উঠে যাচ্ছে রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ব্যস্ততম সড়ক বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল নিষিদ্ধ হচ্ছে। নগর পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নগর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে গত সোমবার এ সিদ্ধান্ত নেন। আগামী ১ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এর আগে রিকশার সঠিক পরিসংখ্যান নিরূপণের জন্য চলতি মাসের যেকোনো একদিন নগরে রিকশা চলাচল বন্ধ রাখা হবে। ওই দিন ৪১টি ওয়ার্ডে রিকশা গণনা করবে সিটি করপোরেশন। নগরের গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যানজট-পরিস্থিতিও ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে প্রধান সড়কগুলোয় যানজট কমিয়ে আনার পরিকল্পনা নেন নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা। এরই অংশ হিসেবে বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়।নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরে যানজটের কথা চিন্তা করে বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়। আসলে এটি একমাত্র নগরের প্রধান সড়ক। এ সড়কের ওপর দিয়ে শুধু নগরের নয়, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের গাড়িও চলাচল করছে। শিল্প-কারখানার মালামাল ও আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রেইলারও চলাচল করে। তাই গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে আমরা ধীরগতির যানবাহন তথা রিকশা চলাচল বন্ধ করে দিচ্ছি।’বৈঠক সূত্রে জানা গেছে, বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ থাকলেও শুধু ক্রসিং দিয়ে তা পারাপার হতে পারবে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ চলতি মাসের মধ্যে রিকশার অনুমতিপত্র (লাইসেন্স) ইস্যু ও নবায়ন করবে এবং ১ জানুয়ারি থেকে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করবে।খোঁজ নিয়ে জানা গেছে, নগরের রিকশার সংখ্যা দুই লাখের বেশি। সিটি করপোরেশন লাইসেন্স দিয়েছে মাত্র ৩৫ হাজার। লাইসেন্সের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন। এরপর অবৈধ রিকশার বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করবে।নগর পুলিশ কমিশনার আবুল কাশেম বলেন, ‘নগরে কোন সড়কে রিকশা চলাচল করবে, তা নির্ধারণ করার দায়িত্ব সিটি করপোরেশনের। আমরা ৩৫ হাজারের পরিবর্তে ৭০ হাজার রিকশার লাইসেন্স দিতে সিটি করপোরেশনকে অনুরোধ করেছি। লাইসেন্সবিহীন রিকশার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করতে চাই। এ জন্য সিটি করপোরেশনকে রিকশার ওপর জরিপ করতে এক মাস সময় দেওয়া হয়েছে।’সিটি মেয়র এম মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘নগরে চলাচলরত রিকশার কোনো সঠিক পরিসংখ্যান নেই। অনেকে অনুমানভিত্তিক পরিসংখ্যান দিয়ে থাকেন, যে কারণে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে আমরা ডিসেম্বরের যেকোনো একদিন ‘‘রিকশা হলি ডে’’ ঘোষণা করব। ওই দিন নগরে কোনো রিকশা চলাচল করবে না। নগরের ৪১টি ওয়ার্ডের বড় মাঠে রিকশা জড়ো করে গণনা করা হবে। তখনই আমরা সঠিক পরিসংখ্যান পাব।’ মেয়র আরও বলেন, রিকশা গণনার দিন স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিকসহ সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর ‘রিকশা হলি ডে’ উপলক্ষে নগরের সব কটি প্রবেশপথে রিকশা আসা নিষিদ্ধ করা হবে। এদিকে, যানজটমুক্ত রাখতে নগরের বিপণিকেন্দ্রগুলোর গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় গত সোমবারের ওই বৈঠকে। দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়া হলে সড়কের পরিবর্তে পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখা হবে। একইভাবে বিদ্যালয়গুলোতে বাস সার্ভিস চালুর জন্য তাগাদা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নামীদামি বিদ্যালয়ের সামনে যানজট মারাত্মক রূপ নিয়েছে। তাই স্কুলবাস চালুর মাধ্যমে এই যানজট কমিয়ে আনা সম্ভব বলে পুলিশের কর্মকর্তারা মনে করছেন। এ ছাড়া বিদ্যালয়ের মাঠ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করতে তাগাদা দেওয়া হয়েছে।