গতকাল ছিল জাতীয় শিশু দিবস। শিশুর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা। নগরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও গড়ে উঠেছে এ ধরনের নানা প্রতিষ্ঠান। আর এ ক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসনে কিছু প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রেখেছে
উচ্ছ্বাস ও শৃঙ্খলার পরিবার লামা কোয়ান্টাম শিশুকানন
বান্দরবানের লামার দুর্গম পাহাড়ি এলাকা সরই। পাহাড়ে সবুজের ছড়াছড়ি। বসন্তের হাওয়ায় যেন রং বদলাচ্ছে গাছগাছালি। এ রকম নৈসর্গিক আরও কত কিছু? এই মনোরম প্রকৃতিতে এলাকাটি এখন বিখ্যাত কোয়ান্টাম শিশুকানন নামে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদরের বটতলী থেকে। আঁকাবাঁকা পাহাড় টিলা বেয়ে ২০ কিলোমিটারের পাকা সড়ক পেরিয়ে এখানে পৌঁছতেই সরইর কেয়াজুপাড়া চৌমুহনী। এখান থেকে সোজা বান্দরবান ও লামা সদরে যাওয়া যায়। আর এ বাজার থেকে একটি পাকা সরু সড়ক ধরে উত্তর দিকে যেতেই কোয়ান্টাম শিশুকানন। চারদিকে সুউচ্চ পাহাড়। এর মাঝে নানা রঙের সারি সারি একতলা দালান। ফাঁকে ফাঁকে শণের ছাউনির বাংলো। চোখ ধাঁধানো নির্মাণশৈলী। আরও সমপ্রসারিত সুউচ্চ পাহাড়ের ওপর গড়ে তোলা হচ্ছে ভারতের দার্জিলিংয়ের আদলে শিক্ষাপ্রতিষ্ঠান। গত রোববার বেলা একটা। মূলফটকে ঢুকতেই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে ভেতরে যাওয়া। ঢুকেই একটি হাতির পালের অভ্যর্থনা (ডামি)। সরু সরু ইট বিছানো পাকা সড়ক। পাহাড়ে পাহাড়ে সিঁড়ি। পাহাড়ের খাদে খাদে বসতি। একেক স্থাপনার একেক নাম। বৈচিত্র্যপূর্ণ, এ যেন এক অন্য ভুবন। ঘুরতে ঘুরতে বেলা দুটায় কোয়ান্টামের চিকিৎসালয় শাফিয়ানের সামনে যেতেই চোখে পড়ল সূচনা শ্রেণী। লম্বা টিনের চালার বাঁশের বেড়ার এ ঘরটিতেই শিশুকাননের সূচনা। পাশেই কথাসাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের নামে পাঠাগার। পাঠাগারের সামনে যেতেই হৈহুল্লোড় শব্দ। বের হচ্ছে সূচনা শ্রেণীর শিক্ষার্থীরা। বয়স সাড়ে তিন থেকে পাঁচ। সবাই সোজা লাইন ধরে কাঁধে হাত লাগিয়ে যাচ্ছে খাওয়ার ঘর দরবারানে। বসে পড়ছে সুশৃঙ্খল ভাবে। সামনে পৌঁছে যাচ্ছে খাবার। এ বয়সে যেভাবে মায়ের হাত থেকেই ভাত খাওয়ার কথা, সেই মমতায় তারা কোয়ান্টামের কর্মচারীদের কাছ থেকে ভাত নিয়ে খাচ্ছে।কোয়ান্টামের কো-অর্গানাইজার ইফতেখার আলম বললেন, ‘ছোট শিশুরা বাড়িতে খাওয়া-দাওয়া নিয়ে কত বায়না ধরে। কিন্তু আমাদের শিশুরা তার ব্যতিক্রম। তারা ডাইনিংয়ে যা পাবে তাই খাবে। তাদের জন্য রয়েছে মৌসুমি ফল। সবাই খাওয়ার পর সুশৃঙ্খলভাবে আবার শ্রেণীকক্ষে চলে যাবে।’সূচনা শ্রেণীর রাজীব চাকমা, বাবু ত্রিপুরা ও শিমুল জলাই ত্রিপুরা। ওদের বয়স বড়জোর চার-পাঁচ বছর। কেমন আছ? জিজ্ঞেস করতেই এক সঙ্গে সবাই বলে, ‘খু-ব ভালো আছি।’ ওরা জানায়, ‘মা-বাবার সঙ্গে প্রায় সময় কথা হয়।’ ইফতেখার আলম জানান, শিশুকাননে বর্তমানে ৩০২ জন আবাসিক ছাত্র রয়েছে। এদের মধ্যে বাঙালি, মার্মা, মুরুং, চাকমা, তঞ্চঙ্গ্যা, বম, সাঁওতাল, রাখাইন, চাক, খ্রিষ্টান, ক্ষিয়ো, কিয়াংসহ ১৫টি আদিবাসী সমপ্রদায় রয়েছে। এখানে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার ছেলে রয়েছে।বিকেল সাড়ে তিনটায় বিদ্যালয় ছুটির পর সবাই নেমেছে খেলাধুলায়। শিশুকাননের মাঠে কয়েক দলে ভাগ হয়ে হ্যান্ডবল খেলছে। সূচনা শ্রেণীর ছাত্ররা বেশির ভাগই শিশুপার্কে দোলনায় চড়ছে আর এদিক ওদিক ছোটাছুটি করছে। সবকিছুর মধ্যেই শৃঙ্খলা। চতুর্থ শ্রেণীর ছাত্র কেয়াপ্রু মার্মা আর মং রে মার্মা জানায়, সন্ধ্যা নামতেই তারা হাতমুখ ধুয়ে বসে পড়বে পড়ালেখায়। ভোর পাঁচটায় বিছানা ছেড়েই শারীরিক কসরতে অংশ নেয় তারা।শিক্ষকেরা জানান, খুব ছোটবেলা থেকেই তাদের সবকিছু হাতেখড়ি হচ্ছে। যার যেদিকে মনোযোগ তাকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ২০০৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৬ জন অংশ নিয়ে ৩৪ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। দুজন পেয়েছে দ্বিতীয় বিভাগ। এর মধ্যে তিনজন মেধাবৃত্তি ও তিনজন সাধারণ বৃত্তি পেয়েছে।শুরুর কথা: কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৯৯ সালে সেখানে প্রথম ধ্যানঘর প্রতিষ্ঠা করা হয়। ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয় ছয়জন শিশু দিয়ে শিশুকানন। শিশুকাননে বর্তমানে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলছে। আবাসিক ছাত্রের সংখ্যা ৩০২। এদের থাকা-খাওয়া, পড়া সব কিছুই কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে বহন করা হয়। শিশুকাননের তত্ত্বাবধায়ক সালেহ আহমেদ প্রথম আলোকে জানান, ‘দুর্গম পাহাড়ি এলাকার অনগ্রসর সুযোগ-সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের আধুনিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিশুকাননটি প্রতিষ্ঠা করা হয়। এখানে সরকারি পাঠ্যক্রমের পাশাপাশি নাচ-গান, খেলাধুলায় একটি শিশুকে সৃজনশীলতা বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে।’কোয়ান্টামের অর্গানাইজার কো-অর্ডিনেশন আনোয়ারুল ইসলাম জানান, ‘পাহাড়ের ওপর শিশুকাননের নতুন ভবন তৈরি সম্পন্ন হয়েছে। এখানে কোয়ান্টাম ফাউন্ডেশন শিক্ষা বিস্তারে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠার চিন্তা করছে।’তবে কর্তৃপক্ষের সঙ্গে আলাপে জানা গেল, এখানকার প্রধান সমস্যা বিদ্যুত্। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না। বর্তমানে কোনো মতে সৌরবিদ্যুত্ ও জেনারেটর চালিয়ে আলো এবং কার্যালয়ের কম্পিউটার চালানো হয়। লামা পৌরসভার মেয়র তাজুল ইসলাম জানান, ‘শিশুকাননটি ২০০৩ সাল থেকে জাতীয় দিবসে প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করে আসছে। গত বিজয় দিবসে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। এটি পাহাড়ি জনপদে শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।’