দ্রুত গতির এই পৃথিবীতে ধুম-ধারাক্কা গানের দিকেই ঝুঁকছে অধিকাংশ মানুষ। গভীর অভিনিবেশ নিয়ে আজকাল শ্রোতারা গান শুনতে আসেন কই! চিত্র যখন এমন, তখন টানা দুই দিনের উচ্চাঙ্গসংগীতের আসরের আয়োজন করা সত্যি দুঃসাহসের কাজ। এই দুঃসাহসের কাজ করে রীতিমতো সফলও হয়েছে ‘সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ’।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ‘পঞ্চদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন’। সদারঙ্গের এই আয়োজনে ভারত ও বাংলাদেশের শিল্পীদের শাস্ত্রীয়সংগীত পরিবেশনার পাশাপাশি সেমিনারও অনুষ্ঠিত হয়। দেশের নানা প্রান্ত থেকে আসাশিল্পীরা সুযোগ পেলেন নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদীপ জ্বালিয়ে আসরের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।শুরুতে কলাবতী রাগে উদ্বোধনী সমবেত সংগীত পরিবেশন করেন সদারঙ্গের সদস্যরা। এরপর সুপর্ণা সাহা বেহাগ রাগে খেয়াল পরিবেশন করেন। প্রথম দিনের আসর জমিয়ে তুলেছিলেন ভারতের বিপ্লব ভট্টাচার্য। ঝাপতাল, ত্রিতাল ও একতালে তবলা লহরা বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। বাজাতে বাজাতে তিনি দর্শকদের মতামতও জেনে নিচ্ছিলেন। বাজাচ্ছিলেন দর্শকের অনুরোধের তাল। যেভাবে তিনি বাজালেন তাতে মনে হলো, তবলা নিয়ে তিনি খেলছেন। মুহুর্মুহু করতালিও আদায় করলেন।এরপর ছিল স্পেনপ্রবাসী চট্টগ্রামের সেতারবাদক সাযেদ উল আলমের সেতারবাদন। তিনি সেতারে গারা রাগ বাজিয়ে শোনান। মাইক্রোফোনের কারণে খানিকটা সমস্যা হলেও সাযেদ সেটা যেন বুঝতেই দিচ্ছিলেন না দর্শকদের। প্রায় আধঘণ্টার মতো তাঁর সুরের রসে সিক্ত হলেন দর্শক। প্রথম দিনের আসরের শেষ পরিবেশনা ছিল শিল্পী মৃত্যুঞ্জয় রায়ের বাঁশি। বাঁশিতে তিনি বাজিয়ে শোনান বাগেশ্রী রাগ।দ্বিতীয় দিন ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘উচ্চাঙ্গসংগীতে স্বাধীনতার মাত্রা ও পরিধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পড়েন সদারঙ্গের সম্পাদক শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। আলোচক ছিলেন জামাল নজরুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য, ইশরাত জাহান, কল্যাণ মুখোপাধ্যায়, অসীত কুমার, অর্ণব চট্টোপাধ্যায়, গোপাল মিশ্র ও তপন জ্যোতি বড়ুয়া।দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানে সদারঙ্গের শিল্পীরা ভূপালি রাগে সমবেত সংগীত পরিবেশন করেন। এরপর মধুবন্তী রাগে খেয়াল গেয়ে শোনান কনক চাঁপা কায়স্থগীর। সুকণ্ঠী এই শিল্পী আরও একবার মন জয় করলেন দর্শক-শ্রোতাদের। এরপর দোলন কানুনগো গিটারে ক্লাসিক্যাল, ইশরাত জাহান খেয়াল, কল্যাণ মুখোপাধ্যায় সরোদ ও অর্ণব চট্টোপাধ্যায় খেয়াল পরিবেশন করেন। দর্শক মুগ্ধ হয়ে শুনেছেন কল্যাণ মুখোপাধ্যায়ের সরোদ। ঝিঁঝিট রাগে আবিষ্ট করে রেখেছিলেন দর্শকদের।