সড়ক ও ফুটপাত দখল এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নগর পরিকল্পনাবিদেরা কী ভাবছেন জানার জন্য প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রকৌশলী আলী আশরাফের সঙ্গে। আলী আশরাফ বলেন—আমাদের এশিয়ান শহরগুলো জনসংখ্যা প্রধান। আমাদের জনসংখ্যার বড় অংশ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনকে কেনাকাটা করতে হয় হকারদের কাছ থেকে। হকাররা আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই উচ্ছেদই সমাধান নয়। তা ছাড়া রাস্তা হকার ছাড়াও বিভিন্ন ভবন নির্মাণসামগ্রী, খাবারের দোকান, পার্কিংয়ের কাজে দখল হয়ে থাকে। রাস্তায় আগে পথচারীদের হাঁটা নির্বিঘ্ন করতে হবে। তারপর অন্য বিষয়গুলো বিবেচনা করতে হবে। সমস্যা সমাধানের জন্য কতগুলো বিষয় বিবেচনায় রাখা উচিত। ১. হকারদের বসার জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দিতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ব্যবসা করে মালপত্র সরিয়ে নিতে হবে। এতে রাস্তার সৌন্দর্য হানি হবে না। ২. ছুটির দিনে বা একটি নির্দিষ্ট দিনে যেসব রাস্তায় বিকল্প চলাচলের ব্যবস্থা আছে—যেমন শহীদ মিনারের সামনের সড়ক, সেসব রাস্তার গাড়ি চলাচল বন্ধ রেখে হকারদের জন্য ছেড়ে দিতে হবে। ৩. ফুটপাতগুলো কমপক্ষে ১০ ফুট চওড়া করতে হবে। যেন পথচারীদের চলাচলের জন্য রাস্তা ব্যবহার করতে না হয়। ৪. প্রধান সড়কগুলো চওড়া ও দুই লেনের করতে হবে। ৫. রাস্তার অবৈধ দখল সম্পর্কে প্রশাসনকে সচেষ্ট হতে হবে।