উঠছে জুমের ধান, উৎসবমুখর আদিবাসীপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুমের পাকা ধান কাটায় ব্যস্ত এক আদিবাসী কৃষাণি। ছবিটি সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকা থেকে তোলা  প্রথম আলো
জুমের পাকা ধান কাটায় ব্যস্ত এক আদিবাসী কৃষাণি। ছবিটি সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকা থেকে তোলা প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জুমের ধান পাকতে শুরু করায় ধান কাটার ও গোলায় তোলার প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। পাহাড়ি পাড়াগুলোতে চলছে এখন ফসল তোলার কর্মব্যস্ততা। নতুন ধানের গন্ধে পাহাড়ি জনপদগুলোতে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। এবার গত মৌসুমের তুলনায় জুমচাষ বেশি হয়েছে, ধানের ফলনও ভালো হয়েছে। এ কারণে কৃষকের মুখেও ফুটেছে হাসি।
গত শুক্রবার ও শনিবার বাঘাইছড়ির সাজেক, দোসর ও শিজক এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এখানকার জুম চাষিরা জানান, তাঁরা পাহাড়ে আগাছা পরিষ্কার করে এপ্রিল মাসের মাঝামাঝি ধান, কলা, মরিচ, আদা, বেগুন, শিম, মারফা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের বীজ বপণ করেছেন। আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ ভাদ্র মাসে জুমের ধান পাকতে শুরু করে।
উপজেলা কৃষি কার্যালয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে সবচেয়ে বেশি জুম চাষ হয়। এ বছর এ ইউনিয়নে তিন হাজার ৬০০ একরের বেশি পাহাড়ে জুম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় দেড় হাজার একর বেশি জমিতে জুম চাষ হয়েছে। বৃষ্টি কম হওয়ায় এবার জুমে ধানের ফলনও ভালো হয়েছে।
বাঘাইছড়ির জুমের খেতগুলোতে কোথাও ধান কাটা চলছে, কোথাও চলছে কাটার প্রস্তুতি। টিয়া, ঘুঘু, চড়ুই, বন্য শুকর, ইঁদুরসহ বিভিন্ন বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষা করতে পাহারা দিচ্ছেন চাষিরা।
সাজেক ইউনিয়নের ৮ নম্বরপাড়া গ্রামের কুলরাম চাকমা বলেন, ‘এ বছর জুম চাষ বেড়েছে। বৃষ্টি কম হওয়ায় ফলনও ভালো হয়েছে। সেজন্য পশুপাখির উৎপাতও বেড়েছে।’
চম্পাতলী এলাকার লিলা চাকমা বলেন, ‘আমাদের প্রায় তিন একর জুমখেতে ধান পেকেছে। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছি। দীর্ঘ প্রায় আট মাস পরিশ্রমের ফল পেয়েছি।’
উপসহকারী কৃষি কর্মকর্তা ভৃংক চাকমা প্রথম আলোকে বলেন, জুমে ধান পাকছে। গত বছরের তুলনায় ফলনও ভালো হয়েছে। যাঁরা আগে বীজ বপণ করেছেন তাঁরা ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, ‘এ বছর জুমে ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি। শুধু আমার ইউনিয়নের চার হাজার পরিবার জুম চাষ করেছে। সঠিকভাবে জুমের ধান তুলতে পারলে ৬০ শতাংশ খাদ্য ঘাটতি মেটানো যাবে।’