড়া আমার খুবই ভালো লেগেছে। শ্রেণিকক্ষে যখন প্রবেশ করতাম, তখন মনেই হতো না যে আমি দেখতে পাই না। নিয়মিত ক্লাস করেছি। প্রতিদিন সাধারণত সাত-আট ঘণ্টা পড়ালেখা করেছি।
চূড়ান্ত পরীক্ষার আগে প্রতিদিন ১২ ঘণ্টা করে পড়ালেখা করেছি। এ রকম পরিশ্রমের পর এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। আমার এ ভালো ফলের পেছনে অনেকেরই অবদান আছে। তাঁদের মধ্যে জার্মানপ্রবাসী শাকিল স্যার এবং রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমানের অবদান অনেক।
এখন আমার একটাই লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়া। উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখি।
ছোট দুই বোন ও এক ভাই আছে আমার। এক বোন বুদ্ধিপ্রতিবন্ধী।
অনুলিখন: এজাজ আহম্মেদ