উজ্জ্বল হয়ে ওঠার গল্প
পড়াশোনায় বেশ ফাঁকিবাজ। পরীক্ষা পিছিয়ে গেলে, ক্লাস বন্ধ হয়ে গেলে তাঁর আনন্দের সীমা থাকে না। মাথায় চাপ না এলে পড়ার টেবিলে সচরাচর বসতে মন চায় না। পরীক্ষার আগের রাতেও তাঁকে তেমনটা বিচলিত দেখায় না। তার পরও সবার নজর কেড়েছেন তিনি। কেন? প্রতিদিনের রুটিনে অনেক ‘অনিয়ম’ থাকলেও স্নাতক সম্মানে কৃষি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর নাম উজ্জ্বল আহমেদ। পড়াশোনা করছেন গাছপালা ঘেরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।‘স্কুল-কলেজের সব ক্লাসেই প্রথম, নয়তো দ্বিতীয় হয়েছি। বিশ্ববিদ্যালয়ে স্নাতকের প্রতিটি বর্ষেও হয়েছি প্রথম। যেদিন অনার্সের চূড়ান্ত ফল বেরোল, নোটিশ বোর্ডে গিয়ে দেখলাম চারের স্কেলে আমি পেয়েছি ৩.৯৫। সেদিনের মতো আনন্দ আমি আর কখনোই পাইনি।’ বলছিলেন উজ্জ্বল।প্রচণ্ড আড্ডাবাজ উজ্জ্বল আহমেদ বন্ধু শিল্পী, গালিব, জনিদের দেখা পেলেই সব ভুলে আড্ডায় মেতে ওঠেন। আড্ডা সম্পর্কে উজ্জ্বলের ভাষ্য, ‘এতে অবশ্য লাভও হয়। আড্ডার ফাঁকেই পড়াশোনা নিয়ে আলোচনাটা হয়ে যায়। একসঙ্গে দুই কাজ আরকি।’ ক্লাস বন্ধ হলে খুব খুশি হন উজ্জ্বল। কিন্তু তাই বলে কখনো ক্লাস বাদ দেন না। এই অনার্স-জীবনে মাত্র দুই দিন ক্লাস বাদ দিয়েছেন তিনি।খুলনার ডুমুরিয়া থানার বরুণা গ্রামে বাড়ি উজ্জ্বলদের। বাবা আবদুল লতিফ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আর মা তহমিনা বেগম একজন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে উজ্জ্বল দ্বিতীয়। বর্তমানে তিনি উদ্ভিদ প্রজনন ও কৌলিতত্ত্ব বিষয়ে মাস্টার্সে থিসিস সেমিস্টারের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন অতন্দ্রী, ডিবেটিং সোসাইটি, ল্যাংগুয়েজ ক্লাব কিংবা অভিনয় দলেও কাজ করেন উজ্জ্বল। উজ্জ্বলের শখ গবেষণা করা। উজ্জ্বল বলেন, ‘আমি হাইব্রিড সরিষা তৈরি করতে চাই। এটা নিয়েই এখন কাজ করছি।’ স্কুলে যখন পড়তেন, তখন তাঁর চোখে অবশ্য কৃষি গবেষক হওয়ার স্বপ্ন ছিল না। উজ্জ্বল বললেন, ‘ডাক্তার হতে চেয়েছিলাম। কিন্তু মেডিকেলে চান্স পাইনি। তবে যা হয়েছে, তা ভালোই হয়েছে। দেশ ও মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে এখানেও।’