উচ্ছেদের পর ফের বিপন্ন এলাকায় চিংড়ি চাষ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় প্রায় ১০০ একরের সরকারি খাল ফের দখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা। এর আগে ১ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে ওই খালের ওপর অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে দিয়ে সরকারি খাল উদ্ধার করেন। কিন্তু ভূমিদস্যুরা আবার খালের ওপর বাঁধ দিয়ে ওই সরকারি খাল দখল করে চিংড়ি চাষ করছে। জানা গেছে, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার জালিয়া চরের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে চিংড়ি চাষ হচ্ছিল। খালে বাঁধ দেওয়ার কারণে পার্শ্ববর্তী বড়দিয়া গ্রামের লোকজনের যাতায়াতের নৌপথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে প্রায় কয়েক হাজার মানুষ বিপাকে পড়ে।কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের জীববিজ্ঞানী আবদুল কাইয়ুম জানান, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ১৯৯৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় সোনাদিয়া দ্বীপ ও এর পার্শ্ববর্তী ঘটিভাঙা মৌজাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। জানা গেছে, সংকটাপন্ন এই এলাকায় চিংড়ি চাষ পরিবেশের জন্য ক্ষতিকর হলেও সরকারি খালের ওপর অবৈধভাবে বাঁধ দিয়ে চিংড়ি চাষ হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে এবং এলাকার কয়েক হাজার মানুষও ভোগান্তিতে পড়েছে।এ ছাড়া চিংড়িচাষিরা ঘের তৈরির জন্য কয়েক হাজার গাছ কেটেছে বলে অভিযোগ আছে। এসব বিবেচনা করে ১ অক্টোবর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করে। এ সময় প্রায় ১০০ একর সরকারি খাল দখলমুক্ত করা হয়। কিন্তু উচ্ছেদের কয়েক দিন যেতে না-যেতে ফের অবৈধভাবে বাঁধ দিয়ে ওই সরকারি খালটি দখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা।জানা গেছে, সরকারি খাল অবৈধভাবে দখল করে বাঁধ নির্মাণ করার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এদিকে, সরকারি খাল উদ্ধারে গোরকঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল আলম বাদী হয়ে এক সপ্তাহ আগে একটি উচ্ছেদ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ইতিমধ্যে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল উদ্ধার করার জন্য একটি উচ্ছেদ মামলা দায়ের করা হয়েছে। তাই অচিরেই ওই অবৈধ বাঁধ কেটে দিয়ে সরকারি খাল দখলমুক্ত করা হবে।’