উঠে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া আক্তার এবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন
তানিয়া আক্তার এবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন

এই তো পারছ। আরেকটু চেষ্টা করো।

অবশ্যই পারবে। আমরা আছি তো। ভয় পেয়ো না।

চারপাশ থেকে অনেকগুলো কণ্ঠ সাহস জোগাতে থাকে। তানিয়া তাঁর নতুন লাগানো পা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। থেমে যায়। পেছনে মায়ের নির্ভরতা। এবার মেয়েটি যেন খানিকটা সাহস পেল। মেয়েটির চোখে-মুখে উত্তেজনা, সংশয় আর আনন্দের মিশ্রণ। হাত দুটি তখনো ক্রাচে। আবার আগের মতো হাঁটতে হলে তো ক্রাচ ছাড়া হাঁটতে হবে। এবার মেয়েটি ভয় পেয়ে যায়। পারব, কি পারব না?

‘ভয় পাস না। চেষ্টা কর। তুই পারবি।’ মায়ের কথা শুনে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াল তানিয়া। একসময় ক্রাচ ছাড়া দাঁড়াল। কয়েক পা হেঁটে এল। একটু হেঁটে ক্লান্ত। কিন্তু মুখে বিজয়ীর হাসি। মেয়েটি শেষ কবে হেঁটেছিল নিজের পায়ে!

হাতের আঙুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে বুঝিয়ে দিল—আমি বিজয়ী। শুধু পা না, ওর তো হাতের আঙুলও নেই। অথচ কী দারুণ আত্মবিশ্বাস!

দিনটি ছিল ২৫ সেপ্টেম্বর। অনুষ্ঠান শেষে অন্য রকম এক অনুভূতি নিয়ে ফিরে এলাম। এ যেন অন্য রকম বিজয়ের গল্প।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ি তানিয়া আক্তারের। তিন ভাইয়ের একমাত্র আদরের বোন। চার বছর বয়সে ছোট্ট তানিয়ার হাত-পায়ে গ্যাংগ্রিন ধরা পড়ল। চিকিৎসকের পরামর্শে দুই পা কেটে ফেলতে হলো, সঙ্গে ডান হাতের আঙুলও। জীবনে নেমে এল অন্ধকার। তখন থেকেই কি ক্রাচ দিয়ে হাঁটে ও? তানিয়ার উত্তর, ‘না, না। আমি তো হাঁটুতে ভর দিয়ে হাঁটি। শুরুতে কষ্ট হলেও এখন মানিয়ে নিয়েছি।’

একটা মানুষের দুটো পা নেই, হাতের আঙুল নেই, শুধু হাঁটুতে ভর দিয়ে এত বছর চলেছে! তানিয়ার মা মাজেদা বেগমের কাছে। তিনি বলেন, ‘মেয়েটা আমার খুব কষ্ট পেয়েছে। কত রাতে একা একা কেঁদেছে। বুঝেও না বোঝার ভান করেছি। আমাদের তো আর নতুন পা লাগানোর সামর্থ্য নেই। পা লাগানোর কথা শোনার পর থেকেই চোখে শুধু পানি আসে। আনন্দের পানি।’

হাত নেই, পা নেই, তবু থেমে নেই তানিয়া আক্তার। মাদ্রাসায় লেখাপড়া করে। সব ঠিক থাকলে সামনের বছর মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।

তানিয়ার দেখা মেলে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। পঙ্গু হাসপাতাল নামে এটি সবার কাছে পরিচিত। এখানে তানিয়ার মতো আরও অনেকে এসেছেন। যাঁরা বিভিন্ন দুর্ঘটনায় পা হারিয়েছেন। বাংলাদেশ সরকারের উদ্যোগে থাইল্যান্ডের প্রোসথেসেস ফাউন্ডেশন অব এইচআরএইচ দ্য প্রিন্সেস মাদারের ৬৩ সদস্যের একটি দল এসেছিল  বাংলাদেশে। তাঁরা বাংলাদেশে ১০১টি কৃত্রিম পা লাগিয়েছেন, যার মধ্যে সাভারের রানা প্লাজার পাঁচজন পা হারানো ব্যক্তিও ছিলেন।

একজনের পা লাগানো হচ্ছে। বাকিরা অপেক্ষায়। একজনের পা লাগানোতে আরেকজন উৎসাহ দিচ্ছেন, কারও হাঁটতে একটু সমস্যা হচ্ছে, তাতে কী! অন্যরা বলছেন, ‘আরে, পারবে!’

চার বা পাঁচ বছর বয়সী একটি মেয়ে মায়ের কাছে চিপস খাওয়ার জন্য বায়না ধরছে। মা-মেয়ের পাশে ফাঁকা একটা চেয়ার পেয়ে বসে পড়লাম।

কী নাম তোমার?

