কক্সবাজারের সমুদ্র উপকূলীয় প্রতিবেশ সংকটাপন্ন মহেশখালী উপজেলার সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকার প্যারাবন রক্ষা করা যাচ্ছে না। প্রায় সাত হাজার একর প্যারাবন রক্ষায় আছেন মাত্র চারজন বনরক্ষী। রক্ষণাবেক্ষণের অভাবে উজাড় হচ্ছে শত শত গাছ। পাশাপাশি চলছে বনের ভেতরে বিচরণরত পাখি শিকার আর নির্বিচারে আহরণ করা হচ্ছে কাঁকড়া, শামুক-ঝিনুক, পোনাসহ নানা প্রজাতির মাছ। এ কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।গাছ কাটার মহোৎসব: সম্প্রতি সরেজমিনে সোনাদিয়া ও ঘটিভাঙ্গা প্যারাবনে গিয়ে দেখা গেছে, অসংখ্য মানুষ বনের বাইরে নদী ও খালে নিষিদ্ধ জাল বসিয়ে চিংড়ি পোনা, কাঁকড়াসহ বিভিন্ন মাছ আহরণ করছেন। অনেকে জোয়ারের সময় নৌকা নিয়ে প্যারাবনে ঢুকে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এসব প্রতিরোধের কেউ নেই। পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (সিবিএইসিএ) প্রকল্প বাস্তবায়ন সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) মহেশখালী উপজেলা কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, ‘প্রায় প্রতিদিন প্যারাবনের গাছ কেটে নিতে দেখা যায়। কিন্তু নানা কারণে প্রতিরোধ করা যাচ্ছে না। তা ছাড়া গাছ চোরদের হাতে অবৈধ অস্ত্র থাকে।’তিনি জানান, এক মাস আগে ঘটিভাঙ্গা প্যারাবন থেকে পাচারের সময় দুটি নৌকাভর্তি বিপুল পরিমাণ গাছ উদ্ধার করা হয়েছিল। গত ডিসেম্বর মাসেও গাছ বোঝাই দুটি নৌকা সোনাদিয়ার মগচর থেকে জব্দ করা হয়। এর আগে গাছভর্তি ২৮টি নৌকা জব্দ করে উপকূলীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তার পরও গাছ কাটা বন্ধ করা যাচ্ছে না। উপকূলীয় বন বিভাগ মহেশখালীর ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা অশীম কুমার বড়ুয়া জানান, গত ১৫ মার্চ প্যারাবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছ উদ্ধার করা হয়েছে। কিন্তু অনেক সময় অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বলে গাছচোর ও সন্ত্রাসীদের বাধা দিতে পারি না।তিনি বলেন, ‘সোনাদিয়া ও ঘটিভাঙ্গা মৌজায় প্রায় সাত হাজার একরের প্যারাবন রয়েছে। সোনাদিয়ায় প্রায় তিন হাজার একর প্যারাবন রক্ষা করেন মাত্র দুজন বনরক্ষী। সেখানে বন বিভাগের কোনো কার্যালয়ও নেই। অন্যদিকে ঘটিভাঙ্গায় প্রায় চার হাজার একর প্যারাবন দেখাশোনার দায়িত্ব পালন করেন অপর দুই বনরক্ষী। এ ছাড়া দ্রুত যাতায়াতের জন্য বন বিভাগে কোনো যানবাহন বা নৌযান নেই। ফলে জোয়ারের সময় গাছ কাটার খবর পেলেও নৌযানের অভাবে অভিযানে নামা সম্ভব হয় না।ফাঁসজালে ১০ হাজার গাছ : সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনাদিয়া ও ঘটিভাঙ্গার চতুর্দিকে প্রায় ২৮ কিলোমিটার নদী ও খাল এবং সাগরের মোহনায় অন্তত ২০টির বেশি ‘ফাঁদজাল’ বা ‘চরজাল’ বসানো। প্রতিটি জালে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে কমপক্ষে ৫০০ খুঁটি। জোয়ার শুরুর সময় এসব খুঁটিতে লম্বা নিষিদ্ধ জাল বেঁধে দেওয়া হয়। ভাটার সময় জোয়ারের পানি নেমে গেলে জালে আটকা পড়ে কোরাল, লাক্ষা, দাঁতিলা, পাঙ্গাসসহ বড় বড় সামুদ্রিক মাছ ও কাঁকড়া। এ সময় নিষিদ্ধ জালে আটকা পড়ে মারা যায় বিভিন্ন প্রজাতির অসংখ্য পোনা। নেকমের জেলা কর্মকর্তা শফিকুর রহমান জানান, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, হোয়ানক, শাপলাপুর প্যারাবন ঘিরে এ রকম অসংখ্য নিষিদ্ধ জালে অন্তত ১০ হাজারের বেশি খুঁটি ব্যবহার করা হচ্ছে। এসব গাছ প্যারাবন থেকেই কাটা হচ্ছে। প্যারাবন কেটে চিংড়িঘের : অনুসন্ধানে জানা গেছে, বিগত এক দশকে মহেশখালী উপজেলার ১০ হাজার একরের মধ্যে অন্তত পাঁচ হাজার প্যারাবন উজাড় করা হয়েছে। উজাড় করা বনে তৈরি করা হয়েছে ৩০টির বেশি চিংড়িঘের। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ১৯৭৫ সালের পর থেকে উপজেলার মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়া বিটে এক হাজার ২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙ্গায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়ায় দেড় হাজার একর, গোরকঘাটায় ৫০০ একর ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন সৃজন করা হয়েছিল। ১৯৯৮ সালের পর থেকে স্থানীয় ভূমিদস্যুরা প্যারাবন নিধন শুরু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপির প্রভাবশালী নেতারা সোনাদিয়ার এক হাজার ৪৮৫ একর প্যারাবন উজাড় করে তাতে ১৩টি চিংড়িঘের তৈরি করেন। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ জন প্রভাবশালী বন বিভাগের সৃজিত প্যারাবনের ১৪ লাখ ৮৫ হাজার বাইন গাছ কেটে ফেলেন। এ ছাড়া মাতারবাড়ি, ধলঘাটা, ঝাপুয়া, বড়দিয়া, ঘটিভাঙ্গা প্যারাবন নিধন করে ভূমিদস্যুরা তৈরি করেন আরও ১৭টি চিংড়িঘের। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, ‘দ্বীপ রক্ষার জন্য পর্যাপ্ত প্যারাবন এখন নেই। ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হলে ২০ হাজার মানুষের প্রাণ রক্ষা করা কঠিন হবে।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘এই ইউনিয়নে দ্রুত প্যারাবন সৃজন করা না হলে জলোচ্ছ্বাসের কবল থেকে প্রায় ৪০ হাজার মানুষকে রক্ষা করা যাবে না।’