উচ্ছেদ তালিকায় সরকারি বেসরকারি স্থাপনা
সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সৈকতে কয়েক হাজার একর সৈকত ও ঝাউবাগান দখল করে ইতিমধ্যে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এর মধ্যে সৈকতের লাবণী পয়েন্টে ৪ দশমিক ৩৫ একর বালুচর দখলে রাখে আটটি সরকারি দপ্তর। বাংলাদেশ পুলিশের মালিকানাধীন ‘সিবিচ রেস্টুরেন্ট’ ও সৈকত পুলিশ ফাঁড়ির দখলে ১০ শতক, বন বিভাগের ‘বন কল্লোল’ বিশ্রামাগারে এক একর ১৫ শতক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘রেস্টহাউসে’ এক একর ১০ শতক, বাংলাদেশ সেনাবাহিনীর ‘মিলিটারি রেস্টহাউস’ এক একর ১০ শতক, জেলা পরিষদের ‘নীলিমা রেস্টহাউস’ ১৫ শতক ও চেঞ্জিং ভবনে পাঁচ শতক জমি রয়েছে। এ ছাড়াও সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের বালুচরে বিশাল জমি দখল করে তৈরি করা সৈকত ঝিনুক মার্কেট, পাশের মহাজোট মার্কেট, ইনানী সৈকতে বন বিভাগের বাংলো, তিন তারা হোটেল ‘পেভেল স্টোন’, ‘ওয়ানমিনিট রেস্তোরাঁ’, সোনারপাড়া সৈকতের চার একর ঝাউবাগান দখল করে তৈরি ‘ইকো বিলাস’ পর্যটনকেন্দ্রসহ সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সরকারি জমি দখল করে দুটি বাংলো তৈরি প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, উচ্ছেদের তালিকায় বন বিভাগের দুটি রেস্টহাউস ছাড়াও পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের বহু স্থাপনা পড়েছে। তারা যদি স্থাপনা সরিয়ে নেয়, আমরাও সোনাপাড়া সৈকতের ঝাউবাগান দখল করে ইকোপার্ক নির্মাণ প্রসঙ্গে ডিএফও বিপুল কৃষ্ণ দাশ বলেন, ‘ঝাউগাছের মালিক বন বিভাগ হলেও ভূমির মালিক জেলা প্রশাসন। তাঁরা যদি এসব ভূমি (ঝাউবাগান) ইজারা দিয়ে দেন আমাদের করার কিছু থাকে না।’ উচ্ছেদ তালিকায় পুলিশ ফাঁড়ি প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘বহু আগেই এই জমি সরকার থেকে ইজারা নিয়ে অবকাঠামো তৈরি করা হয়েছিল। সৈকতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে এই জমি ব্যবহার করছে পুলিশ। এখন এই ফাঁড়ি উচ্ছেদ করলে পর্যটকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালে সৈকতের লাবনী পয়েন্টে বিশাল জমি দখল করে তাতে তৈরি করা হয়েছে শতাধিক দোকান নিয়ে ‘সৈকত ঝিনুক মার্কেট’। তার উত্তর পাশে লাগোয়া বিশাল জমিতে তৈরি হয় আরও ৫৪টি দোকান নিয়ে কথিত ‘মহাজোট মার্কেট’। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, জাসদ, জাতীয়পার্টির নেতা ছাড়াও সরকারি দলের দুই সাংসদ এই মার্কেট থেকে দোকান বরাদ্দ পেয়েছেন তিনটি ও দুটি করে। হাইকোর্টের নির্দেশের কারণে এখন এসব অবৈধ দোকানপাটও উচ্ছেদ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সৈকত ঝিনুক মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে একসনা ইজারা নিয়ে মার্কেট তৈরি করা হয়েছিল। এখন এসব দোকান উচ্ছেদ করলে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) অনুযায়ী প্রতিবেশ সংকটাপন্ন এই সমুদ্র উপকূলে অবকাঠামো নির্মাণ, মাটির পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, বন্যপ্রাণী শিকার, শামুক-ঝিনুক, প্রবাল, শৈবাল ও পাথর আহরণ, বিপণন, সরবরাহ ও শব্দ দূষণকারী শিল্প বা প্রতিষ্ঠান নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সরকারি এই আইন লঙ্ঘন করে এই নিষিদ্ধ জোনে দুই শতাধিক বহুতল ভবনসহ নানা অবকাঠামো তৈরি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ, স্থাপনা উচ্ছেদ হলে অবৈধ দখল তৎপরতাও বন্ধ হয়ে যাবে। তখন রক্ষা পাবে সৈকতের প্রাকৃতিক পরিবেশ।