উজ্জ্বল ত্বকের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে ঢেকে বাইরে বের হলেন। চোখে রোদচশমা, মাথায় ছাতা। তাতেও ত্বক রেহাই পায় না সূর্যের তাপ থেকে। এতে ছেলেমেয়ে উভয়ের ত্বকেই রোদে পোড়া ভাব চলে আসে। কিন্তু বাইরে তো বের হতেই হবে। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান বলেন, ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে সানস্ক্রিন লোশন বা ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে। তবে ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করা উচিত। তা না হলে ত্বক কালো হয়ে যাওয়া, তৈলাক্ততা ও ব্রণের সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল ফ্রি প্রসাধনসামগ্রী ব্যবহার করতে হবে। এ ছাড়া মেডিকেটেড সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশের জন্য সানস্ক্রিন লোশনের এসপিএফ ৪০-এর ওপরে হওয়া উচিত।এর পরও তৈলাক্ত ভাব থাকলে লুজ পাউডার বা সাদা বেবি পাউডার ব্যবহার করলে তা কমে যাবে। মেয়েদের ব্যাগে প্রতিদিন সানগ্লাস, ছাতার পাশাপাশি অয়েল কন্ট্রোল পেপার বা ব্লটিং পেপার, ওয়েট টিস্যু, অতিবেগুনি রশ্মি প্রতিরোধক কমপ্যাক্ট ও সানস্ক্রিন লোশন রাখা উচিত। কেননা, সানস্ক্রিন লোশন ব্যবহারের তিন-চার ঘণ্টা পরে এর কার্যকারিতা থাকে না। সে জন্য মুখ-হাত বা পায়ের ত্বক পরিষ্কার করে পুনরায় লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। যাঁরা সাঁতার কাটেন, রোদে তাঁদের ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয়। পানিরোধক সানস্ক্রিন লোশন পাওয়া যায় বাজারে। সেটি ব্যবহার করতে পারেন তাঁরা। এসব খেয়াল রেখে চললে ত্বকের রোদে পোড়া ভাব অনেকখানি এড়িয়ে চলা সম্ভব। আর এই সময়ে অবশ্যই সুতির পোশাক পরা উচিত। কিন্তু এসবের পরেও যদি ত্বকে রোদে পোড়া ভাব চলেই আসে, তাহলে নিয়মিত যত্ন করতে হবে। ফারজানা আরমান বলেন, বাসায় এসে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। আগে থেকে শসার রস করে ফ্রিজে রেখে দিতে পারেন। বাইরে থেকে এসে শসার রস তুলায় ভিজিয়ে মুখে, হাতে-পায়ে ব্যবহার করতে পারেন। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক হলে আলু ও লুেবর রস মিশিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে তৈলাক্ত ভাব কমবে, এমনকি রোদে পোড়া ভাবও দূর হবে। লেবু ও শসার রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব হিসেবে সপ্তাহে তিন দিন ব্যবহার করা যেতে পারে।মিশ্র বা শুষ্ক ত্বকে কাঁচা দুধ, হলুদের গুঁড়া বা কাঁচা হলুদ পেস্ট করে হাত-পা-মুখে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে, সব উপাদান সবার ত্বকে সহনীয় হয় না। কোনো র‌্যাশ উঠলে বা চুলকালে সেই উপাদান ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। এ ছাড়া মধু, টক দই, চন্দন, মুলতানি মাটি ত্বকের পোড়া ভাব দূর করতে খুবই কার্যকর। এসবের মিশ্রণ বা যেকোনো উপাদান নিয়মিত ব্যবহার করতে পারেন। চাইলে সিরকা বা ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে তুলায় ভিজিয়ে মুখ মুছে ফেলতে পারেন। চোখে শসা বা আলুর রস ব্যবহার করলে ডার্ক সার্কেল কমে যাবে। রোদের কারণে চোখে এটি বেশি হয়। তবে নিয়মিত ত্বকের যত্ন নিলে রোদে পোড়া ভাব দূর করা সম্ভব। সাধারণত সন্ধ্যার পরে এসব প্যাক ব্যবহার করা ভালো। ছেলেদের রূপচর্চাকেন্দ্র মেনস কেয়ারের রূপবিশেষজ্ঞ মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, রোদে পোড়া ভাব দূর করতে নিয়মিত ফেসিয়াল করা দরকার। বিশেষ করে, খোলা জায়গা, সমুদ্রের তীরে ঘুরতে গেলে রোদে ত্বক বেশ পুড়ে যায়। ফেয়ার পলিশ, অ্যালোভেরা ফেসিয়াল ছেলেরাও করতে পারে। ঘরে বসেও তারা ত্বকের যত্ন নিতে পারে। বাইরে বের হওয়ার আগে ভালো করে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর বরফের টুকরো নিয়ে ত্বকে আলতো করে ঘষে নিন। এতে রোদের প্রখরতা ত্বকে কম পড়বে। মধু, কাঁচা দুধ, মুলতানি মাটির মিশ্রণ ব্যবহারে উজ্জ্বলতা আসবে এবং পোড়া ভাব দূর হবে। ডাবের পানি, মুলতানি মাটি ও সুজি দিয়ে একটি স্ক্রাব তৈরি করতে পারেন। এর নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ভাব কমে যাবে। এ ছাড়া পেঁপে ও গোলাপজলের মিশ্রণ প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। এসব প্যাক মুখ, গলায় ও হাতে-পায়ে নিয়মিত ব্যবহার করতে হবে। তাহলেই সহজে উপকৃত হবেন।