উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি
গত কয়েক দশক ধরে চলছে উত্তর কোরিয়ার এই সমরাস্ত্র সমৃদ্ধ করার কর্মসূচি। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে পরমাণু কর্মসূচি। গত শতকের ষাটের দশকে কৌশলগত গোলা নিক্ষেপে সক্ষম রকেট তৈরির মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু হয়। সত্তরের দশক পর্যন্ত তা চলে। আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে চলে স্বল্প থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি। ধারণা করা হয়, এসব ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার গবেষণা চলছে এখন। স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্যমতে, উত্তর কোরিয়ার কিছু ক্ষেপণাস্ত্র এরই মধ্যে পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনের ক্ষমতা অর্জন করেছে। দেশটির ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচি চলছে মূলত রাশিয়ার স্কাড ক্ষেপণাস্ত্রের সূত্র ধরে। উত্তর কোরিয়া ১৯৬৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে প্রথম কৌশলগত ক্ষেপণাস্ত্র লাভ করে। তবে বিভিন্ন সূত্রের তথ্যমতে, প্রথমবারের মতো স্কাড ক্ষেপণাস্ত্র বাগায় ১৯৭৬ সালে, মিসরের মাধ্যমে।