উত্তর কোরিয়ার নেপথ্যের নেতা
পরমাণু কর্মসূচি আর পশ্চিমাবিরোধী বাগাড়ম্বরকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে উত্তর কোরিয়া সব সময়ই আলোচিত। দেশটির বিপর্যস্ত অর্থনীতি ও মানবাধিকার পরিস্থিতি এবং অন্য নানা দুর্দশাও পাশ্চাত্য প্রচারমাধ্যমের নিয়মিত উপস্থাপনার অংশ। তবে গত ২৮ সেপ্টেম্বর ভিন্ন দুটি ঘটনায় দেশটিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ছিল বিশেষ রকম সরগরম। এ দিন দেশটির সামরিক বাহিনীর ‘চার তারকা জেনারেল’ হিসেবে এক অনভিজ্ঞ যুবকের নিয়োগ এবং এর কয়েক ঘণ্টা পরই ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার জাতীয় সম্মেলন ছিল সংবাদ শিরোনামের মূল প্রতিপাদ্য। সাদা চোখে ভিন্ন মনে হলেও বিশেষজ্ঞরা ঘটনা দুটিকে বলছেন ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’।বিশ্লেষকদের ও রকম মনে করার কারণ, যিনি জেনারেল হলেন, তিনি আর কেউ নন, ২৭ বছর বয়সী কিম জং উন। উত্তর কোরীয় নেতা ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং ইলের তিন ছেলের মধ্যে সবার ছোট কিম জং উন। পর্যবেক্ষকদের ধারণা, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ৭০ বছর বয়সী কিম জং ইল তাঁর রাজনৈতিক উত্তরসূরি নির্বাচনের জন্যই ছোট ছেলেকে সামরিক বাহিনীর এমন একটি শক্তিশালী পদে নিয়োগ দিয়েছেন। এ উপলক্ষেই ৩০ বছর পর ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার জাতীয় সম্মেলন আয়োজন করেন তিনি।১৯৮০ সালে দলের সর্বশেষ সম্মেলনে কিম জং ইলকে ‘প্রিয় নেতা’ হিসেবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর বাবা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুং। এবারকার সম্মেলনে কিম জং ইল তাঁর ‘জেনারেল’ ছেলের ব্যাপারে তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে করা হচ্ছে, কিম উনই হবেন পরমাণু শক্তিধর সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা।১৯৮৪ সালে জন্ম নেওয়া কিম জং উন টগবগে যুবক। সুইজারল্যান্ডে লেখাপড়ার কারণে বহির্বিশ্ব সম্পর্কে তাঁর জানাশোনাও বেশ ভালো। তাই পরমাণু সমৃদ্ধকরণসহ বিভিন্ন কারণে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ ভাবমূর্তির দেশটির দায়িত্বে এলে কিম উন নীতিনির্ধারণে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আনবেন—অনেকের এমন প্রত্যাশাও দৃশ্যত অযৌক্তিক নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা এমন প্রত্যাশাকে দেখছেন আলেয়াকে আলো মনে করার মতোই। তাঁদের ধারণা, কিম উনকে দেশ পরিচালনার আসনে বসানো হলেও তাঁকে আসলে ‘শোপিস’ বা কাঠের পুতুল করেই রাখা হবে। আর পেছন থেকে ক্ষমতার কলকাঠি নাড়বেন আরেকজন। বিশ্লেষকদের জোর বিশ্বাস, কিম উনকে সামনে রেখে নেপথ্যে থেকে ছড়ি ঘোরাতে যাওয়া ব্যক্তিটি হবেন কিম জং ইলের ভগ্নিপতি ৬৪ বছর বয়সী জ্যাং সং তায়েক।কিম উনকে জেনারেল করা হলেও এখনই চালকের আসনে না বসানোর কারণ মূলত তাঁর অনভিজ্ঞতা। জেনারেল হওয়ার দিন ২৮ সেপ্টেম্বরই রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রথম জনসমক্ষে উপস্থিত হন তিনি।