উচ্চাঙ্গ সংগীতের মনোমুগ্ধকর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবলার বোলসহ অন্যান্য যন্ত্রের সুরে মুগ্ধ মিলনায়তন। এসব যন্ত্রে পরিবেশিত তাল ও লয়ের মেলবন্ধনে সৃষ্টি হওয়া শব্দ তরঙ্গে সংগীতানুরাগীদের হৃদয়ে আলোড়ন। ২৩ সেপ্টেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে আয়োজিত উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যায় সৃষ্টি হয়েছিল এমন মনোমুগ্ধকর পরিবেশ। এই সংগীতসন্ধ্যার আয়োজন করে স্বরিৎ ললিতকলা কেন্দ্র।
সন্ধ্যা সাতটায় শিল্পী ফারুক আহমেদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রাগ মারু বেহাগে প্রায় ৩০ মিনিট ধরে খেয়াল পরিবেশন করেন এই শিল্পী। এরপর মঞ্চে আসেন শিল্পী মনীশ চৌধুরী। তিনি শ্ররুতে একতালে বিলম্বিত লয় পরিবেশন করেন। এরপর মধ্যলয়ে ত্রিতাল। এই দুটি পরিবেশনার জন্য শিল্পী মনীশ চৌধুরী সময় নেন ৩০ মিনিট। এরপর ২০ মিনিট ধরে মিশ্র পাহাড়ি রাগে ঠুমরি পরিবেশন করেন শিল্পী সংযুক্তা দাশ। সবশেষে মঞ্চে আসেন শিল্পী প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি ৩০ মিনিট ধরে সেতারে রাগ কিরওয়ানি বাজিয়ে শোনান।
এই আয়োজনে তবলায় সুদীপ সেনগুপ্ত, তপন দত্ত, অরুণ নাথ ও ত্রিদীব কুমার বৈদ্য শিল্পীদের সহযোগিতা করেন। এ ছাড়া অন্যান্য যন্ত্রানুষঙ্গের মধ্যে এসরাজে মদন মোহন ঘোষ, হারমোনিয়ামে রিটন কুমার ধর ও মনোজ কুমার চৌধুরী এবং তানপুরায় ছিলেন অমিত চৌধুরী ও জাহিদুর রহমান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজীব সাহা।