উজানেও দূষণে কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানেও দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদী। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কর্ণফুলী কাগজকল (কেপিএম), বাংলাদেশ পাটকল সংস্থা (বিজেএমসি) নিয়ন্ত্রিত কর্ণফুলী পাটকল, ফোরাত কার্পেট ও সিরামিক কারখানা এবং ইঞ্জিনচালিত নৌকায় ব্যবহূত জ্বালানি তেলের বর্জ্যে পানি দূষিত হচ্ছে। এতে নদীর পানির ওজন স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হ্রাস পেয়েছে নাব্যতাও। নদীর দূষিত পানি ব্যবহারে হাঁপানি ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জেলার রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী, হাটহাজারীসহ আশপাশের অনেক উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এ দূষণ।জানা যায়, রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠে কর্ণফুলী পাটকল, ফোরাত কার্পেট, সিরামিক কারখানা ও চন্দ্রঘোনায় কাগজকল। এসব কারখানার উৎপাদনকাজে ব্যবহূত রাসায়নিক পদার্থের বর্জ্য সরাসরি ফেলা হয় কর্ণফুলী নদীতে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, রাসায়নিক বর্জ্যের বিক্রিয়ায় কর্ণফুলী নদীর পানি কালচে রং ধারণ করেছে। কস্টিক সোডার প্রভাবে এ নদীর পানি খসখসে হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, রাসায়নিক বর্জ্যে ওজন বেড়ে গিয়ে পানি প্রবাহ কমে যাওয়ায় উজানের পলি নিচের দিকে নামতে পারে না। ফলে কর্ণফুলী নদীর তলদেশ পলিতে ভরে গিয়ে নাব্যতা হ্রাস পাচ্ছে। চন্দ্রঘোনা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় অসংখ্য বালুর চর জেগে উঠেছে। জানা যায়, নদীর বিভিন্ন স্থানে এলোমেলো চর জেগে ওঠার কারণে নদীর পানি প্রবাহ পরিবর্তনে তীরের দুই দিকে ভাঙন বেড়ে গেছে। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর, কোদালা শিলক ও বেতাগির বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আগে দূষণের হাত থেকে কর্ণফুলী নদী রক্ষা করতে হবে। কলকারখানার বর্জ্য ফেলা বন্ধ না হলে নদীর পানি প্রবাহ বাড়বে না। পানি প্রবাহ বাড়ানো ছাড়া নদী খননও কোনো কাজে আসবে না।’ হারিয়ে যাচ্ছে মাছ: উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, রাঙ্গুনিয়ার মৎস্য ভান্ডার কর্ণফুলী নদী, ইছামতি নদী, মুন্দারি খাল, ডং খাল, শিলক খাল, বেতাগি ঢেমির ছড়া খাল, গোচরা খাল ও শস্যভান্ডার গুমাই বিলে একসময় ২৬৬ প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। তিনি বলেন, ‘নদীতে ফেলা রাসায়নিক বর্জ্যের কারণে ওজন বেড়ে পানির স্বাভাবিক প্রবাহ কমে গেছে। ফলে প্রায়ই নদীর মাছ মরে ভেসে ওঠে।’ কৃষিপণ্যেও ছড়িয়ে পড়ছে বিষক্রিয়া: উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, গুমাই বিলের প্রায় দুই হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয় কর্ণফুলী নদীর পানি দিয়ে। এ জন্য চন্দ্রঘোনার হাসেম খাল, কাটাখালি মহাফেজ খাল, কুরমাই খাল, মুন্দারি খাল দিয়ে কর্ণফুলীর পানি এনে চাষাবাদ করা হয়। কর্ণফুলীর শাখা ইছামতি নদী, শিলক, গোচরা, চিরিঙ্গা, ঘাগড়া, বেতাগি খালসহ প্রায় ১৩টি খাল দিয়ে কর্ণফুলীর পানি এনে আরও ১৬ বিলে চাষাবাদ করা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে বোরো চাষাবাদের সময় কর্ণফুলীর পানি সেচ দিতে হয়। তিনি বলেন, রাসায়নিক বর্জ্যে দূষিত পানি ব্যবহারের ফলে বিলে উৎপাদিত কৃষিপণ্যে বিষক্রিয়া হওয়াটা স্বাভাবিক। যা মানুষের শরীরে নীরব ঘাতক হিসেবে কাজ করছে।’নানা রোগে আক্রান্ত নদীপাড়ের মানুষ: রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খোরশেদা শিরীন প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীতীরের বাসিন্দাদের অধিকাংশই হাঁপানি ও চর্মরোগে আক্রান্ত। বিশেষ করে বেতাগি, চন্দ্রঘোনা, মরিয়মনগর, পোমরা ও ঘাটচেক পৌর এলাকার মানুষ হাঁপানি ও চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসে। কর্ণফুলী নদীর দূষিত পানি ব্যবহারে আশপাশের মানুষ এসব রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। রসায়নবিদের বক্তব্য: কর্ণফুলী কাগজকলের সাবেক রসায়নবিদ আবদুর রহমান বলেন, কর্ণফুলী কাগজকলে কাগজ তৈরিতে সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রো-অক্সাইড, কস্টিক সোডা, সালফিউরিক এসিডসহ বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। আর এ থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড, অ্যামোনিয়ামসহ নানা রাসায়নিক বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীর পানিতে ফেলা হয়। যা পানির সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম বায়ো সালফেটে পরিণত হয়। যার ফলে কর্ণফুলীর পানি ক্রমেই লবণাক্ত হয়ে পড়ছে। কর্তৃপক্ষের বক্তব্য: কর্ণফুলী কাগজকলের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক বলেন, কর্ণফুলী কাগজকলে ব্যবহূত কাগজের রাসায়নিক বর্জ্য নিরাপদ ট্যাংকিতে রাখার ব্যবস্থা নেই। এ বর্জ্য সংরক্ষণ করা এবং শোধনের মাধ্যমে নিষ্ক্রিয় করার বিষয়টি ব্যয়বহুল। লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বর্জ্য সংরক্ষণ কারখানার পক্ষে কঠিন কাজ। একই কথা বলেছেন কর্ণফুলী পাটকল, ফোরাত কার্পেট ও সিরামিক কারখানার ব্যবস্থাপকেরাও। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠাবেন বলে জানান।