ফুলকির সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম ও রক্তকরবীর উদ্যোগে উচ্চাঙ্গসংগীতের দুদিনের কর্মশালা শেষ হয়েছে ১৮ মার্চ। ভারতের আগ্রা ঘরানার শিল্পী ও সংগীত রিসার্চ একাডেমির (আরএসএ) সাবেক পরিচালক পণ্ডিত বিজয় কিচলু এ কর্মশালা পরিচালনা করেন। তাঁর সঙ্গে ছিলেন আগ্রা ঘরনার আরেক প্রখ্যাত শিল্পী শুভ্রা গুহ ও শিল্পী সংযুক্তা বিশ্বাস। ফুলকি মিলনায়তনে উচ্চাঙ্গসংগীতে আগ্রহী ৩০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। দুদিনের এ কর্মশালায় সংগীত শিক্ষা, কণ্ঠসাধন-প্রক্রিয়া ও উচ্চাঙ্গসংগীতের ওপর ধারণা দেওয়া হয়।১৮ মার্চ কর্মশালার সমাপনী দিনে ফুলকি পরিচালিত সাংস্কৃতিক বিদ্যালয় সোনারতরীর সংগীত বিভাগেরও উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফুলকির সম্পাদক আবুল মোমেন ও অধ্যক্ষ শীলা মোমেন। কর্মশালার সমাপনী আলোচনায় পণ্ডিত বিজয় কিচলু বলেন, সংগীত মানুষকে মানবিক ও পরিশুদ্ধ করে। কেবল সহজাত প্রতিভা থাকলেই কেউ শাস্ত্রীয় সংগীতে দক্ষতা অর্জন করতে পারবে এমন নয়। এর জন্য প্রয়োজন সঠিক সংগীতগুরুর তত্ত্বাবধান এবং নিষ্ঠা। তিনি ফুলকির নানা কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। এ প্রতিষ্ঠান দেশের বাইরেও শিক্ষা-সংস্কৃতির আলো ছড়াবে—এমনটাই তাঁর প্রত্যাশা। ফুলকির সম্পাদক আবুল মোমেন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগ না হলে সে শিক্ষা মানবিক হয় না। তিনি ফুলকির নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন অতিথিদের সামনে। ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন সংগীতগুরু পণ্ডিত বিজয় কিচলুর পরিচয় তুলে ধরেন এবং এ কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। তিনি উচ্চাঙ্গসংগীত শিক্ষায় শিশুদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সোনারতরীর শিশুরা পরিবেশন করে ‘আলো আমার আলো’ এবং ইমনের বন্দিশ, ‘গুরু সেবা করত যো।’ এদিকে, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগীত পরিবেশন করবেন বিজয় কিচলু ও শুভ্রা গুহ।