উডকার্টে ছাপাই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাপাই ছবির প্রদর্শনী দেখছেন অতিথিরা
ছাপাই ছবির প্রদর্শনী দেখছেন অতিথিরা

মাথাহীন দুটি গাভি জোড়া দিয়ে দ্বৈত সত্তাকে এক করার চেষ্টা। আর এই রূপান্তরে সৃষ্টি হয়েছে সম্ভাবনাময়ী সত্তা। নিজস্ব ঢঙে বিভিন্ন রঙের স্তরে ফর্মটি দাঁড়িয়ে আছে অনেকগুলো অবাঞ্ছিত লাইনের ওপর। এ কারণেই শিল্পী সুমিত চক্রবর্তীর কাজটির নাম অ্যাবসার্ড বা অযৌক্তিক। এটি ছাপাই ছবি শিরোনামে প্রদর্শনীর একটি শিল্পকর্ম।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৪ জন শিল্পী শিক্ষার্থীর ৪৫টি উডকার্ট। সাধারণ কাট খোদাই করে হালকা রঙের স্তর থেকে গাঢ় রঙের ছাপ নেওয়া হয়। কিন্তু এর মধ্যে ছয়টি উডকার্ট বিপরীতভাবে গাঢ় রং থেকে হালকা রঙের স্তর ব্যবহার করে অভিনব পদ্ধতিতে শিল্পরস প্রদান করেছেন।
১৫ ডিসেম্বর চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দার চৌধুরী। অতিথি ছিলেন অধ্যাপক মনসুর-উল-করিম, চারুকলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক শায়লা শারমিন, সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন ও প্রভাষক রুহুল করিম। প্রদর্শনী চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে চোখে পড়বে শিল্পী মো. আলীর আনটাইটেল ওয়ান উডকার্টটি। একটি পুরোনো ভাঙা প্লাইউডে নারী অবয়বের ছাপ। দেখলেই মনে হয় হস্তহীন, মস্তকহীন, অর্ধেক পাহীন হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে আছে, তা যেন নিজের প্রতিমূর্তি।
পোট্রে৴ট অব পলিটিক্যাল ভিউ শিল্পী এমরান হোসেনের কাজ। সাম্রাজ্যবাদ চে’কে যে রকম নগ্নভাবে উপস্থান করেছে শিল্পীর কাজে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। চে গুয়েভারার অনুকরণে একটি বিমূর্ত অবয়ব। এই ছাপচিত্রটিতে দুটি পোট্রে৴ট পাশাপাশি দুই ধরনের ইম্প্রেশন সৃষ্টি করেছে। আমাদের সমকালীন খবরের কাগজের ওপরে চে’র ব্যঙ্গাত্মক বিমূর্ত প্রতিকৃতি। স্বাধীনভাবে রেখার ব্যবহার নিজ ঢঙে রঙের প্রয়োগ করেছেন।
শিল্পী মারুফ আদনানের মেটামরফেস কাজটিতে দেখা যায় তিনটি অদ্ভুত আকৃতির ফিগারের উপস্থাপন। অনেকটা নিজস্ব শৈলীতে তিনটি স্তরে নয়টি রঙের ব্যবহার করেছে; যা দেখলে যে কাউকে নতুন কোনো অদেখা প্রাণীর কথা ভাবাবে।
প্রদর্শনীতে শিল্পী সোহেল রানার সিচুয়েশন ত্রি-ছাপ চিত্রটি মনে করিয়ে দেয় রানা প্লাজার ভাঙা দালানের স্তূপ এবং ছবির ডান পাশে কিছু মানুষ ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। শেষ রুমের দেয়ালে মুনমুন দাশ, নিশাদ কামাল ও হোসনে আরার আত্মপ্রতিকৃতি বেশ লক্ষণীয়। প্রদর্শনীর বেশ কিছু স্টিল লাইফ, আউটডোর স্টাডি, ক্লোজ আপ স্থান পেয়েছে, যেখানে শিল্পীরা নিজেদের দক্ষতায় বিভিন্ন রেখা, গ্রেড, টোন ও কম্পোজিশনের নান্দনিকতা উন্মোচন করেছেন।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্ম সম্পর্কে ছাপচিত্র বিভাগীয় প্রধান শিল্পী জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ছাপচিত্রচর্চার ইতিহাস খুব দীর্ঘ না হলেও অভাবনীয় সফলতার সঙ্গে অগ্রসর হচ্ছে বর্তমান সময়ে। ইনস্টিটিউটের তরুণ শিল্পী শিক্ষকদের প্রাণচঞ্চলতার প্রভাব শিল্প শিক্ষার্থীদের কাজে লক্ষণীয়। এ প্রদর্শনীর মাধ্যমে আগামী দিনে আরও অনেক ছাপচিত্রশিল্পী বের হয়ে আসবে বলে আমার বিশ্বাস।’