উড়ল নবীনের জয়পতাকা
নুরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় নবীন ডিজাইনারেরা নজর কেড়েছেন বিচারকদের। অনেকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েও সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়েছেন পোশাকে। বেশির ভাগ পুরস্কারই জমা হয়েছে নবীন ডিজাইনারদের ঝুলিতে। এবার বিচারকের দায়িত্ব পালন করেছেন পোশাক ডিজাইনার মোহছেনা কোরাইশী, এইচ এম ইলিয়াস, নুর-এ জান্নাত, লুৎফা সানজিদা ও সুলতানা নুরজাহান।পোশাকটি কোন ধাচের, কাটিং ও সেলাই কেমন, লম্বা না খাটো ঝুলের এসব অর্থাৎ প্যাটার্নটাই বেশি গুরুত্ব পেয়েছে বাছাইয়ের সময়, জানালেন বিচারকেরা। এ ছাড়া পোশাকের ট্রেন্ড অর্থাৎ সময়ের সঙ্গে মানানসই কি না, উৎসবে কতুটুকু পরার উপযোগী, রং কেমন, কাপড় আরামদায়ক কি না সেসবও লক্ষ্য রেখেছেন তাঁরা। ১২টি বিভাগের মধ্যে এবার সালোয়ার কামিজ (‘ক’ বিভাগ), ফিউশন, ছেলেদের পাঞ্জাবি-ফতুয়া ও শিশু বিভাগের কিছু পোশাকের কাজ মুগ্ধ করেছে বিচারকদের।৩ জুলাই বুধবার প্রাথমিক বাছাইয়ে ১২টি ক্যাটাগরিতে ৬৫টি বুটিক হাউসের ৯৮টি পোশাক চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করেছেন তাঁরা। ৬ জুলাই শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে পুরস্কার পেয়েছে ২১ জন ডিজাইনারের ৪৩টি পোশাক।এবারের প্রতিযোগিতার অভিজ্ঞতা জানতে চাইলে বিচারকের দায়িত্ব পালন করা ডিজাইনার মোহছেনা কোরাইশী বলেন, ‘আমাদের পাঁচজন বিচারকের দৃষ্টিভঙ্গি পাঁচ রকম। তবে পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমাদের তেমন মতপার্থক্য হয়নি। প্রতিটা পোশাক চার-পাঁচবার করে দেখেছেন বিচারকেরা। এবার নবীন ডিজাইনেরা অনেক ভালো কাজ করেছেন।’ডিজাইনার এইচ এম ইলিয়াস জানান, নতুনত্ব, সৃজনশীলতা, গুণগত মান, সেলাই ও কাপড় দেখে পোশাক নির্বাচন করা হয়েছে। হ্যান্ডপেইন্টস, ফিউশন ও যুগল পোশাকসহ বেশ কিছু বিভাগের পোশাকে নতুনত্ব ছিল। তিনি বলেন, যাঁরা প্যাটার্ন ও ট্রেন্ড মাথায় রেখে কাজ করেছেন তাঁরা সেরার স্বীকৃতি পেয়েছেন। তরুণ ডিজাইনারদের উদ্দেশে তাঁর কথা, ‘ডিজাইনারদের কাজে মৌলিকত্ব থাকতে হবে। তাঁদের নিজস্ব স্টাইল দাঁড় করাতে হবে।’ সেরা পোশাক নির্বাচনের সময় প্যাটার্নকে গুরুত্ব দিয়েছেন ডিজাইনার নুর-এ জান্নাত। তিনি বলেন বলেন, ‘প্যাটার্ন, ট্রেন্ড, রং ও সেলাইকে আমরা প্রাধান্য দিয়েছি। এসব যাঁদের পোশাকে উঠে এসেছে, তাঁদের মূল্যায়ন করা হয়েছে।’ এবারের ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর মনে হয়েছে চট্টগ্রামে ডিজাইনারদের কাজের মান বাড়ছে। তাঁর মতে, দেশের সেরা ফ্যাশন হাউসগুলোর ডিজাইনারদের তুলনায় চট্টগ্রামের ডিজাইনাররা এগিয়ে আছে।’ বিশেষ করে তরুণ ডিজাইনাররা পোশাকে সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়েছেন। ডিজাইনার লুৎফা সানজিদা জানান, পোশাক বাছাইয়ের সময় প্যাটার্ন ও ট্রেন্ড দেখার পাশাপাশি কাপড়টা দেশি কি না সেদিকেও লক্ষ্য রেখেছেন বিচারকেরা। তিনি বলেন, ‘উপলক্ষটা ঈদ। তাই পোশাকে উৎসবের মেজাজ আছে কি না দেখেছি আমরা। পাশাপাশি পোশাকের রংটা বর্ষার সঙ্গে মানানসই কি না সেটাও দেখতে হয়েছে।’ডিজাইনার সুলতানা নুরজাহান বলেন, ‘এবার প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ ডিজাইনারদের কাজ অনেক ভালো লেগেছে। বিশেষ করে হ্যান্ড পেইন্টস ও ফিউশনের কিছু কাজ আমাদের সবাইকে মুগ্ধ করেছে।’