সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের উদ্যোগে ২১ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে হয়ে গেল প্রাণবন্ত এক অনুষ্ঠান। উচ্চাঙ্গ সংগীতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আর সুরের ঝরনাধারায় জমজমাট ছিল পুরো আয়োজনটি। বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে প্রথম পর্বে ছিল ‘দেশের সংস্কৃতিতে উচ্চাঙ্গ সংগীত: সংকট, উজ্জীবন ও করণীয়’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে ছিল বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরীর গান।অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার সঞ্চালনে মতবিনিময় পর্বে ধারণাপত্র পাঠ করেন সদারঙ্গের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী। ধারণাপত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে উচ্চাঙ্গ সংগীত বাধ্যতামূলক এবং সব বিদ্যালয়ে একটি করে সংগীত শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানানো হয়। এরপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রচলিত গানের সঙ্গে রাগের যে সম্পর্ক তা শ্রোতারা বুঝতে পারলে রসাস্বাদন সহজ হতো। দেশে ক্ল্যাসিক্যাল বেইজ নির্ভর গান কম হচ্ছে। আমাদের বাণিজ্যও লাগবে, উচ্চাঙ্গ সংগীতের প্রচার-প্রসারও লাগবে। এ ক্ষেত্রে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার দরকার আছে।’শিল্পী শান্তনু বিশ্বাস বলেন, ‘রবি ঠাকুর রাগ সৃষ্টি করেননি, তিনি গান সৃষ্টি করেছেন। বাংলা গান কথাপ্রধান। তরুণেরা সারাদিন কানে শ্রবণযন্ত্র ঢুকিয়ে যা শুনছে তা কি সত্যিকারের গান?’পতেঙ্গা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা দত্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘এখন সাউন্ডের যন্ত্রণায় গানের ব্যঞ্জনা হারিয়ে যায়।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘ছবির জগতের মানুষ আমি। কিন্তু সবচেয়ে বেশি প্রিয় সংগীত। এ উপমহাদেশ ও পাশ্চাত্যের উচ্চাঙ্গ সংগীত আমি শুনি। এ সংগীতের রুচি উচ্চমার্গীয়। যা অর্জনের পথ সহজ নয়। রুচি অর্জনের প্রক্রিয়া বিদ্যালয় পর্যায় থেকেই শুরু করতে হবে।’প্রবীণ শিল্পী ওমর ফারুক বলেন, ‘মিয়া তানসেন গান গাইলে দেয়ালে রাখা বাদ্যযন্ত্র নিজে নিজেই বাজত। আমাদের উচ্চাঙ্গ সংগীতকে পৃথিবীর সব দেশ কদর করে। এমন দিন আসবে আমেরিকা-ইউরোপ গিয়ে আমাদের উচ্চাঙ্গ সংগীত শিখতে হবে। কারণ এখন অনেক ফাঁকিবাজ শিক্ষক দেখি।’কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে না শিক্ষকের অভাবে। উচ্চাঙ্গসংগীত বিদ্যালয়ে আবশ্যিক করা হলে নৈরাজ্য হবে, শিক্ষক মিলবে না।’ তিনি বলেন, ‘সংগীত রক্ষা করবে শ্রোতা। অনুকূল বাতাবরণ তৈরি হওয়া দরকার। কিন্তু দেশে এখন সাংস্কৃতিক বখাটেপনা চলছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মো. খালিদ বলেন, ‘উচ্চাঙ্গ সংগীতের শিল্পী জানে তার ভবিষ্যৎ আনসার্টেন। আমাদের ধৈর্য কম। উচ্চাঙ্গ সংগীত সহজ করার কোনো পথ নেই। আমরা অন্নের জন্য কুকুরের মতো দৌড়ায়, অমৃতের জন্য সাধনা করি।’অনুষ্ঠান আয়োজনে নানা সমস্যার চিত্র তুলে ধরে উচ্চাঙ্গ সংগীতের শিল্পী মিহির নন্দী বলেন, ‘আমাদের দেশে কোনো সংগীতেরই পৃষ্ঠপোষকতা নেই। আমার ৪০ বছরের শিক্ষকজীবনে পাঁচটি মুসলিম ছাত্র পাইনি। মুসলিম পরিবারের সন্তানদের গানের জগতে আসা দরকার।’ এরপর জামাল নজরুল ইসলাম বিশ্ব বিজ্ঞান সম্মেলনে ১২ জনের উপস্থিতির কাহিনি শুনিয়ে বলেন, এ অনুষ্ঠানে তার চেয়ে অনেক অনেক বেশি শ্রোতা এখনো আছেন। তাঁর শিল্প সাহিত্য সমাজ বই থেকে সংগীতবিষয়ক দীর্ঘ উদ্ধৃতি দিয়ে ‘তুমি যে সুরের আগুন’ গানের কথা বলে মতবিনিময় পর্বের ইতি টানেন।এতে অঅরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম, চারুকলা বিভাগের অধ্যাপক এস এম আনসার আলী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অঞ্জন চৌধুরী।দ্বিতীয় পর্বে ছিল লুভা নাহিদ চৌধুরীর একক উচ্চাঙ্গ সংগীতের আসর। তিনি একে একে পরিবেশন করেন বেহাগ রাগে খেয়াল ‘সাজনবা মোরা অতি সুন্দর’, ভৈরবী রাগে ছোট খেয়াল ‘ভবানী ভবানী মহাবাক্যবানি’ ইত্যাদি। তাঁর বিলম্বিত ও মধ্যলয়ের পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়ায় অনুষ্ঠানজুড়ে। তবলায় ছিলেন পিনুসেন দাশ ও হারমোনিয়ামে ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী।