
ক্যাম্পাসজীবন শেষ। নতুন জীবনের পথে পা বাড়াতে হবে এবার। কিন্তু সবুজ পাহাড়ে ঘেরা এই প্রিয় ক্যাম্পাস আর সহপাঠীদের ছেড়ে যাওয়ার বিচ্ছেদ–বেদনাও তো আছে। তবে তারুণ্যের স্বভাব অনুযায়ী উচ্ছ্বাসই জয়ী হলো শেষ পর্যন্ত। তাই আনন্দ-উল্লাসেই গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর উদ্যাপিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব।
বিদায় উৎসব বা র্যাগ ডে উপলক্ষে সাংবাদিকতা বিভাগকে সাজানো হয়েছিল অন্য রকম সাজে। বিভাগের দাপ্তরিক কক্ষের সামনের দেওয়ালে ঝোলানো হয়েছিল বিদায়ী শিক্ষার্থীদের গত ছয় বছরের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের স্থির চিত্র। সামনের করিডরজুড়ে হরেক রকমের ফুল। মাইকে ভেসে আসছিল গানের কলি, ‘পুরানো সেই দিনের কথা...’।
২৩ সেপ্টেম্বর বিদায় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খন্দকার আলী আর রাজি। এরপর বিভাগের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন বিদায়ী শিক্ষার্থীরা।
তবে বিদায়ের আসল উত্তাপটা যেন জমা ছিল ২৪ সেপ্টেম্বরের জন্য। বিদায়ী শিক্ষার্থীরা ওই দিন বিশ্ববিদ্যালয়কে শেষবারের মতো বিদায় জানালেন। সবার গায়ে সাদা টি–শার্ট। সকাল ১০টা বাজতেই ঢোল–তবলা আর উদ্দাম নৃত্যে তাঁরা পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন। ঘড়ির কঁাটা ১১টার ঘরে যেতেই শুরু হয় রঙের খেলা। প্রতিযোগিতা চলছিল কে কার গায়ে কত রং দিতে পারেন, তার।
এর মধ্যেই চললো ছবি তোলার উৎসব। পরে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিদায়ী ভোজে অংশ নিলেন শিক্ষকেরাও।
খাওয়াদাওয়ার পর শিক্ষকেরা শোকাতুর শিক্ষার্থীদের টি–শার্টে শুভকামনা জানিয়ে লিখলেন বিভিন্ন কথা। বিদায়ী শিক্ষার্থীরাও একে অন্যের জামায় এঁকে দিলেন অটোগ্রাফ। সন্ধ্যা পর্যন্ত কাটল এভাবে।
রাত নয়টা। সবাই অপেক্ষা করছেন প্রিয় শাটল ট্রেনের জন্য। একটু পরেই দূর থেকে ভেসে আসে হুইসেলের আওয়াজ। বেজে ওঠে বিরহের সুর। বিদায়ী শিক্ষার্থীরাও একে অপরকে জড়িয়ে ধরে স্মৃতি রোমন্থন করতে থাকেন। তবে বন্ধুদের মধ্যে বিদায় হয় নাকি? প্রযুক্তির এই যুগে কে হারিয়ে যায়? তাই আবার দেখা হবে—এমন প্রত্যাশা নিয়েই ক্যাম্পাস ছাড়লেন সবাই।