উত্কণ্ঠা কমাবে সংগীত!

গান শুনতে কি আপনার ভালো লাগে? কণ্ঠ বা যন্ত্রসংগীতের সুরে-তালে ভাসিয়ে দিতে পারেন নিজেকে? তাহলে মানসিক চাপ কমাতেও আপনি আশ্রয় নিতে পারেন সংগীতের।
মানসিক চাপ উপশমের দারুণ ক্ষমতা আছে সংগীতের। দুনিয়ার নানান প্রান্তে বহু বহু গবেষণায় এর প্রমাণ মিলেছে নানান সময়ে। একটা দীর্ঘ ক্লান্তিকর দিনের শেষে কিংবা প্রচণ্ড মানসিক-শারীরিক ক্লান্তি নিয়ে গা এলিয়ে দিন সংগীতের আশ্রয়ে, ক্লান্তি কাটবে অনেকটাই, সাময়িকভাবে হলেও মুক্ত হতে পারবেন মানসিক চাপ থেকে। সংগীত কীভাবে এই মানসিক চাপ কমায়? টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এভাবেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে—
মানসিক চাপ কমাতে বা ক্লান্তি দূর করতে সাধারণত একটু কোমল বাদ্য-বাজনার বা ধীর তাল-লয়ের গান বেছে নিতে পারেন আপনি, তা কণ্ঠসংগীতই হোক অথবা যন্ত্রসংগীত। এমন সংগীতের সুরে কান পাতলে আপনার হূত্স্পন্দনও ধীর হয়ে আসবে এবং অবসাদ কাটানোর প্রক্রিয়ায় তা আপনার মাংসপেশিকেও শিথিল করবে। শ্বাস-প্রশ্বাসের গতি কমবে, আপনার চিন্তাপ্রক্রিয়াও ধীর হয়ে আসবে শরীরের সঙ্গে ছন্দ মিলিয়ে। আর এভাবে পুরো দেহমন আচ্ছন্ন হতে থাকবে একটা অবসরের গানের মতোই।
সংগীতের এই প্রভাব কেবল বাহ্যিক নয়। এটা শরীরের ভেতরে প্রভাব বিস্তার করে এবং ‘সেরেটোনিন’ নামের একটা হরমোনের নিঃসরণ ঘটায়। এই হরমোনকে বলা যেতে পারে ভালো লাগার বা ভালো অনুভূতির হরমোন, যার উপস্থিতিতে আমাদের মধ্যে একটা সুখী সুখী ভাব চলে আসে, আমরা মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্ত হই কিছুটা সময়ের জন্য হলেও।
একটু দ্রুত লয়ের গান-বাজনায় অনেক সময় ফুর্তির মেজাজ এলেও ক্লান্তি দূর করতে বা মানসিক চাপ কমানোর জন্য একটু ধীর লয়ের সংগীতই ভালো বা বেশি কার্যকর।
আবার অনেকের কাছেই এমন সময়ে কণ্ঠসংগীতের চেয়ে কেবল যন্ত্রসংগীতই বেশি প্রিয়। কেননা, যন্ত্রসংগীতের সুরের তালে তালে আপনি ভাসতে পারবেন যেখানে খুশি। কিন্তু গানের কথা বা বাণী আপনার এই স্বাধীনতা খানিকটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে। অবশ্য ব্যক্তির পছন্দ এবং অভ্যস্ততাই এখানে শেষ কথা।