উচ্চশিক্ষার স্বপ্ন-সাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজও মনে পড়ে, আমি এইচএসসি পাস করে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সার্ড আমাকে স্বপ্ন দেখায়। আমার মতো প্রত্যন্ত অঞ্চলের এক ছেলের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া—সবই সার্ডের অবদান।’ বলতে বলতে চোখের কোনে জল এসে যায় রাজীবের।জ্যৈষ্ঠ মাসের পড়ন্ত বিকেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সবুজ ঘাসের কার্পেটে বৃত্তাকারে বসেছে অনেকগুলো দল। তবে বটগাছের নিচে একরঙের টি-শার্ট পরা দলটিকে দেখেই চেনা যায়। হ্যাঁ, ওরা সবাই সার্ডের (SARD, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) সদস্য। গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিবর্তনের স্বপ্ন দেখা একদল তরুণ। যে যেখানেই থাকুক না কেন, প্রতি মাসে নির্দিষ্ট দিনে শত ব্যস্ততা পাশ কাটিয়ে তাঁরা সবাই এসে জড়ো হন এখানে। সবুজ এ বেষ্টনীতে আজ তাঁরা বসেছেন সামনের কর্মসূচি নিয়ে। প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মের ছুটিতে তাঁরা বাড়ি গিয়ে সাঘাটা উপজেলায় ১৬ ও ১৭ জুন এইচএসসি ফলপ্রার্থীদের নিয়ে আয়োজন করবেন এক কর্মশালার। এখানে তাঁদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তথ্য সহায়তা দেওয়া হবে।বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাভেল বলেন, ‘এইচএসসি-পরবর্তী শিক্ষার্থীরা সঠিক পরামর্শ আর সুযোগ-সুবিধা পেলে উঠে আসতে পারেন তাঁর স্বপ্নের উচ্চ শিক্ষাঙ্গনে।’ সার্ডের প্রতিষ্ঠাতাদের অন্যতম এরশাদুল বারী মামুন স্মৃতি মন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘২০০৪ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন এলাকা থেকে আমরা মাত্র দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমরা যখন ঢাকা থেকে বাড়ি ফিরতাম, অনেক মানুষ আমাদের জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকত। অনেকে খাবার নিয়ে আসত। কেউ ব্যাগ পৌঁছে দিতে চাইত। গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা থেকে নিজের ভেতর একটা দায়বদ্ধতা চলে আসে। ভাবি, কীভাবে ছোটদের জন্য কাজ করা যায়। বন্ধুদের সঙ্গে আলোচনা করি। এভাবেই ঈদের ছুটিতে সবার সহযোগিতায় গড়ে ওঠে সার্ড।’সার্ড মূলত উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালিত হয়। সার্ডের প্রেসিডেন্ট আলী ফিরোজ বলেন, ‘কিছু মেধাবী ছাত্রের পরিশ্রমে আজ সাঘাটার সব ছেলেমেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে। আমরা চাই তাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে।’ সার্ড সাঘাটার বৃত্তিপ্রাপ্ত ছেলেমেয়েদের সম্মাননা প্রদান, নির্বাচিত নানা ধরনের বই পুরস্কার, স্কুল পর্যায়ে বিতর্ক দল গঠন, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যকে উজ্জীবিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধূমপানবিরোধী শোভাযাত্রাসহ নানা কর্মকাণ্ড করে থাকে বলে জানান নাসিরউদ্দিন। কথা হয় সংগঠনের সদস্য মিলন, পলিন ও শিল্পীর সঙ্গে। তাঁরা সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছেন গ্রীষ্মের ছুটির জন্য। তার পরই প্রতিভা খোঁজার মিশন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘আমাকে বিশ্ববিদ্যালয় প্রস্তুতিতে শতভাগ সাহায্য করেছে সার্ড। তাই বছরের এ সময়টা শুধুই সার্ডের জন্য দিতে চাই।’ ‘শুরুতে দুজন হলেও আজ আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি ৩৫ জন। এর পেছনে সার্ডের অনেক অবদান।’ বলতে গিয়ে চোখ ঝলমল করে ওঠে আবদুর রশিদের। কথা কেড়ে নিলেন একরামুল ও মাসুম, শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়? সারা দেশের প্রায় সব কটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বড় বড় সব কলেজে ছড়িয়ে রয়েছেন সার্ডের সদস্যরা। সার্ডের সেক্রেটারি এনামুল জানান, ‘অপেক্ষায় থাকি, ছুটি পেলেই দলবেঁধে বাড়িতে যাই। স্কুলে স্কুলে স্যারদের অনুমতি নিয়ে একটা ক্লাসে পড়ানোর চেষ্টা করি।’কথা শুনতে শুনতে দৃষ্টি যায় পলাশ ও রাজুর দিকে। তাঁরা তৈরি করছেন গ্রীষ্মের ছুটির সময়ের পরিকল্পনা। এখানেই বুঝিয়ে দেওয়া হবে নিজ নিজ কাজ। সন্ধ্যা কাটিয়ে রাত আসছে, সেদিকে কারও খেয়াল নেই। ফেরার জন্য উঠে দাঁড়াতেই আইনের ছাত্র মামুনের উচ্চারণ, ‘স্বপ্ন হলো সেটি, যার মাধ্যমে ঘুমানো যায় না।’