উচ্চাঙ্গসংগীতের আসরে মেডিটেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতের আসরে গান পরিবেশন করেন এক শিল্পী
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতের আসরে গান পরিবেশন করেন এক শিল্পী

থিয়েটার ইনস্টিটিউটের লেকচার মিলনায়তনে শ দেড়েক দর্শক চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়েছেন। ভেসে আসছে ভুপালি ও শুদ্ধ কল্যাণ রাগে গাওয়া খেয়াল। শাস্ত্রীয় সংগীতের গভীর প্রশান্ত সুরে ডুব দেওয়ার এমন অবকাশ মিলেছিল ১০ অক্টোবর সদারঙ্গের দ্বিমাসিক গানের আসরে।
অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে ৫০ মিনিটের এই মেডিটেশন পর্ব রাখা হয়েছিল শাস্ত্রীয় সংগীত শোনার কান তৈরিতে দর্শকদের সহায়তা করার কথা মাথায় রেখে। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের সম্পাদক ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী দর্শকদের বুঝিয়ে বললেন বিষয়টা। পরিচয় করিয়ে দিলেন বিভিন্ন রাগের সঙ্গে। রেকর্ডারে বাজানো হলো পণ্ডিত জগদীশ প্রসাদ ও পদ্মা তলোয়ালকরের গাওয়া খেয়াল।
আসরে সংগীত নিয়ে আলোচনা ও শিল্পীদের পরিবেশনা চলেছে হাত ধরাধরি করে। শিক্ষাব্যবস্থায় সংগীতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাই এল ঘুরেফিরে। এমন কথা বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া। তাঁদের কথা, ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের পড়ালেখার চাপে থাকতে হয়। সংগীত বা সাহিত্যের সঙ্গে কোনো সংযোগ ঘটছে না এ প্রজন্মের ছেলেমেয়েদের। এ বিষয়টা সুন্দর সমাজ নির্মাণের অন্তরায়।
শাস্ত্রীয় সংগীতের পরিবেশনার শুরুতে ত্রিতালে দ্বৈত তবলা লহড়া পরিবেশন করেন কৃষ্ণ চৌধুরী ও সজীব বিশ্বাস। প্রায় ২০ মিনিটের এই পরিবেশনার পরিচালনা করেন তপন দত্ত। এরপর ৩০ মিনিট ধরে যোগ রাগে খেয়াল পরিবেশন করেন গৌরী নন্দী। এ সময় তাঁর সঙ্গে প্রণব ভট্টাচার্য তবলা ও দেবাশীষ চৌধুরী হারমোনিয়াম বাজান। মেডিটেশন পর্বের মধ্য দিয়ে শেষ হয় আসরের।