
এবার ঈদটা পরিবারের সঙ্গে ঢাকাতেই করবেন মডেল ও অভিনয়শিল্পী টয়া। চাঁদরাত পর্যন্ত কাজের চাপ থাকবে বলে ঈদের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠবেন। সকালে বরাবরের মতো মা-বাবাকে সালাম করে খেতে বসবেন। এই সময়ে পরবেন কুর্তি। বিকেল পর্যন্ত এই পোশাকে বাসাতেই থাকবেন। বিকেলে ঘুরতে বেরোবেন বন্ধুদের সঙ্গে। তখন সাজবেন ইচ্ছামতো। টয়া বলেন, ‘বন্ধুদের সঙ্গে বাইরে যাব শাড়ি পরে। ঈদে পরার জন্য আম্মু আমাকে একটা শাড়ি উপহার দিয়েছে। সেটা অনেক কালারফুল। অ্যান্ডি সুতির এই শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ তৈরি করে নিয়েছি। হাইনেক কলারের হাতাকাটা ব্লাউজ। মেকআপ হবে হালকা। চোখে হালকা বাদামি আইশ্যাডোর সঙ্গে কাজল দিয়ে ব্লেন্ড করে দেব। বাইরে গরম থাকলে চুলটা খোঁপা করব। ঠোঁটে থাকবে ন্যাচারাল লিপগ্লস। কপালে শাড়ির রঙেই বড় একটা টিপ আর কানে থাকবে একটা দুল। এক হাতে একগোছা রেশমি চুড়ি থাকবে, অন্য হাতে ঘড়ি।’
বেড়াতে বের হয়ে রাস্তার পাশে বা রেস্তোরাঁয় বসে খাবেন বন্ধুদের সঙ্গে। ঈদের দিনে টয়ার পছন্দের খাবার হলো বাসায় তৈরি চটপটি, পায়েস, বিরিয়ানি আর শাহি রোস্ট। সব মিলিয়ে এবারের ঈদ অনেক মজা করেই কাটাবেন বলে জানান টয়া।