উঠে আসছে উঠতি সন্ত্রাসীদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামসহ পাঁচটি জেলার সন্ত্রাসী-জঙ্গি তালিকা হালনাগাদ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। র‌্যাবের গোয়েন্দা বিভাগ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং থানায় থাকা সন্ত্রাসীদের তালিকা যাচাই-বাছাই করে এ হালনাগাদ করছেন। ইতিমধ্যে তালিকা তৈরির কাজ অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি উঠতি সন্ত্রাসীদের নামও উঠে আসছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে র‌্যাব-৭ চট্টগ্রাম সদর দপ্তরের অধিনায়ক কমোডর এম সাহেদ করিম প্রথম আলোকে বলেন, তালিকা তৈরির কাজ চলছে।
তালিকা তৈরিতে থাকা র‌্যাবের একটি সূত্র জানায়, এক-এগারোর সময় অনেক সন্ত্রাসী গা-ঢাকা দেয়। কিছু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। তালিকাভুক্ত সন্ত্রাসীরা বিদেশে পলাতক থাকলেও তাদের অস্ত্র ভান্ডারের রক্ষক হিসেবে কাজ করে উঠতি বয়সের সন্ত্রাসীরা। একপর্যায়ে তারাই অপরাধ জগতের নিয়ন্ত্রক হয়ে ওঠে। কিন্তু এত দিন র‌্যাবের তালিকায় তাদের নাম উঠে আসেনি। এ ছাড়া অনেক সন্ত্রাসী রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পেয়েছে। আবার সাক্ষীরা মুখ না খোলায় অনেকে খালাস পেয়েছে মামলা থেকে। মূলত বিদেশ পলাতক, দেশে অবস্থানকারী সন্ত্রাসী ও উঠতি বয়সের সন্ত্রাসীদের নিয়ে তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ তালিকায় রাখা হচ্ছে ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সন্ত্রাসীদের।
জানা যায়, ২০০৯ সালে করা তালিকায় ৫৫ জনকে শীর্ষ সন্ত্রাসী এবং ৫০০ জনকে চিহ্নিত করা হয়েছিল। এর আগে ২০০৬ সালে করা তালিকায় ২০ শীর্ষ গডফাদারকে চিহ্নিত করে ৬০০ জনের তালিকা করেছিল র‌্যাব। আগের শীর্ষ সন্ত্রাসীর অনেকেই কিছুটা ঝিমিয়ে পড়লেও উঠতি বয়সের সন্ত্রাসীরা অপরাধ জগতে হাল ধরে। শিবির ক্যাডার সাজ্জাদ ও হাবিব খান এক-এগারোর সময় দুবাইতে পালিয়ে গেলে তাদের বিশাল অস্ত্র ভান্ডারের রক্ষক হিসেবে কাজ করেন সরোয়ার হোসেন ও নুরনবী ম্যক্সন। ২০১১ সালে নগরের পাঁচলাইশ চালিতাতলী এলাকায় সাজ্জাদের সহযোগী গিট্টু মানিকের বাড়িতে অভিযান চালিয়ে একটি একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। সরোয়ার, ম্যাক্সন ও গিট্টু মানিকের মতো অনেক উঠতি বয়সের সন্ত্রাসী রয়েছেন যাঁদের নাম তালিকায় ছিল না।
এদিকে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ২৯ নভেম্বর আদালত ভবনে হামলা, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র থেকে জঙ্গিরা গ্রেপ্তার হলেও নতুন করে হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর, আনসারুল্লাহ বাংলা দলের সদস্যরা নগরে সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তালিকায় তাদের নামও থাকবে।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, ‘যাচাই-বাছাই করে তালিকা তৈরির কাছ চলছে। ’এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।