উচ্ছ্বাসে-উল্লাসে ইন্টারনেট কর্মশালা
আকাশটা একটু মেঘলা। তবু কারও বাড়ি ফেরার তাড়া নেই। কাঁধে ব্যাগ আর চোখ-মুখে দারুণ উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে সবাই। দশম শ্রেণীর কক্ষে। এখানে বসতে পারে বড়জোর ৮০ জন। কিন্তু বসেছে শতাধিক শিক্ষার্থী। যারা ভেতরে ঢুকতে পারেনি তারা বাইরে দাঁড়িয়ে আছে। জানালাগুলো দিয়ে উঁকিঝুঁকি দিচ্ছে। দেখার চেষ্টা করছে ঘরের ভেতরটা। তেমনি একজন মরিয়ম। পড়ছে দশম শ্রেণীতে। ভেতরে কী হচ্ছে জানতে চাইলে সে উচ্ছ্বাসের সঙ্গে জানায়, ‘ইন্টারনেট ব্যবহার শেখানো হচ্ছে। আমার খুব ইচ্ছা ইন্টারনেট শেখার। তাই অংশগ্রহণের ইচ্ছে ছিল। কিন্তু সুযোগ পেলাম না।’ ওর কথার সঙ্গে সুর মেলালো আরো কয়েকজন। এটা কাপ্তাই উচ্চবিদ্যালয়ের চিত্র। শুধু এই একটি বিদ্যালয়েই নয়, একই রকম চিত্র ছিল ইন্টারনেট কর্মশালায় অংশগ্রহণকারী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়ও। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট কর্মশালা তৃতীয় সপ্তাহেও ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাসভরা উপস্থিতি। ২১ জুন থেকে ১৭ জুলাই চলেছে এই কর্মশালা।রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণীর ছাত্রী চিন্নি চাকমা। উৎসবে অংশ নিতে এসে সে জানায়, ‘আমি ইন্টারনেট ব্যবহার করি, তবে অত দক্ষ নই। এখানে এসে অনেক কিছু শিখলাম। আশা করি, এবার আরও ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারব।’ সহপাঠীর কথা শুনছিল জারিন তাসনিম ও সপ্তর্ষি চাকমা। তারাও সহমত জানায়।প্রত্যয়ের কথা বলে উম্মে মীম। কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বলল, ‘আমি ইন্টারনেটের সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশের সব অশুভকে বদলাতে চাই। গড়তে চাই মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ।’ কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষার্থী তানভির আহমেদ বলে, ‘পাঠ্যবইয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে যা আছে, তা সত্যিই খুব কম। আমরা আরও জানতে চাই। এবার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমরা সবকিছু বিস্তারিত জানতে পারব।’শিক্ষার্থীদের অনেকের মধ্যে ছিল দৃঢ়তা। তেমনি একজন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী অয়ন চৌধুরী। সে দৃপ্ততার সঙ্গে জানায়, ‘গত বছর আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সুনামগঞ্জের আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে। এবারও আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কী হয়।’আই-ক্যাম্পে শিক্ষার্থীদের মনোযোগ কেড়ে নেয় তথ্যচিত্র আর মোবাইল ব্রাউজিংয়ের সুযোগ। শিক্ষার্থীদের আগ্রহের মাত্রা আরও এক ধাপ বেড়ে যায় কুইজ পর্বের সময়। একটি প্রশ্ন করতেই দু-তিন ডজন হাত ওঠে মুহূর্তেই। তারপর কম সময়ে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়ার পালা।কুইজ পর্বে জিতে সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাজরাতান নাইম সালওয়া হাসতে হাসতে বলে, ‘পুরস্কার পেয়ে সত্যিই অনেক খুশি আমি।’কর্মশালা শেষে প্রাপ্তির হাসি হেসে বাড়ির পথে রওনা হচ্ছিল পাবনার বেড়া মনজুর কাদের মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন। কেমন লাগল এই আয়োজন, জিজ্ঞেস করলে সে জানায়, ‘ক্যাম্প থেকে অনেক কিছু শিখলাম। ইন্টারনেটকে আর ভয় লাগছে না। যেকোনো তথ্য এখন এক নিমিষেই বের করতে পারব।’রাঙামাটির সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আই-ক্যাম্পে যোগ হয়েছিল নতুন মাত্রা। প্রযুক্তির প্রশিক্ষণ আর আলোচনা করেই তারা থেমে থাকেনি। বিদ্যালয়ের চাকমা, বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখো শিক্ষার্থীরা নিজেদের ভাষায় গান গেয়ে উৎসব মাতিয়েছিল। প্রাণের টানে মিলেছিল সবাই।এই মিলনমেলা আর আই-ক্যাম্পের আয়োজনেই শেষ নয়। সামনে আসছে ইন্টারনেট উৎসব। এই উৎসবের জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্তীরা উদগ্রীব হয়ে আছে। অপেক্ষা করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা