বন বিভাগের একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে একটি চক্র চুনতি অভয়ারণ্যের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে দেশের অন্যতম বৃহৎ এই বনে বসবাসকারী প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভয়ারণ্যকে ঘিরে গড়ে উঠেছে ইটভাটা, করাতকল ও অসংখ্য আসবাবপত্রের দোকান। এসব স্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এলাকার ১৯ হাজার এক শ ৭৭ একর জায়গায় চুনতি সংরক্ষিত অভয়ারণ্য এলাকা গড়ে উঠেছে। ১৯৮৬ সালের মার্চ মাসে কৃষি মন্ত্রণালয় বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের জন্য এ জায়গা অধিগ্রহণ করে। ১৯৯২ সালের ৯ জানুয়ারি তৎকালীন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এর উদ্বোধন করেন। ওই সময় এখানে পাঁচ শ প্রকারের গাছ ছিল। ২০০৩ সালে অভয়ারণ্যের মধ্যে বন বিভাগের আওতাধীন দুটি রেঞ্জ কার্যালয় স্থাপন করা হয়। এর মধ্যে একটি চুনতি রেঞ্জ যার অধীনে আছে তিনটি বিট কার্যালয়। অপরটি হলো জলদি রেঞ্জ। এর অধীনে রয়েছে চারটি বিট কার্যালয়। অনুসন্ধানে জানা গেছে, অভয়ারণ্যে সেগুন, গর্জন, জাম, জলপাই, বাঁশসহ অন্যান্য গাছ নির্বিচারে কাটছে বনদস্যুরা। বর্তমানে বিট কার্যালয়ের আশপাশের এলাকা ছাড়া বনের অন্যান্য স্থানে গাছ তেমন নেই বললেই চলে। এখানে হাতি, বানর, হনুমান, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি, সজারু, খেঁকশিয়াল ও অন্যান্য পশু-পাখি থাকলেও আবাসস্থল বিনষ্ট হওয়ার ফলে এদের অস্তিত্বও বিপন্ন হচ্ছে। হাতির আবাসস্থল হিসেবে বিখ্যাত এ অভয়ারণ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে। খাদ্যের সন্ধানে হাতিরা প্রায়ই লোকালয়ে হানা দিয়ে জান-মালের ক্ষতি করছে। জানা যায়, চুনতি অভয়ারণ্যসংলগ্ন ছয়টি ইটভাটা, চারটি করাতকল ও একটি প্লাইউড কারখানা রয়েছে। এ ছাড়া রয়েছে বেশ কিছু মুরগির খামার। ইটভাটা ও করাতকলের জন্য অভয়ারণ্যের এলাকা থেকে কাটা হচ্ছে কাঠ। আধুনগর, চুনতি, আজিজনগর, হারাবাং, বড়হাতিয়া, দরবেশহাট, পুটিবিলা, চরম্বা, পদুয়া ও ঠাকুরদিঘিসহ বেশ কিছু এলাকায় করাতকলের জন্য কাঠ কেটে মজুদ করা হয় বলে জানিয়েছে বন বিভাগের একটি সূত্র। চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আবুল হোসেন খান বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভয়ারণ্যের পাশে কোনো বসতি, ইটভাটা ও করাতকল স্থাপন করা যাবে না। তা ছাড়া বন্যপ্রাণী শিকার ও শিকারের উদ্দেশ্যে ফাঁদপাতাও পুরোপুরি নিষিদ্ধ।’ তিনি আরও জানান, কাঠপাচারকারীরা সশস্ত্র ও সংখ্যায় বেশি। তাই পাচারকারীদের ব্যাপারে অনেক সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।অনুসন্ধানে জানা যায় অভয়ারণ্যের ভিতরে ১০ হাজারের বেশি পরিবার বসবাস করে। এখানকার বাসিন্দাদের দাবি, বন বিভাগের কর্মকর্তাদের টাকা দিয়ে তাঁরা এখানে থাকছেন। স্থানীয় বাসিন্দা শাহআলম ও ইসমাইল জানান, তাঁরা ল্যাঙ্গা হাছান নামের এক লোকের কাছ থেকে অভয়ারণ্যের ভিতরে ১৮ থেকে ২০ হাজার টাকায় জায়গা কিনেছেন। এ ব্যাপারে চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন বলেন, ‘বিশাল অভয়ারণ্য পাহারা দেওয়ার মতো লোক আমাদের নেই। জনবল-সংকটের কারণে চুনতি অভয়ারণ্যের বৃক্ষসম্পদ রক্ষা করতে কষ্ট হচ্ছে। তবে অভয়ারণ্যের জায়গা বিক্রি ও ঘর তৈরির তথ্য আমার জানা নেই।’