উত্তর কোরিয়ার 'নিজেদের সময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী পিয়ংইয়ংয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়ার আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন রিউগিউং হোটেল।
রাজধানী পিয়ংইয়ংয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়ার আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন রিউগিউং হোটেল।

সময় পাল্টায়। গত এক শ বছরে কোরিয়া উপদ্বীপেও আক্ষরিক অর্থেই একাধিকবার সময় পাল্টেছে। এই সময়ে কোরিয়া জাপানি সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হয়েছে। কোরিয়া দুই ভাগ হয়েছে এবং স্বাধীন হয়েছে। কিন্তু এক শ বছরের বেশি পার হলেও উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এখনো চলছে জাপানি মান সময়। তবে, উত্তর কোরিয়া এখন শত বছর আগের অবস্থায় নিজেদের মান সময়ে ফিরতে যাচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়ার ঘড়ি এখনকার চেয়ে আধা ঘণ্টা পিছিয়ে যাবে।

১৯১০ সালে পুরোপুরিই জাপানি সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হয় কোরিয়া। জাপানের সম্রাটের নির্দেশে কোরিয়ার মান সময় পাল্টে জাপানের মান সময়ের সঙ্গে মেলানো হয়। এর আগ পর্যন্ত কোরিয়ার মান সময় ছিল গ্রিনিচ মান সময়ের চেয়ে ৮ ঘণ্টা ৩০ মিনিট এগোনো (জিএমটি+৮:৩০)। আর জাপানের মান সময় গ্রিনিচ মান সময়ের চেয়ে ৯ ঘণ্টা এগোনো (জিএমটি+৯:০০)। ফলে ঔপনিবেশিক কোরিয়ার মান সময় আধা ঘণ্টা পিছিয়ে জাপানের মতোই হয়ে গেল জিএমটি+৯:০০ ঘণ্টা।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া জাপানি উপনিবেশ থেকে মুক্ত হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে দুই ভাগ হয়ে যায় কোরিয়া। সমাজতান্ত্রিক ভাবাদর্শে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া এবং পুঁজিবাদী ভাবাদর্শে যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ কোরিয়া আলাদা রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে।
জাপানি সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়াকে উদ্‌যাপন করতে ১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়া নিজেদের উপনিবেশ পূর্ব মান সময়ে ফিরে এসেছিল। কিন্তু ১৯৬১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পার্ক চুং-হি দক্ষিণ কোরিয়ার শাসনক্ষমতায় আসার পর দক্ষিণ কোরিয়াকে পুনরায় জাপানি মান সময়ে ফিরিয়ে নিয়ে যান। সামরিক শাসক পার্কের ভাবনা ছিল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুই প্রধান মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ায় একই মান সময় চালু থাকলে নানা কর্মকাণ্ডে সমন্বয় করার সুবিধা। অর্থাৎ মূলত রাজনৈতিক কারণেই দক্ষিণ কোরিয়া জাপানের মান সময়ে ফিরে গিয়েছিল।
আর এখনো মূলত রাজনৈতিক কারণেই উত্তর কোরিয়া নিজেদের উপনিবেশ পূর্ব মান সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় বদল যে জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের রাজনৈতিক টানাপোড়েনের ফল তা দেশটির কর্মকর্তাদের কথাবার্তাতেও স্পষ্ট। অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁরা কেবল ‘নীতিহীন’ জাপানি সাম্রাজ্যের কথাই বলেছে।
উত্তর কোরিয়ার ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের মান সময় বদলের এই ঘোষণা দেওয়া হয়েছে। মান সময় বদলের সিদ্ধান্ত বুধবার পার্লামেন্টে পাশের পর দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ১৫ আগস্ট, ২০১৫ উত্তর কোরিয়ার ৭০ তম স্বাধীনতা দিবস থেকেই নিজেদের সত্যিকার মান সময়ে ফিরে যাবে দেশটি।
বিশ্লেষকেরা বলছেন, সাবেক ঔপনিবেশিক শাসক জাপানের চেয়ে নিজেদের আলাদা করার মধ্য দিয়ে উত্তর কোরিয়া নিজেদেরই ‘সত্যিকার কোরিয়া’ হিসেবে প্রমাণ করতে চায়। তারা দেখাতে চায় যে, দক্ষিণ কোরিয়া ‘দূষিত’ হয়ে গেছে এবং কার্যত এখনো বিদেশিদের প্রভাবের অধীনেই রয়েছে।
(এএফপি অবলম্বনে)