শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্যাম্পাসে ফেরা হয় না অনেকদিন হলো। কীভাবে কাটছে শিক্ষার্থীদের সময়? সেটাই ছাত্রছাত্রীরা লিখে জানাচ্ছেন ‘এ সময়ের দিনলিপি বিভাগে’। আপনিও লেখা পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।
প্রায় সাড়ে পাঁচ মাস হলো ক্যাম্পাসের চিরচেনা সৌন্দর্য দেখা হয় না। গত ১৭ মার্চ করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল নিত্যদিনের রুটিনের আরও কত নিত্যনৈমিত্তিক কার্যক্রম।
সবুজের সমারোহে ঘেরা ছোট্ট ক্যাম্পাস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মনে হয় কত দিন যাওয়া হয় না! কত দিন হাঁটা হয় না ক্যাম্পাসের শিশিরভেজা ঘাসের ওপর। দেখা হয় না কত স্নিগ্ধ সকাল।
আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবনের পাশেই আছে অ্যাডভান্সড অ্যানিমেল রিসার্চ ফার্ম। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার জন্য ফার্মে বেশ কয়েকটা উটপাখি আছে। বাসায় থাকতে থাকতে মনে হয়, এখন উটপাখিগুলোকেও মিস করছি। প্রতিদিন সকালে ওদের এদিক-সেদিক হাঁটাহাঁটি দেখা, নিজ হাতে ওদের নির্ভয়ে ঘাস খাওয়ানো...আবার কবে হবে! এ ছাড়া প্রতিটি লাল অট্টালিকার সঙ্গে মিশে থাকা স্মৃতিগুলো নাড়া দেয় মাঝেমধ্যেই।
বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, হঠাৎ এক বিকেলে ক্যাম্পাসের পাশের ঢেপা নদীতে নৌকায় ঘুরতে যাওয়া, বাঁশের হাটের ছোট বাজারটায় অকারণেই ঘুরে ঘুরে কেনাকাটা করা, ভুল করে হলের রুমে চলে এসে আবার শিট আনতে যাওয়া, রাতে ঘোরাফেরা শেষে চায়ের আড্ডায় মেতে ওঠা, এখন মনে হয় কত দূরের স্মৃতি!
করোনার সময়গুলো প্রথম দিকে একটু ভয়ভীতির ভেতরেই কেটেছে। তখন ঘরে বসে কিছু নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে। সামাজিক কাজে যুক্ত থাকা, কিছু অনলাইন কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন, আত্মোন্নয়নের এসব চেষ্টা তো ছিলই। এ ছাড়া বিভিন্ন লেখকের বই পড়া, সিনেমা দেখা, আঁকাআঁকি, লেখালেখিতে ব্যস্ত সময় পার করেছি। বিভিন্ন পত্রিকায় লেখা পাঠিয়েছি। নিজের লেখাগুলো ছাপার অক্ষরে দেখে উৎসাহ আর অনুপ্রেরণা পেয়েছি।
এখন যদিও অনলাইনে ক্লাস শুরু হয়েছে। বন্ধুবান্ধব, প্রিয় শিক্ষকদের ক্যামেরার সামনে দেখে ভালো লাগলেও আগের মতো মনের প্রশান্তি হয় না। বারবার ফিরে যেতে ইচ্ছে করে সবার মাঝে, আগের মতো করে।
লেখক: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর