উত্তমাশা অন্তরীপে
স্কুল ও কলেজে ভূগোল আমার পাঠ্য ছিল। সে কারণে হয়তো বা ভৌগোলিক বিষয়ে এখনো আগ্রহ রয়ে গেছে। এনডিসি কোর্স করার সুবাদে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সুযোগ আসে। আমরা প্রথমে ইয়াঙ্গুন-কুয়ালালামপুর হয়ে জোহানেসবার্গ যাই। জোহানেসবার্গ থেকে পরে বিমানযোগে কেপটাউন। টেবল মাউন্টেনের নিচে আটলান্টিকের তীরে কেপটাউন এক অপূর্ব সুন্দর শহর।আমরা উঠেছি কেপ সুইট বেস্ট ওয়েস্টার্ন হোটেলে। জানালা খুললেই কুয়াশাঢাকা টেবল মাউন্টেন দেখা যায়। দলনেতা কমোডর মঈনকে আগেই বলে রেখেছি, আমাদের সফরসূচিতে যেন কেপ অব গুড হোপ অবশ্যই থাকে। বাংলাদেশ দূতাবাস আমাদের জন্য একটি বড় বাস আগে থেকেই ঠিক করে রেখেছিল। আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কর্নেল মারে। তিনি জোহানেসবার্গ থেকে বিমানে আমাদের সঙ্গে এসেছেন। কথা প্রসঙ্গে জানালেন, তিনি উত্তর অঞ্চলের বাসিন্দা। এর আগে আর কখনো কেপটাউনে আসেননি।নেলসন ম্যান্ডেলার দেশে এসে রোবেন আইল্যান্ড না দেখে ফেরার কোনো অর্থ হয় না। কেপটাউনের উপকূল থেকে ১২ কিলোমিটার দূরে ছোট দ্বীপ রোবেন আইল্যান্ডকে জাতিসংঘ ইতিমধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। এই দ্বীপের কারাগারে একটি ছোট্ট প্রকোষ্টে ম্যান্ডেলা তাঁর ২৭ বছরের দীর্ঘ কারা জীবনের ২৫টি বছর পার করেছেন। মাকানা নামের একটি দ্রুতগামী ফেরিতে রোবেন আইল্যান্ডের উদ্দেশে আমরা রওনা দিই। বাতাসের কারণে সাগর ছিল উত্তাল। ফেরি বিপজ্জনকভাবে দুলছিল। রাষ্ট্রীয় অতিথি হওয়ার কারণে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি। দেশ-বিদেশের পর্যটকেরা লাইন ধরে টিকিট কেটে রোবেন আইল্যান্ড দর্শনে যায়। ঠাট্টা করে আমাদের একজন বললেন, মাকানা জাহাজে মাগনা ভ্রমণ।১৬৫২ সালে কেপটাউনে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জান ফন রাইবেক। পাঁচ বছর পর তিনি রোবেন আইল্যান্ডে অপরাধীদের নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেন এবং দ্বীপের সাদা পাথর উত্তোলনের কাজে লাগান। ১৮৫৫ সাল থেকে এই দ্বীপে কুষ্ঠ রোগীদের পাঠানো শুরু হয়। দ্বীপে কুষ্ঠ রোগীদের একটি বিরাট কবরস্থানও আছে। নির্বাসিত কুষ্ঠ রোগীদের শেষ পরিণতি কবরের অন্ধকার কুঠুরিতে। ১৯৩১ সালে লিগ অব নেশনস কুষ্ঠ রোগীদের সমাজ থেকে বিছিন্ন অবস্থায় রাখা যাবে না, অর্থাৎ নির্বাসনে পাঠানো যাবে না মর্মে ঐতিহাসিক ঘোষণা দিলে রোবেন দ্বীপের কুষ্ঠ রোগীদের আশ্রমটি বন্ধ হয়ে যায়। কিন্তু অতীতের সাক্ষী হিসেবে কুষ্ঠ রোগীদের হাসপাতাল, কবর ইত্যাদি রয়ে গেছে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জামার্নির আগ্রাসন প্রতিরোধের জন্য এই দ্বীপে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়। দ্বীপটি ঘুরে দেখার সময় বিশাল আকৃতির কয়েকটি দূরপাল্লার কামান চোখে পড়ে। তবে গাইড জানালেন, কামানগুলো পুরোপুরি স্থাপনের আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। তাই এই কামান থেকে আর কোনো গোলা ছোড়া হয়নি।১৯৫৯ সালে বর্ণবাদী সরকার রাজনৈতিক বন্দীদের জন্য এখানে তৈরি করে নিঃশ্ছিদ্র নিরাপত্তাসহ কঠোর বন্দিশালা। ১৯৬১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিন হাজারের বেশি রাজনৈতিক বন্দী এখানে দুর্বিষহ জেলজীবন কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ছিলেন তাঁদেরই একজন। সে কারণেই বিশ্ববিবেকের দৃষ্টি এই দ্বীপে আকৃষ্ট হয় এবং বিশ্ব জনমতের দাবির মুখে বর্ণবাদী সরকার বাধ্য হয় তাঁকে মুক্তি দিতে। ম্যান্ডেলা তাঁর অসাধারণ আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এ তাঁর বন্দীজীবনের নিখুঁত বর্ণনা দিয়েছেন। বইটি সম্পর্কে বলা হয়েছে, এভরি ম্যান অ্যালাইভ মাস্ট রিড। সাবেক রাজবন্দীরা রোবেন আইল্যান্ডে গাইড হিসেবে কাজ করছেন। আমাদের গাইডের নাম মডিসে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কর্মী হওয়ার অপরাধে তিনি এই দ্বীপে পাঁচ বছর জেল খেটেছেন। মডিসে পর্যটকদের কারাগারের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং ওই সময়ের নিগৃহীত বন্দীজীবনের মর্মস্পর্শী বর্ণনা দেন। নিজে কাঁদেন, শ্রোতাদেরও অশ্রুসিক্ত করেন। মডিসের মতো আরও অনেক রাজবন্দী এখানে গাইডের কাজে নিযুক্ত আছেন। রাতে কেপ সুইট হোটেলের বারে বসে বারমেডের সঙ্গে কথা বলছিলাম। বারে আমি আর এবাদত। অন্যরা সারা দিনের ভ্রমণ-ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কথায় কথায় জানলাম, কেপটাউনের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে কেপ পয়েন্ট এবং কেপ অব গুড হোপ। সেপ্টেম্বর মাস হলেও কেপ এলাকায় ঠান্ডার কারণে গরম জামাকাপড়ে নেওয়ার কথা বলল বারমেড। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ আফ্রিকার শীত-গ্রীষ্মকাল আমাদের বিপরীত।কেপটাউন থেকে কেপ অব গুড হোপ যাওয়ার রাস্তার এক পাশে সমুদ্র অন্য পাশে পাহাড়। পর্তুগিজ অভিযাত্রী বার্থোলোমিউ ডিয়াজ ১৪৮৮ সালে প্রথম কেপ এলাকায় পৌঁছেন এবং অন্তরীপটির নাম দেন ‘কেপ অব স্টর্মস’। পরবর্তী সময় পর্তুগালের দ্বিতীয় জন নামটি পরিবর্তন করে কেপ অব গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ নামকরণ করেন। ভারত ও দূরপ্রাচ্যে যাওয়ার নতুন আবিষ্কৃত সমুদ্রপথটি ইউরোপীয়দের মনে বিপুল আশার সঞ্চার করেছিল, যার প্রতিফলন ঘটেছে অন্তরীপটির নামকরণে। কেপ পয়েন্ট ও কেপ অব গুড হোপ ন্যাশনাল পার্ক বিভিন্ন ধরনের পশু-পাখির অভয়ারণ্য। চলার পথে ছোট ছোট বেবুন ও অস্ট্রিচ চোখে পড়ে। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অস্ট্রিচ পাখির জন্য অনেক সময় গাড়ি থামিয়ে দিতে হয়। এখানে কোনো জনবসতি নেই। নেই কোনো দোকানপাট। প্রকৃতিকে তার স্বাভাবিক মহিমায় ধরে রাখা হয়েছে। বাস থেকে নেমে আমরা ছবি তুললাম। বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছিল। ‘কেপ অব গুড হোপ: দ্য মোস্ট সাউথ-ওয়েস্টার্ন পয়েন্ট অব দ্য আফ্রিকান কন্টিনেন্ট’ লেখা কাঠের ফলকের পেছনে দাঁড়িয়ে ছবি তুললাম। সঙ্গে ভিনদেশি অনেক নারী-পুরুষ পর্যটক। মনে পড়ল আরেকটি ঘটনা। ১৯৯৫ সালে আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত কি ওয়েস্টে এ ধরনের একটি ফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। কেপ অব গুড হোপের সঙ্গে দ্য ফ্লাইং ডাচম্যানের কিংবদন্তি জড়িয়ে আছে। ১৬৪১ সাল থেকে গল্পটির চল। ক্যাপ্টেন গুন দার দেকেনের অভিশপ্ত জাহাজটি এখনো নাকি এই অন্তরীপে ঘুরে বেড়াচ্ছে দ্য ফ্লাইং ডাচম্যান, এ শিপ দ্যাট ওয়াজ ডুমড টু সেইল অ্যারাউন্ড দ্য কেপ অব গুড হোপ ইন সাউথ আফ্রিকা ফরএভার।কেপ অব গুড হোপ থেকে আমরা কেপ পয়েন্টে গেলাম। এখানে উঁচু পাহাড়ের চূড়ায় একটি বাতিঘর আছে। হেঁটে কিংবা ট্রলি কারে করে ওপরে ওঠা যায়। নিচে কয়েকটি স্যুভেনির দোকন ও রেস্তোরাঁ। সামান্য কিছু কেনাকাটা করে আমরা অন্য একটি পথে কেপটাউনের উদ্দেশে রওনা দিলাম। মাঝখানে টিকিট কেটে একটি পেঙ্গুইন পার্কও দেখা হলো। এরই মধ্যে সরকারি কাজে আরও অনেক দেশ ঘোরা হয়েছে, দেখা হয়েছে অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক স্থান, কিন্তু সবকিছু ছাপিয়ে উত্তমাশা অন্তরীপ ভ্রমণের স্মৃতি অমলিন হয়ে আছে।