গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে শেষ হলো আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ষষ্ঠ শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার সমাবর্তন ও আবৃত্তি অনুষ্ঠান। উচ্চারকের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী ও সমাজসেবী এ টি এম শহীদুল্লাহ।আলোচকেরা বলেন, ‘ভাষার শুদ্ধ ও সুন্দর উচ্চারণ কেবলমাত্র আবৃত্তিকর্মীদের জন্যই প্রয়োজন তা নয়, ব্যক্তির মানসগঠন ও কর্মক্ষেত্রেও এর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তরুণ প্রজন্মের মাঝে সামাজিকতা, দেশপ্রেম, মানবতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে আবৃত্তি সংগঠনগুলো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই প্রয়াসের কারণে তরুণদের মাঝে আবৃত্তি তথা সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ ও দেশপ্রেম বৃদ্ধি পাচ্ছে।’মৌসুমী চক্রবর্তী ও সুপর্ণা চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে একক আবৃত্তি করেন মোহাম্মদ উল্লাহ, সুমিত্রা পাল, হাসিনা নাসরিন, রিমা খানম, রেহানা সুলতানা, পৌলোমি বড়ুয়া, সুস্মিতা দত্ত ও সুমাইয়া নুসরাত। এরপর মামুনুল আমিন মামুনের গ্রন্থনা ও এ এস এম এরফান মিথুন নির্দেশিত বৃন্দ প্রযোজনা পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন এবারের কর্মশালায় অংশগ্রহণকারী মো. সানাউল্লাহ ফারুকী, প্রিয়াঙ্কা দাশ, মো. শফিকুল ইসলাম, নুসরাত জাহান দীনা প্রমুখ। অতিথিরা শিক্ষার্থীদের হাতে উচ্চারকের কর্মশালার অভিজ্ঞানপত্র তুলে দেন। অনুষ্ঠান উপলক্ষে এপার বাংলা-ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বিশেষজ্ঞদের লেখার সমন্বয়ে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।