উচ্চশিক্ষার স্বপ্ন বনাম স্বপ্নভঙ্গ
উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান সুন্দর স্বপ্নের হাতছানি দেয়। এই স্বপ্ন কারও কারও জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। দেশে এখন অবৈধ, অননুমোদিত ও ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছড়াছড়ি। এগুলোর ফাঁদে পড়লেই স্বপ্ন ভেঙে চুরমার হতে পারে। একটু সতর্ক ও সচেতন হলেই শিক্ষার্থী ও অভিভাবকেরা এই দুরবস্থা থেকে রেহাই পেতে পারেন। আজকের তথ্যপ্রবাহের যুগে অবৈধ ও ভুয়া প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শাখাই অবৈধ: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই এখন পর্যন্ত বৈধ নয়। তাই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে, কম টাকায় বা বৃত্তি পাওয়ার গল্প শুনে কেউ এ ধরনের শাখায় ভর্তি হবেন না। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সাফ জানিয়ে দিয়েছে, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই বৈধ নয়। এসব শাখায় কাউকে ভর্তি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর অর্থ খুবই পরিষ্কার, তা হলো ওই সব অবৈধ শাখা থেকে নেওয়া সনদও অবৈধ। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা খুব একটা নেই। ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, বরিশালসহ বিভিন্ন জেলায় গড়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা। দেশজুড়ে এমন শাখার সংখ্যা এখন প্রায় ১০০। এগুলোতে টাকা দিয়ে সনদ পাওয়া যায়, তাও আবার অবৈধ সনদ। তাই আপনি সিদ্ধান্ত নিন, এসব শাখায় পড়ে নিজের জীবন দুর্বিষহ করবেন কি না।বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা বৈধ নয়: ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হয়েছে। এর একটিও বৈধ নয়। বাহারি নাম দিয়ে সনদ বিক্রির দোকান খুলে বসে আছে এ ধরনের প্রতিষ্ঠান। ওদের ফাঁদে পা দেবেন না। ইউজিসি বছর তিনেক আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৬টি শাখা কালো তালিকাভুক্ত করে। এর বাইরে আরও কিছু শাখা রয়েছে। তবে সারকথা হচ্ছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই বৈধ নয়। তাই এমন শাখার ওপর নিজের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ছেড়ে দেবেন কি না, তা আপনাকেই ঠিক করতে হবে। সম্প্রতি প্রণয়ন করা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখার বৈধতা দেওয়া হয়নি।এদিকে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির জন্য একশ্রেণীর কনসালটেন্সি ফার্ম দোকান খুলে বসে আছে। এসব প্রতিষ্ঠান বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ভর্তি নয়, ভিসা-পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেয়। ভর্তি হওয়ার আগেই বৃত্তি দেওয়া বা চাকরি জোগাড় করে দেওয়ার প্রলোভন দিয়ে থাকে তারা। আবার বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় আনুষঙ্গিক বিভিন্ন খরচে ৪০ থেকে ৬০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেয়। প্রতারকেরা সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রলোভনের এসব জাল ছুড়ছে। এই জালে আটকা পড়ার আগেই সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।দূরশিক্ষণের নামে প্রতারণা: দূরশিক্ষণ দেওয়ার নামে একশ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতারণা করছে। উন্নত বিশ্বে দূরশিক্ষণ খুবই জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে এই শিক্ষাপদ্ধতি বিতর্কিত করে তোলা হয়েছে। লেখাপড়া ছাড়া সনদ বিক্রির সুযোগ থাকায় একশ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয় অবৈধ শাখা খুলে এই ব্যবসা করে চলছে। একদিকে অবৈধ প্রতিষ্ঠান, অন্যদিকে লেখাপড়া ছাড়াই সনদ—এটা নিয়ে তুষ্ট হবেন কি না, সেটি ভেবে দেখুন।বিজ্ঞাপনে প্রলুব্ধ হবেন না: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর অবৈধ ঘোষিত বেশির ভাগ প্রতিষ্ঠান ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারপত্র বিলির মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস, ক্রেডিট ট্রান্সফারের সুযোগ, কম খরচে পড়াশোনাসহ বিভিন্ন অঙ্গীকার করা হচ্ছে। সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া মানেই তার সবটাই সত্য নয়। একটি প্রতিষ্ঠান তার নিজের তথ্য জানাতে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয়। এই তথ্য অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত হয়। বাহারি বিজ্ঞাপনের মধ্যে সুন্দর জীবনের স্বপ্ন দেখেন অনেকেই। সম্প্রতি পাস হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে কোনো অবৈধ শিক্ষাপ্রতিষ্ঠান সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না, প্রচারপত্র তৈরি বা বিলি করাও নিষেধ। তার পরও এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের তৎপরতা থেমে থাকবে না। তবে এমন প্রতিষ্ঠানে ভর্তি না হলে আপনি প্রতারণার হাত থেকে রেহাই পাবেন।টাকা আপনার, দায়িত্ব নেবে কে?: লাখ লাখ টাকা দিয়ে একটি অবৈধ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের উচিত এর বৈধতা সম্পর্কে জানা। তবে এ ধরনের প্রতিষ্ঠান থেকে বিত্তবান ও চাকরিজীবীদের অনেকেই সনদ নেন, কেউ কেউ বিয়ে বা সামাজিক মর্যাদার জন্য ভর্তি হয়ে সনদ নিয়েই তুষ্ট হন। এর বাইরে যাঁরা ওই সনদ ব্যবহার করতে চান, তাঁদের শুধু বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষক, অবকাঠামো ও লেখাপড়ার পরিবেশ দেখে ভর্তি হওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এগুলোর মধ্যে তিনটি আইনের আশ্রয় নিয়ে ছাত্র ভর্তি করছে। এসব বন্ধ বিশ্ববিদ্যালয়ের একাধিক শাখাও চলছে দেশের বিভিন্ন এলাকায়। এ ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ঠিক হবে কি না, তা ভেবেচিন্তে দেখুন। তা ছাড়া নিম্নমানের ও পারিবারিক বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে সতর্ক হোন। বেসরকারি ৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত ৪০টি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান মধ্যম বা নিম্নমানের। তাই ভর্তির আগে প্রতিষ্ঠান যাচাই করুন।দেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে, আবার বাইরে যাওয়ার প্রবণতাও অনেকটা কমেছে। ফলে সাশ্রয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এ অবস্থায় দেশের মধ্যে উচ্চশিক্ষার আবহ এবং প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা জরুরি। এর পাশাপাশি সব ধরনের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে ন্যূনতম মান রক্ষার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষা দেয় এমন কলেজগুলোতে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনুমোদন পাওয়া বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলছে না। পাশাপাশি বাড়াতে হবে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এবং বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আসন। এসব উদ্যোগ উচ্চশিক্ষার্থীদের স্বপ্ন সুন্দর ও সার্থক করে তুলতে পারে।