উঠে আসছে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র হিসেবে সদ্য বিদায় নেওয়া বছরটিতে নতুন এক যুগে পা দিয়েছে ক্ষুুদ্র উপসাগরীয় দেশ কাতার। আরব দেশ যখন একের পর এক ‘ঝোড়ো বসন্তের’ রুদ্ররোষে কুপোকাত, তখন দেশটি শুধু নিজের গা-ই বাঁচায়নি, উল্টো অনেক বড় প্রতিবেশীর পরিবর্তনে অনুঘটকের ভূমিকা পালন করেছে। আকারে নেহাত ছোট হলেও কাতারের অর্থনীতি বেশ শক্তিশালী। আরব বিশ্বে প্রভাবও মোটামুটি আছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের এই প্রভাব আরও বাড়াতে সচেষ্ট হয়েছে দেশটি। গাদ্দাফিবিরোধী যুদ্ধে লিবিয়ার বিদ্রোহীদের ব্যাপক সমর্থন দেয় কাতার। বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের সমালোচনায়ও আরব অঞ্চলের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে তাঁরা। লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার প্রথম দিকেই দোহায় লিবিয়া টেলিভিশন নামে একটি চ্যানেল প্রতিষ্ঠা করা হয়। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফির পক্ষে চালানো প্রচারণা মোকাবিলা করতে ওই চ্যানেলটি চালু করা হয়। শুধু তাই নয়, লিবিয়ায় ন্যাটো পরিচালিত সামরিক হামলায়ও অংশ নেয় কাতার। বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দোহায় নিয়ে আসাসহ যুদ্ধ চলাকালে মানবিক সাহায্য দিয়েও সহযোগিতা করে তারা।লিবিয়া টিভির জেনারেল ম্যানেজার হুদা বলেন, এ চ্যানেলের সম্পাদকীয় নীতিমালায় কাতারের কোনো প্রভাব নেই। তাদের সহায়তার পেছনে অন্য কোনো কারণ নেই। আল-শ্রারি বলেন, ‘কাতার লিবিয়া থেকে কিছু পাওয়ার আশা করছে—এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। হতে পারে তারা কিছুই চায় না। শুধু লিবিয়ায় তাদের ভাইবোনদের সাহায্য করছে।’ কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির শাসনের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা অভ্যন্তরীণ বড় ধরনের কোনো উদ্বেগ নেই। এ অবস্থায় আঞ্চলিক রাজনীতিতে ভূমিকা রাখায় আগ্রহ প্রকাশ করছেন আমীর আল থানি। সাধারণত অন্য বড় আরব দেশগুলোর নেতারা এ ভূমিকা পালন করে এসেছেন এত দিন। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। তেল ও গ্যাস রপ্তানিই দেশটির মূল আয়। ২০১১ সালে দেশটির অর্থনীতির প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ! গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটের বিশ্লেষক সালমান শেখ বলেন, এ অঞ্চলের শক্তিধর দেশগুলোর মধ্যে মিসর ও সৌদি আরব নিজেরাই পরিবর্তনের পথে রয়েছে। কাতার বুঝতে পেরেছে, এ অবস্থায় এই অঞ্চলে ভূমিকা রাখার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে তাদের জন্য। রাজধানী দোহার অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ এলাকা সুক ওয়াকিফ। ওই এলাকায় নারীদের ঘরে তৈরি খাবারের পসরা সাজিয়ে বসতে দেখা যায়। তাদের সবার পরনে থাকে লম্বা কালো রঙের ইসলামি পোশাক আবায়া। আর অধিকাংশের মাথা ঢাকা শায়লা নামের লম্বা স্কার্ফে। এ বিষয়টি হয়তো এটাই স্মরণ করিয়ে দেয় যে দোহার ভাবমূর্তিটা পশ্চিমা কেতার আকাশচুম্বী দালানে ভরা ঝলমলে নগরের হলেও কাতারি সমাজ এখনো রক্ষণশীল। প্রতিবেশী দেশ সৌদি আরবের মতো কাতারের রাজপরিবার ও বেশির ভাগ আদি কাতারি কট্টরপন্থী ওহাবি মতের ইসলামের অনুসারী। তবে সংবাদপত্রের কলাম লেখিকা রীম আল-হামরি বলেন, কাতারের সমাজে নারীদের ভূমিকা তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। আল-হামরি বলেন, ‘আমি গাড়ি চালাতে পারি। চাইলে যেকোনো পদে কাজ করতে পারি। এখানে নারী-পুরুষ সবাই সমান। নারীরা এখানে নেতৃত্ব দিতে পারে। আমি আবায়া ও শায়লা পরে আছি। এগুলো আমার শরীর ও চুল ঢাকছে, মন ও চিন্তাধারাকে নয়।’ তবে কাতার নিজেকে যতই প্রগতির পক্ষের শক্তি হিসেবে তুলে ধরুক লিবিয়া, তিউনিসিয়া ও মিসর দেশটিকে নিয়ে উদ্বিগ্ন। এ দেশগুলোর আশঙ্কা, কাতার তাদের ইসলামপন্থী দলগুলোকে সমর্থন দেওয়ার জন্য সেখানকার গণ-অসন্তোষকে ব্যবহার করছে। তিউনিসিয়ার সাম্প্রতিক নির্বাচনে মধ্যপন্থী ইসলামী দল এননাহদা জয়লাভ করে। ফল ঘোষণার পরে তিউনিসিয়ায় অবস্থিত কাতারি দূতাবাসের বাইরে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে বিশ্লেষক সালমান শেখ এসব ঘটনা থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না আসার পরামর্শ দেন। তিনি বলেন, কাতার কোনো মতাদর্শগত প্রভাব বিস্তারের অভিযানে নামেনি।সালমান শেখ বলেন, ‘২০-৩০ বছর ধরে লিবিয়া ও তিউনিসিয়ার মতো দেশগুলো থেকে পালিয়ে আসা অনেক মানুষকে আশ্রয় দিয়েছে কাতার। সব ক্ষেত্রেই তারা ছিল ইসলামি প্রেক্ষাপট থেকে আসা। এখন এরাই নির্বাচিত হচ্ছেন।’ কাতার তাদের এবারের জাতীয় দিবসের উদ্যাপন শেষ করে জমকালো আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আরও একবার গোটা কাতারি জাতির মধ্যে সঞ্চারিত আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের ব্যাপারে আশাবাদের ইঙ্গিতই ফুটে উঠেছে। কাতারের প্রতিবেশী দেশগুলোতে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি। পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে হতবিহ্বল। এমন প্রেক্ষাপটে ছোট এই আমীরশাসিত দেশটির ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা রাখার মানসিকতা, অর্থ ও যোগাযোগ সবই রয়েছে।  কৌশিক আহমেদ, বিবিসি অবলম্বনে