একটা হাসি দিয়ে বলল, ‘ইতিমণি।’ ওর মাকে জিজ্ঞাসা করলাম কার জন্য এসেছেন। উত্তরটা শোনার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। বললেন, ‘ইতিমণির জন্য। ওর তো একটা পা নেই।’ ফ্রকের কারণে বোঝা যাচ্ছিল না ওর পা নেই।

দুই বছর আগে শনির আখড়ায় রাস্তা পার হচ্ছিলেন তাঁরা। এ সময় একটি দ্রুতগতির বাস প্রথমে ধাক্কা দেয়, পরে ইতির পায়ের ওপর দিয়ে চলে যায়। রাস্তাতেই পড়ে ছিল ইতির পায়ের বাকি অংশ। এরপর শুধু হাসপাতাল, কান্না আর কষ্ট।

‘আমরা গরিব। পরে তো চিকিৎসাও করাতে পারিনি টাকার অভাবে। এক আত্মীয়ের কাছে খোঁজ পেয়ে এখানে এসেছি। আমার মেয়েটা আবার হাঁটছে। কী যে ভালো লাগছে।’ বলতে বলতে গলা ধরে এল ইতির মায়ের।

এখানকার প্রত্যেকেই একেকটি ট্র্যাজিক গল্পের চরিত্র।

যশোরের নিজামনগরে বাড়ি রেহানার। এক বছর আগে রানা প্লাজায় কাজে যোগ দেয়। সেদিনও অন্যান্য দিনের মতো কাজ করছিলেন। তার পরের কথা কিছু মনে নেই। আটকে পড়েন। ‘তখন মনে হয়েছিল হাত পায়ের দরকার নেই, যেন বেঁচে থাকি।’ বলেন রেহানা। সাভারের রানা প্লাজা থেকে উদ্ধারের সময় রেহানার বাঁ পা কেটে ফেলতে হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সিআরপিতে। কৃত্রিম পা লাগানোর খবর পেয়ে তিনি চলে আসেন পঙ্গু হাসপাতালে। পা লাগানো হয়েছে। এর মধ্যে যাবেন ওয়াকিং বারে (দুই পাশের লোহার রড ধরে হাঁটা) হাঁটতে। এই মেয়েটি কখনো ভাবেননি আবার নতুন করে হাঁটতে পারবেন।

রেহানার মতে, কৃত্রিম পা লাগানো হলেও জীবনটা তো আগের মতো হবে না। হাসপাতালে থেকে তিনি তো তবু তিন বেলা খাওয়া পাচ্ছেন, মা-বাবা তো তা-ও পাচ্ছেন না।

কৃত্রিম পা লাগানোর পর সবার চোখে-মুখে অপূর্ব অপার্থিব একটা আনন্দ। নতুন পা নেড়েচেড়ে দেখছেন, আবার আগের ক্ষত জায়গাও তাঁরা ভুলতে পারছেন না। কারও কারও খুশির মাত্রা এতটাই বেশি ছিল যে হাসতেও ভুলে গেছেন। যেমন হয়েছে মো. আলীর বেলায়। সড়ক দুর্ঘটনায় চার মাস আগে পা হারিয়েছেন। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে তাঁর। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু পা লাগানোর পর এতটাই আনন্দিত তিনি যে ওয়াকিং বারে বারবার হাঁটছিলেন।

এই প্রকল্পের নিটোরে পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন নিটোর সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘রানা প্লাজার আহত ব্যক্তিদেরও সমন্বয়ক হিসেবে কাজ করেছি। সে সময় ৩৬ জনের হাত-পা ছিল না। ৩০ জনের কৃত্রিম হাত-পা লাগানো যায়নি তখন। সেখান থেকে এবার পাঁচজনকে এই প্রকল্পে নেওয়া হয়েছে। ১০১টি কৃত্রিম পা লাগানো হবে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজার ট্র্যাজেডির পর থাইল্যান্ডে গিয়ে তাঁদের এই দুর্ঘটনাকবলিত মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে তাঁরা এসেছেন। দারুণ ভালো লাগছে।’

শিশু যেমন এক পা, দুই পা করে হাঁটা শেখে, এখানকার সবাই সেভাবে হাঁটা শিখছেন। সব বাধা পেরিয়ে, প্রতিবন্ধকতা ছাপিয়ে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে শিখছেন। হোক না কৃত্রিম পা, পা তো!

ছবি: কবীর শাহরীয়ার

ভাজারা রুজিওয়েটপংস্ট্রন
ভাজারা রুজিওয়েটপংস্ট্রন

আমার পুরো দল গর্বিত
ভাজারা রুজিওয়েটপংস্ট্রন
সহকারী অধ্যাপক ও ডেপুটি সেক্রেটারি জেনারেল
প্রোসথেসেস ফাউন্ডেশন অব এইচআরএইচ দ্য প্রিন্সেস মাদার, থাইল্যান্ড
বাংলাদেশে এর আগে একবার এসেছিলাম। তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন। সাভারের রানা প্লাজার পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা লাগানোর জন্যই মূলত এসেছিলাম আমরা। এই ভবনধসের পাঁচজনের কৃত্রিম পা লাগাতে পেরেছি, কিন্তু একজনের পারিনি। বিভিন্ন দুর্ঘটনা, জন্ম থেকে পা নেই এ রকম রোগীর সংখ্যা বেশি। এখানকার মানুষ, চিকিৎসক সবাই এত আন্তরিক যে আনন্দের সঙ্গে কাজ করছি আমরা। হতে পারে কৃত্রিম পা, কিন্তু এটি একটি মানুষকে নতুন জীবনের স্বাদ দিচ্ছে। এতগুলো মানুষের নতুন জীবনের স্বাদ দিতে পেরে খুব ভালো লাগছে। আসলে শুধু আমি না, আমার পুরো দল গর্বিত এ কাজটি করতে পেরে।