উত্তর কোরিয়াকে নিয়ে ‘মুশকিলে’ চীন
সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানে অনুষ্ঠিত বিওএও অর্থনৈতিক ফোরামের বৈঠকে বেশ খোশমেজাজে দেখা যায় চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিংকে। দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রে প্রেসিডেন্টের গোটা বারো ছবিও ছাপা হয়েছে, যাতে দেখা যাচ্ছে তিনি অস্ট্রেলিয়া, কম্বোডিয়া এমনকি আলজেরিয়া থেকে আসা নেতাদের সঙ্গে খুব খুশিমনে হাত মেলাচ্ছেন। অথচ ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়া পেয়েছে ঠিক উল্টো ইঙ্গিত। ফোরামের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট শি সতর্ক করে দিয়ে বলেন, ‘শুধু স্বার্থগত লাভের জন্য কোনো একটি বিশেষ অঞ্চল বা পুরো বিশ্বকে গোলযোগের মধ্যে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না কাউকে।’চীনা প্রেসিডেন্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও সবাই ধরেই নিয়েছেন যে তিনি পিয়ংইয়ংকে লক্ষ্য করেই ওই মন্তব্য করেছেন।কয়েক দশক আগে চীন ও উত্তর কোরিয়া তাদের ঐতিহাসিক ও আদর্শিক বন্ধনের ওপর ভিত্তি করে গভীর মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিল। কিন্তু এই সম্পর্ক এখন একটি কালো অধ্যায়ে প্রবেশ করেছে। তাদের এখনকার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রবিষয়ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সু হাও। তিনি বলেন, ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। তাদের সম্পর্ক এখন তুলনামূলকভাবে শীতল। অনেকে মনে করেন, গত বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের ফাটল আর জোড়া লাগেনি। বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসে তরুণ কিম জং উন চীনা নেতাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে ব্যর্থ হন। বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না’স ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের উপপরিচালক চেং জিয়াওহে বলেন, ‘দাদা ও বাবার তুলনায় এই তরুণ নেতার সঙ্গে চীনের ব্যক্তিগত সম্পর্ক ন্যূনতম। ক্ষমতায় এসে তিনি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতি কঠোর মনোভাব দেখিয়েছেন। চীনের ক্ষেত্রেও একই আচরণ করেছেন তিনি।’ এখন চীনের কিছু শিক্ষাবিদ ও সাংবাদিক উত্তর কোরিয়ার প্রতি তাঁদের দেশের নীতি নিয়ে নেতাদের খোলাখুলিভাবেই নতুন করে ভাবার তাগিদ দিচ্ছেন। গত ফেব্রুয়ারিতে চীনের পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস ‘চীনের উচিত উত্তর কোরিয়াকে পরিত্যাগ করা’ শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করে। নিবন্ধটির লেখক পত্রিকার সম্পাদক দেং ইউওয়েন যুক্তি দেন বেইজিংয়ের উচিত কোরিয়ার পুনরেকত্রীকরণ উদ্যোগে উৎসাহ দেওয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্য পরে তাঁকে বরখাস্ত করা হয়। তবে বেশ কয়েকটি কারণে চীনের সরকারি কর্মকর্তারা চান উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত রাখতে। এর কারণ সহজবোধ্য। তাঁরা মনে করেন, কিম জং উনের পতন ঘটলে উত্তর কোরিয়ার লাখ লাখ শরণার্থী সীমান্ত পার হয়ে চীনে চলে আসবে। তা ছাড়া দুই কোরিয়া এক হলেও চীনের জন্য ভালো হবে না। মনে করা হয় ঐক্যবদ্ধ কোরিয়া ওয়াশিংটনের মিত্র হবে। সে ক্ষেত্রে চীনের ঘাড়ের ওপর থাকবে যুক্তরাষ্ট্রের এক মিত্র। দেশটির জন্য তা মোটেই স্বস্তিদায়ক হবে না।তবে শিক্ষাবিদ চেং জিয়াওহে মনে করেন, এই আশঙ্কা একেবারেই সেকেলে। কয়েক দশক আগে হয়তো যার অর্থ ছিল। চেং বলেন, চীন এখন সামরিক ও অর্থনৈতিক দিক থেকে একটি সমীহ জাগানো দেশ হলেও তার রয়েছে নিজস্ব অনেক সমস্যা। পিয়ংইয়ংয়ের সঙ্গে সমস্যা বাড়ানোটা হবে অনভিপ্রেত। চীনা কূটনীতিকেরা জোরদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার মাত্রা কমানো এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার কথা বলে পিয়ংইয়ংকে পথে রাখার চেষ্টা করছেন। যদি এসব চেষ্টা ব্যর্থ হয়, তাহলে হয়তো অতীতের মতো জ্বালানি সাহায্য কমিয়ে দিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিওএও ফোরামের উদ্বোধনী ভাষণে বলেন, ‘শান্তি হচ্ছে বাতাস ও সূর্যালোকের মতো। মানুষ যখন এর থেকে সুবিধা পায়, তখন তা লক্ষই করে না। কিন্তু আমরা কেউই এগুলো ছাড়া বাঁচতে পারব না।’শি জিনপিংয়ের এই ‘জ্ঞানের কথা’ উত্তর কোরিয়ার আচরণ বদলাতে সাহায্য করবে কি না, তা সময়ই বলে দেবে। রঞ্জনা হুদা