উচ্ছ্বাস-আনন্দে সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর আটের শিশু মোহাম্মদ হারুন। নগরের স্টেশন সড়কের ঝুপড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। কাগজ কুড়িয়ে প্রতিদিন যা পায়, দিনশেষে তা তুলে দেয় মায়ের হাতে। দিনে দুবেলা খেতেই যেখানে কষ্ট, সেখানে শিশুপার্কের রাইডে চড়া তো শুধুই স্বপ্ন। তাই রাইডে ওঠার পর হারুনের সে কী উচ্ছ্বাস!
সে বলে, ‘পার্কের সামনের রাস্তা দিয়া যহন যাইতাম, তহন ইচ্ছা হইত চড়বার। আজ ভাইয়াগো লাইগ্যা আমার ভাবনা সইত্য হইছে।’ হারুনের মতো শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ার সুযোগ হয়েছে আরও ৫০ সুবিধাবঞ্চিত শিশুর।
কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন মিছিলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ৯ অক্টোবর এমন আনন্দের উপলক্ষ তৈরি হয়। ছিল দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানের সূচনাপর্ব হয় নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে।
বেলুন ওড়ানোর মাধ্যমে সূচনা হয় এই আনন্দযজ্ঞের। বেলুন ওড়ান সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এরপর কেক কাটা। কেক কাটা শেষে খেলাধুলায় অংশ নেয় শিশুরা। এর মধ্যে ডাক পড়ে মধ্যাহ্নভোজের। এবার দলবেঁধে কাজির দেউড়ির শিশুপার্কে ছুট।
সংগঠনের অর্থ সম্পাদক মো. তারেক বিন জাফর বলেন, ‘আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এসব শিশুদের খুশি করার আপ্রাণ চেষ্টা করেছি। শিশুপার্কের মোট সাতটি রাইড শিশুরা বিনা মূল্যে উপভোগ করতে পেরেছে।’
ভালো লাগা থেকেই এই আনন্দ আয়োজন করার কথা জানালেন সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজনের মাধ্যমে ওদেরও তৃপ্ত করতে পারি, আর তৃপ্তি পাই নিজেরাও। তাই আমাদের জন্মবার্ষিকীর কেকটা নিজেরা একা না খেয়ে ওদের সঙ্গে নিয়েই খেলাম।’
দিনব্যাপী এ আনন্দ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপলু বড়ুয়া, মহিলা ও শিক্ষাবিষয়ক সম্পাদিকা তাজিন হায়াত, সদস্য এএইচএম আলি, মাসুমুর রশিদ, ইব্রাহীম জোনায়েদ, মাহফুজুর রহমান, রোহান উদ্দিন, ফারুখ হোসেন, সোমা বড়ুয়া, কে এইচ এম ইউসুফ প্রমুখ।