উচ্ছেদ আতঙ্ক বালুখালী ও সাপছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙামাটি সফর ও ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয় দেখা দিয়েছে। তাঁর ভাষণে পার্বত্যচুক্তি বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না করায় আদিবাসী সাধারণ মানুষ, সুশীল সমাজ ও রাজনৈতিক মহল হতাশ। অপরদিকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণায় অনেকে আশাবাদী হলেও এগুলো স্থাপনের জন্য নির্ধারিত স্থানগুলোতে দেখা দিয়েছে উচ্ছেদ আতঙ্ক। প্রধানমন্ত্রী গত শনিবার রাঙামাটি শহরের শহীদ শুক্কুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। এতে শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। স্থানীয় রাজনৈতিক মহল ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর ভাষণ পার্বত্যচুক্তি সই হওয়ার পর থেকে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শুনে আসা আশ্বাস বাণী থেকে ভিন্ন কিছু নয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে পার্বত্যচুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের দাবি করে আসছি। কিছু অগুরুত্বপূর্ণ বিভাগ পার্বত্য জেলা পরিষদগুলোর কাছে হস্তান্তরকে সরকার বড় করে দেখছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যবিধিমালা অনুমোদন দেওয়া না হলে বিভাগ হস্তান্তর কোনো সুফল বয়ে আনবে না।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় মিশ্র পুলিশ বাহিনী গঠন ও ভূমিসমস্যা সমাধানসহ মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ নেই।’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘আমরা চেয়েছিলাম পার্বত্যচুক্তি বাস্তবায়ন বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য। কিন্তু তিনি সে রকম কোনো কিছু বলেননি।’ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত খীসা বলেন, ‘স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দল ও সংগঠনের মতামত না নিয়ে মনগড়া কিছু প্রকল্প হাতে নেওয়া চূড়ান্ত বিচারে পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য ক্ষতিকর হবে।’প্রধানমন্ত্রী তাঁর সফরকালে রাঙামাটি সার্কিট হাউসে ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভাস্কর্য, বরকল থানা ভবন এবং পর্যটন মোটেল উদ্বোধন করেন। এ ছাড়া, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আসামবস্তি ব্রাহ্মণটিলা সংযোগ সেতু, কাচালং নদীর ওপর মাইনিমুখ গাঁথাছাড়া সংযোগ সেতু এবং পুরাতনবস্তি ও ঝুলুক্যা পাহাড়র সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে রাঙামাটি শহরের পূর্বপাশে কাপ্তাই হ্রদের তীরবর্তী বালুখালী ইউনিয়নে এবং মেডিকেল কলেজ হবে সাপছড়ি ইউনিয়নের রাঙামাটি খাগড়াছড়ি সড়কের খামারপাড়া এলাকায়। এদিকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনে অধিকাংশ মানুষ আশাবাদী হয়ে উঠেছেন। রাঙামাটি শিক্ষা অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল দে বলেন, এখানে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা ঐতিহাসিক। এগুলো বাস্তবায়িত হলে জেলায় শিক্ষা ও চিকিৎসাসুবিধা বাড়বে।তবে এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে উচ্ছেদ আতঙ্কও দেখা দিয়েছে। বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, বালুখালী ইউনিয়নের মানুষ উচ্ছেদ আতঙ্কে রয়েছে। কারণ এসব মানুষ নিজেদের জায়গা থেকে উচ্ছেদ হয়ে গেলে আশপাশের এলাকায় আর জায়গা পাবেন না। একইভাবে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা বলেন, খামারপাড়ার লোকজন তাঁদের এলাকায় মেডিকেল কলেজ স্থাপন না করতে প্রশাসনের কাছে কয়েকবার স্মারকলিপি দিয়েছেন। কারণ এখান থেকে উচ্ছেদ হওয়ার পর টাকা দিয়েও কোথাও ভালো জায়গা কেনা যাবে বলে মনে হয় না।