১৯৭২ সালে কিম ইলের বড় বোন কলেজের বান্ধবী কিম কিয়ং হুইকে বিয়ে করে ওই পরিবারে প্রবেশ জ্যাং সং তায়েকের। এর পর থেকেই শুরু হলো তাঁর আকাশ ছোঁয়ার পর্ব। পারিবারিক, ব্যক্তিক, রাজনৈতিক—সব দিক দিয়ে গত কয়েক বছরে জ্যাং হয়ে উঠেছেন কিম ইলের অত্যন্ত প্রিয়ভাজন। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিম ইলের ৭৭টি সফরের ৪৪টিতেই সঙ্গী ছিলেন তিনি।উত্তর কোরিয়ার দলত্যাগী নেতা এবং ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর নর্থ কোরিয়ান স্টাডিজের প্রধান অ্যান চান ইল তাঁদের ‘দোস্তালির’ ব্যাখ্যা দিলেন এভাবে: কিম ইলের যে তিনজন একান্ত বিশ্বস্ত ব্যক্তি তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, জ্যাং তায়েক তাঁদের একজন। অন্য দুজন হচ্ছেন, ছেলে কিম জং উন এবং বড় বোন কিম কিয়ং হুই।দেশের সামরিক খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ন্যাশনাল ডিফেন্স কমিশন’-এর (এনডিসি) ভাইস প্রেসিডেন্টের পদটি গত জুন মাস থেকে জ্যাংয়ের অধিকারে। শীর্ষ নেতার প্রিয়পাত্র বলেই কয়েকজন প্রভাবশালী জেনারেলের আপত্তিও জ্যাংয়ের এনডিসির ভাইস প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে পারেনি। গোপন পুলিশের দায়িত্বও তাঁর। সব দিকের বিবেচনায় কিম ইলের পরই দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর অবস্থান সুদৃঢ়।সাম্প্রতিক নেপথ্যের নায়ক এই জ্যাং তায়েককে নিয়ে পশ্চিমা বিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। জ্যাংয়ের হাতে সর্বময় কর্তৃত্ব ন্যস্ত হওয়ার বিষয়টি তাদের জন্য মোটেই স্বস্তিকর নয়। কারণ, পশ্চিমা বিশ্ব জ্যাংকে কিম ইলের ‘ধ্বংসাত্মক’ রাজনীতির সুযোগ্য শিষ্য বলেই বিবেচনা করে। পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, কিম ইলের সাংঘর্ষিক রাজনীতি, নিপীড়ন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার নীতিই বহাল রাখবেন তিনি। এমন বিশ্বাসের ভিত্তি, ২০০৮ সালে কিম জং ইলের স্ট্রোকের পর জ্যাংই দেশের দৈনন্দিন নীতিনির্ধারণের দায়িত্ব পালন করেছিলেন বলে প্রচলিত ধারণা। তা ছাড়া গত কয়েক বছরে উত্তর কোরিয়ার পশ্চিমাবিরোধী প্রচারণা, মার্চে দক্ষিণ কোরিয়ার জাহাজে টর্পেডো হামলাসহ কিছু আক্রমণাত্মক কার্যক্রমের মূল নায়ক হিসেবে জ্যাংকেই সন্দেহ করছেন পশ্চিমা কূটনীতিকেরা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দূরপ্রাচ্য-বিষয়ক বিশ্লেষক হেলেন লুইস হান্টারের ভাষ্য অনুযায়ী, জ্যাং গত শতকের সত্তর ও আশির দশকে রাষ্ট্র অনুমোদিত মাফিয়া চক্রের স্থপতি ছিলেন।উত্তর কোরীয় রাজনীতিতে জ্যাংয়ের টিকে থাকার দক্ষতা নিয়েও সন্দেহের অবকাশ কম। ২০০৪ সালের শুরুতে একবার তিনি শীর্ষ নেতার বিরাগভাজন হন। কেউ বলেন, অতিরিক্ত বিলাস-ব্যসন, আবার কেউ বলেন, প্রভাবে খোদ কিম ইল জংকে ছাপিয়ে যাওয়ার আশঙ্কাই ছিল এর কারণ। প্রকৃত ঘটনা যা-ই হোক, বছর দেড়েক পর দলে মাঝারি পর্যায়ের এক পদ নিয়ে ফিরে আসেন তিনি।কিম জং ইলের হয়তো ধারণা, করিৎকর্মা জ্যাংয়ের হাতে বংশানুক্রমিক রাজনীতির ‘সবক’ পেয়ে কিম উন দলের যোগ্য নেতা হিসেবে গড়ে উঠবেন। পশ্চিমা পর্যবেক্ষকেরাও মনে করছেন, কিম উন আপাতত কাঠের পুতুল হয়ে থাকলেও ক্রমে পরিণত হবেন বাবার যোগ্য উত্তরসূরিতে। তাই কিম জং উনের কাছ থেকে পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তাঁরা।