
শিল্পী শাহাবুদ্দিন আহমদ, যাঁর ছবিতে আছে গতি। প্যারিসপ্রবাসী এই চিত্রশিল্পীর পছন্দ উজ্জ্বল রঙের পোশাক। উজ্জ্বল রং তাঁর মনকে আনন্দময় করে তোলে। ভালোবাসেন রাঁধতে, বাগান করতে। তাঁর ঢাকার বাড়িতে বসে জানা গেল শিল্পীর নিজস্ব স্টাইল
সাধারণত সবাই যা ব্যবহার করেন, তা তিনি করেন না। এই যেমন হাতঘড়ির কথাই ধরা যাক। অনেকেই ব্যবহার করেন বলে তিনি করেন না। এটাই তাঁর বৈশিষ্ট্য। নিজেকে সব সময় অন্যের থেকে আলাদা রাখতে পছন্দ করেন। সেটা হোক তাঁর কাজের ক্ষেত্রে, হোক তাঁর স্টাইলে। এই ভিন্নতা ও বিশেষত্বের কারণেই তিনি সবার থেকে একটু আলাদা। এমনটাই মনে করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ।
প্রায় ৩৯ বছর তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকেন। সুযোগ পেলে কিংবা বেড়ানোর কথা মনে হলেই সপরিবারে ঢাকায় চলে আসেন। কিন্তু যেখানেই থাকেন না কেন, দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও নিয়মের হেরফের হয় না। সকাল সাতটা-সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে কফি হাতে শুরু হয় তাঁর দিন। এরপর পরিবারের সবার জন্য সকালের নাশতা তৈরি করেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ছবি আঁকেন। ঢাকায় এসেও এই নিয়ম চলে। এর কারণ জানতে চাইলে বলেন, ‘নিজেকে চর্চার মধ্যে রাখি, যাতে কোনো কিছু ভুলে না যাই। আরও ভালো কিছু করতে পারি।’
সকালে অবশ্য আরেকটি কাজ করেন শাহাবুদ্দিন আহমদ। পত্রিকা খুলে সবার আগে দেখেন টিভিতে রাতে কোনো ফুটবল খেলা দেখানো হবে না। তাহলে সন্ধ্যার মধ্যেই সব কাজ সেরে ফেলেন। তিনি নিজে টেবিল টেনিস খেলেন নিয়মিত। তাঁর মতে, শরীর ঠিকঠাক থাকার এটা একটা কারণ।

দুপুরের খাবার খেয়ে আরেক দফা ছবি আঁকতে বসে যান। অন্য কোনো কাজ না থাকলে সন্ধ্যা পর্যন্ত চলে ছবি আঁকা। রান্না করতে খুব ভালোবাসেন শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমার রান্নার সবচেয়ে ভক্ত দুই মেয়ে চিত্র ও চর্যা। বাসায় আমিই বেশি রান্না করি। ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে যেমন ভালোবাসি, রান্নার ক্ষেত্রে তেমনই। আমার হাতের ডাল অন্য রকম স্বাদের হয়। তাই প্রিয় খাবারের তালিকায় প্রথমেই আছে ডাল, গরুর ভুঁড়িভাজা, ইলিশ মাছ, কাচকি মাছ, চ্যাপা শুঁটকি ও আম।’
শাহাবুদ্দিন আহমদের শখের তালিকায় আরও একটি কাজ আছে। বাগান করতে খুব পছন্দ করেন। ঢাকার বাসায় ছাদের বাগান দেখে সহজে তা বোঝা যায়। জিজ্ঞাসা করলাম, প্যারিসেও কি বাগান আছে—হেসে জানালেন, গাছের দেখভাল সেখানেও করেন। ঢাকার মতোই বাগান আছে। সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে মনটা সতেজ হয়ে যায়।
চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ সব সময় উজ্জ্বল রঙের পোশাক পরেন। লাল, কমলা, নীল ও সবুজের মতো উজ্জ্বল রং তাঁর মনকে আনন্দময় করে তোলে। সাধারণত একরঙা শার্ট বেশি পরেন। মাঝেমধ্যে চেকের ফ্যাশনেবল প্যান্ট পরেন। তবে চাপা কাটের প্যান্ট তাঁর প্রিয়। শার্ট-প্যান্ট ও বেল্ট তিনটি উজ্জ্বল রঙের হলেও কনট্রাস্ট করে পরেন। ছবি আঁকা কিংবা সাধারণ সময়ে ভি-গলার টি-শার্ট পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোনো ব্র্যান্ডের প্রতি বিশেষ ঝোঁক নেই। ফরমাল অনুষ্ঠানে শার্ট ও প্যান্টই পরেন। প্যারিসে শীতের সময় সোয়েটার ও ওভারকোট পরেন। ব্লেজার এই দীর্ঘ জীবনে মাত্র দুবার পরেছেন। কখনোই টাই পরেন না তিনি। বিশেষ কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি পরেন।
সুগন্ধির মধ্যে সাধারণত গেতিয়ে, স্যানেল ও কেনজো ব্যবহার করেন। নিয়মিত না হলেও সময় পেলে সিনেমা দেখেন।