উচ্ছ্বাসে-আনন্দে তারুণ্যের জয়

আকাশে ঈদের চাঁদ। সেই খুশির আনন্দ নিয়েই মঞ্চে এলেন দুই তরুণ-তরুণী। গায়ে উৎসবের পোশাক। তরুণীর আবদার ঈদের সেলামির। তরুণের শর্ত, সেলামি নিতে হলে সালাম করতে হবে। অতঃপর শর্তপূরণ করে সেলামি আদায় করেই নিলেন তরুণী। এরপর ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হলো সবার মধ্যে। এই খুনসুটি ভরা দৃশ্যটি অভিনীত হয়েছে শুধুই ইশারায়। কোনো সংলাপ ছিল না।
এই পর্বটি শেষ হতেই বেজে উঠল পুজোর ঢাক। পুজোর অর্ঘ্য সাজিয়ে হিন্দু রমণীর সাজে মঞ্চে এলেন এক তরুণী। সৃষ্টি হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আবহ। ঠিক একইভাবে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধপূর্ণিমার দৃশ্যও অভিনীত হলো। অসাম্প্রদায়িক বার্তা ছড়িয়ে দেওয়ার এত সবকিছুই হয়েছে ফ্যাশন কিউর মাধ্যমে। ফ্যাশন িকউতে অংশ নেন বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা।

এ চিত্র কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫ এর সমাপনী পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতার। ৮ থেকে ১০ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসেছিল আসর। চতুর্থবারের মতো বন্দরনগরে এই উৎসবের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা।
‘আমরাই বাংলাদেশ’ শিরোনামের এই প্রতিযোগিতায় আরও মাতিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চুয়েটের শিক্ষার্থীরা ছোট ছোট নাট্যাংশের মধ্য দিয়ে তুলে আনেন সমাজের নানা অসংগতি। তরুণদের প্রতিবাদের ভাষাকে যেন রূপান্তরিত করেছেন মঞ্চে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয় গান ও নাচের মধ্য দিয়ে উঠে এসেছে স্বাধীনতার ইতিহাস। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ধারাবাহিকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের নানা পর্বকে তুলে ধরেছেন তাঁরা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায়। তরুণদের এমন পরিবেশনা মুগ্ধ করে শিল্পকলা প্রাঙ্গণের হাজারো দর্শককে।
জিইসি এলাকা থেকে মেয়েকে নিয়ে উৎসবে আসা পারভীন সুলতানা বলেন. ‘দেশ নিয়ে তরুণদের ভাবনার প্রতিফলন দেখে আমি অভিভূত। তরুণেরা এভাবে ভাবে দেশ নিয়ে। এই তরুণেরা আমাদের উন্নতির িশখরে নিয়ে যাবেই। তারা আমাদের আশাবাদী করে তুলেছে।’
অন্য দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী মৌসুমী আহমেদের ভাবনা আরও বিস্তৃত। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণেরা বিশ্বজয় করছে। আমরা সেই পথেই এগোচ্ছি। বিশ্বব্যাপী লাল-সবুজের পতাকা ওড়ানোই আমাদের স্বপ্ন। তরুণদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ আরও প্রয়োজন।’

এদিকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পর্বও ছিল হৃদয়ছোঁয়া। ‘ও আলোর পথযাত্রী/এ যে রাত্রি/এখানে থেমো না’ গানের সঙ্গে একে একে লাল গালিচার ওপর দিয়ে ‘গার্ড অব অনার’ নিয়ে মঞ্চে উঠলেন মুক্তিযুদ্ধের পাঁচ বীর সেনানী ডা. মাহফুজুর রহমান, আ ক ম রইসুল হক বাহার, ফারুক ই আজম (বীরপ্রতীক), মো. সাহাবউদ্দিন ও অমল মিত্র। দর্শকের করতালিতে মুখর তখন পুরো শিল্পকলা প্রাঙ্গণ। বিজয়ের মাসে তারুণ্যের ভালোবাসায় এভাবেই সিক্ত হলেন রণাঙ্গণের বীর যোদ্ধারা। বন্ধুসভার বন্ধুদের ‘গার্ড অব অনারের’ পর বীর যোদ্ধাদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।
এর আগে বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বসে আন্তস্কুল ও আন্তকলেজ বিতর্কের চূড়ান্ত পর্বের আসর। এতে স্কুল পর্যায়ে শিরোপা জেতে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ। রানার আপ হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ। কলেজ পর্যায়ের বিতর্কে রানার আপ হয় ক্যামব্রিয়ান কলেজ। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রথম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি তৃতীয় হয়। সংবর্ধিত পাঁচ বীর সেনানী পুরস্কার তুলে দেন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে।
৮ ডিসেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক এবং বিক্রয় ও বিপণন প্রধান জহির উদ্দিন আহমেদ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।