
ভারতের মুম্বাইয়ের শিল্পী স্বর্ণিমা গোসাইন যখন মঞ্চে উঠলেন, তখন রাত প্রায় সাড়ে নয়টা। খেয়াল, ঠুমরি ও ভজন শুনিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন তিনি। ১৩ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তিন দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত সম্মেলন শেষ হয় তাঁর গানের মধ্য দিয়ে। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ আয়োজিত এই আসরে এবার সংগীত পরিবেশন করেন ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা ও বাংলাদেশের ১৬ জন শিল্পী।
১১ জানুয়ারি সন্ধ্যা সাতটায় সম্মেলন উদ্বোধন ও লোগো উন্মোচন করেন কলকাতার শিল্পী পণ্ডিত দিলীপ দাশ। আসরের শুরুতে স্মরণ করা হয় সংগীতগুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। শম্পা ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী।
কথামালার পর সদারঙ্গের শিল্পীরা পরিবেশন করেন স্বর্ণময় চক্রবর্তীর লেখা খেয়াল ‘মেরো পুকার সুন শ্যাম’। এরপরই রাগ বাগেশ্রী পরিবেশন করেন পটিয়ার শিল্পী প্রমিত বড়ুয়া। তিনি কখনো এক তালে বিলম্বিত লয়ে, ত্রিতাল মধ্য লয়ে খেয়াল পরিবেশন করেন। শেষ করেন বিলম্বিত ত্রিতালে ‘কৌন করো তরী বিনতি পিহরবা’ গানটির মাধ্যমে। তাঁর গানের সঙ্গে তবলা বাজান রাজীব চক্রবর্তী, হারমোনিয়াম রাজীব দাশ এবং তানপুরা বাজান মানস দাশ ও শুভ চৌধুরী।
আসরে ধ্রুপদ গেয়ে শোনান নারায়ণগঞ্জের শিল্পী ঋতুপর্ণা চক্রবর্তী। তাঁর সঙ্গে পাখোয়াজ বাজান বরিশালের শিল্পী সুষেণ রায়। প্রথম দিনের আসর শেষ হয় ঢাকার শিল্পী ওস্তাদ মো. মনিরুজ্জামানের বাঁশির সুরে।
সম্মেলনের দ্বিতীয় দিন ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় খাগড়াছড়ির তবলাশিক্ষক অরুণ শর্মার শিক্ষার্থীদের সমবেত তবলা লহরা দিয়ে শুরু হয় আসর। এই যৌথ পরিবেশনায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের ২০ শিক্ষার্থী। এরপর ছিল রাজশাহীর শায়লা হাসানের পরিবেশনা। তাঁর পরিবেশনার পর চট্টগ্রামের শ্যামল চন্দ্র দাশ বেহালায় রাগ খাম্বাজ বাজিয়ে শোনান। তাঁর সঙ্গে তবলা বাজান ভারতের কলকাতার শিল্পী শুভেন্দু দাশ। এরপর ময়মনসিংহের পণ্ডিত অসিত দে বাগেশ্রী রাগ পরিবেশন করেন।
সম্মেলনের শেষ দিন ১৩ জানুয়ারি সকাল ১০টায় স্বর্ণময় চক্রবর্তীর উপস্থাপনায় ‘আলোকিত সমাজ বিনির্মাণে উচ্চাঙ্গসংগীতের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রনির্মাতা শৈবাল চৌধুরী, অধ্যাপক অসিত সাহা, ভারতের শিল্পী পণ্ডিত সরিত দাশ, পণ্ডিত দিলীপ দাশ প্রমুখ।
শেষ দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সদারঙ্গের খুদে শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে মিশ্র পিলু রাগে শোনায় ‘সপ্ত সুরের রঙিন আকাশে, থাকব মোরা অনুক্ষণ’। এরপর ছিল ভারতীয় শিল্পীদের পরিবেশনা। প্রথমে সংগীত পরিবেশন করেন পণ্ডিত দিলীপ দাশ। এরপর সেতার বাজিয়ে শোনান সুপ্রতীক দাশ। আসরের শেষ পরিবেশনা ছিল স্বর্ণিমা গোসাইনের খেয়াল। তাঁর সঙ্গে তবলা বাজান পণ্ডিত সরিত দাশ।