উঠে আসছে পার্বত্য এলাকার শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের যেকোনো বছরের তুলনায় ভালো ফল করেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার শিক্ষার্থীরা। বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। শ্রেণীকক্ষে উপস্থিতির হার বাড়ায় ও শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের কারণে এমন ভালো ফল সম্ভব হয়েছে বলে মনে করেন তিন জেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তিন জেলার ফলাফলের চিত্র তুলে ধরেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধিরাঙামাটি: রাঙামাটি জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অতীতের যেকোনো বছরের চেয়ে বেশি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন এবং পাসের হার ৮২ দশমিক ২৩ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৩ জন এবং পাসের হার ছিল ৬৮ দশমিক ১২ শতাংশ। জেলার ৭৬টি বিদ্যালয়ের পাঁচ হাজার ৯১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে চার হাজার ৮৫১ জন। রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ এ বছরও জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বিগত দুই বছরের মতো এবারও এই বিদ্যালয়ের ৩৯ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। ২৩ জন পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া কাপ্তাই নেভি উচ্চবিদ্যালয়েরও শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ১৫ জন পেয়েছে জিপিএ-৫। শতভাগ শিক্ষার্থী পাস করেছে জেলার এমন আরও দুটি বিদ্যালয় হলো কাউখালী উপজেলার পানছড়ি উচ্চবিদ্যালয় এবং নানিয়ারচর উপজেলার বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চবিদ্যালয়। গত বছর শতভাগ পাসের রেকর্ড ছিল এই তিনটি বিদ্যালয়ের।জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। কাপ্তাই কর্ণফুলী পেপার মিলস উচ্চবিদ্যালয়ের ১৬ জন, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ১৪, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১১, কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের আট ও কাপ্তাই উচ্চবিদ্যালয়ের পাঁচজন জিপিএ-৫ পেয়েছে।পরীক্ষায় ভালো ফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এম এ মতিন জানান, শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও শিক্ষার্থীদের আগ্রহের কারণে ফল ভালো হয়েছে।রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা জানান, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিতির হার আগের তুলনায় বেড়েছে। এ কারণে ফল ভালো হয়েছে।বান্দরবান: বান্দরবান জেলার বিভিন্ন বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীরাই এবার এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। এ কারণে জেলায় পাসের হার বেড়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে অভ্যস্ত হয়ে ওঠার কারণেও ফল ভালো হয়েছে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৮০৪ জন থাকলেও এবার পরীক্ষা দিয়েছে এক হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। গত বছর পাস করেছে ৫৯ দশমিক ৫২ শতাংশ, অপরদিকে এ বছর ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এবারও শীর্ষস্থান ধরে রেখেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অভিভাবক রাংলাই ম্রো জানান, ভালো ফলের পেছনে নকলমুক্ত পরীক্ষা ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা এখন অনেক বেশি বইমুখী। খাগড়াছড়ি: এ বছর এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭৫ দশমিক ২২ শতাংশ। গত বছর এর হার ছিল ৫৮ শতাংশ। জেলার ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছে ৪৫ জন।ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলা সদরের তিনটি নামী বিদ্যালয়ের পাশাপশি উপজেলা পর্যায়ের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভালো ফলাফল করেছে। জেলা সদরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯২ দশমিক ৮২ শতাংশ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৯১ দশমিক ১৭ ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয়ের ৯১ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চবিদ্যালয়ের ৯৫ দশমিক ৬৫ শতাংশ ও গোমতি বি কে উচ্চবিদ্যালয়ের ৯১ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।পাশাপাশি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ১৩ জন, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে আটজন, মাটিরাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় থেকে আটজন, তাইন্দং উচ্চবিদ্যালয় থেকে আটজন, রামগড় সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৬ জন ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদার জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা করা হয়েছে। এ ধরনের উদ্যোগ অভিভাবকদের সচেতনতা বাড়িয়েছে। এটিও ভালো ফলাফলের অন্যতম কারণ।