উচ্চারকের যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অমানিশা বিনাশ হোক, অবিনাশী কবিতায়’ প্রতিপাদ্য নিয়ে উচ্চারকের যুগপূর্তি উৎসব গত ২৭ ও ২৮ মার্চ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী এ উৎসবে ছিল আলোচনা সভা, আবৃত্তি, বাউল, লোকগান, মাইজভান্ডারি ও চট্টগ্রামের আঞ্চলিক গানের পরিবেশনা।
২৭ মার্চ সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুজিস্তা নুর ই নাহারিন, রোকেয়া প্রাচী ও সাইফুল আলম।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অঞ্চল। জঙ্গিবাদের বিষদাঁত ভেঙে দিতে আদর্শের রাজনীতি ও সংস্কৃতি সামনে নিয়ে আসতে হবে।
উচ্চারকের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এ এস এম এরফান।
আলোচনা সভার পর রাধারমণের গান পরিবেশন করে মঞ্চ মাতান সুনামগঞ্জের খ্যাতিমান সংগীতশিল্পী দেবদাস চৌধুরী ও তুলিকা ঘোষ। ছিল সনজিত আচার্যের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান।
২৮ মার্চ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল আবৃত্তি, কবির কণ্ঠে কবিতা পাঠ, বাউল ও লোকগান পরিবেশনা। এদিন শব্দসৈনিক আশরাফুল আলম ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে সংবর্ধনা দেওয়া হয়।
এই পর্ব শেষে ‘তোমরা যারা আমার ছিলে’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন কবি ওমর কায়সায়। এরপর কবি বিশ্বজিৎ চৌধুরী পড়ে শোনান কবি নীরেন্দ্রনাথের ‘ও পাখি তুই কেমন আছিস’ কবিতাটির কিছু অংশ ও ‘তিন টুকরো প্রেমের কবিতা’।
কবি সাথি দাশ পাঠ করেন ‘মানুষের ইতিহাস পাঠ’ কবিতাটি। পরে ভারত উপমহাদেশের বিভক্তি ও চৌষট্টির দাঙ্গার প্রেক্ষাপট নিয়ে রচিত অভিজিৎ সেনের ‘সীমান্ত’ গল্পের শ্রতিরূপ পরিবেশন করা হয়। মোস্তফা কামালের নির্দেশনায় ও মাঈনুদ্দীনের আবহ সুরে গল্পের শ্রতিরূপ দেন ফারুক তাহের ।
এরপর ‘বাড়ির কাছে আরশীনগর’ ও ‘তোমায় হৃৎ মাঝারে রাখিব’ গান দুটি করেন শিল্পী নাসরিন সুলতানা। আরেক শিল্পী মাশরুবা শারমিন গেয়ে শোনান ‘সব লোকে কয় লালন’ ও ‘মধু হই হই বিষ খাওয়াইলা’। সবশেষে বাউলশিল্পী শম্পা বড়ুয়া পরিবেশন করেন ‘আমি যারে বাসি ভালো’, ‘প্রেম রসিক হব কেমনে’, ‘ঘাটে লাগাইয়া ডিঙা’সহ বেশ কয়েকটি গান। অনুষ্ঠানে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনার পাশাপাশি ছিল আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।